স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক সপ্তাহের উত্তেজনার পর স্বাভাবিক হয়ে আসছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পরিস্থিতি। ১৪ ডিসেম্বর উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামের বাঙালি মোটরসাইকেল চালক আবদুস সাত্তারের মৃতদেহ উদ্ধারের পর আদিবাসী-বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আদিবাসীরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন থেকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে। ২০ ডিসেম্বর থেকে আদিবাসী লোকজন আগের মতো উপজেলা সদরে যাওয়া-আসা করছে। বাঙালিরাও যাওয়া শুরু করেছে আদিবাসীদের এলাকায়। উপজেলা প্রশাসন ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় শান্তি শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী আদিবাসী। গত সপ্তাহে বাঙালি মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি খারাপ হয়ে উঠে। এতে নিরাপত্তার অভাবে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে আসা বন্ধ করে দিলে উপজেলা পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। এদিকে গত মঙ্গলবার থেকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচলও শুরু হয়েছে বলে জানান লাইনম্যান জগৎ দাশ। ঘটনার পর থেকে ওই সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তবে উপজেলা সদরের মসজিদ মার্কেট ও চৌমুহনী মার্কেট আদিবাসীরা গতকাল পর্যন্ত বর্জন অব্যাহত রাখে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৯ ডিসেম্বর আদিবাসীপাড়া তুলাবান গ্রামে উপজেলা প্রশাসন ও বিজিবি শান্তি ও সম্প্রীতি সভা করেছে। এর আগে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিজিবির মারিশ্যা জোনের উদ্যোগে জোন কার্যালয়ে আদিবাসী-বাঙালিদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। পুরোদমে স্বাভাবিক করার লক্ষ্যে আদিবাসী-বাঙালিদের পাড়ায় গিয়ে পথসভা ও মতবিনিময় সভা করা হচ্ছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’