স্বামী কাজ করেন না তাই বিচ্ছেদ চাইলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর সংসার গড়ে তোলার আকাঙ্ক্ষা কার নেই? বিয়ের আগে একজন তরুণ বা তরুণী স্বপ্নের জাল বোনেন। এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়ার প্রাণান্ত চেষ্টা চলে। তবে বিয়ের পর যেকোনো একজন দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হলে ওই সংসারে চিড় ধরে। আবিদুর রহমান ও শম্পা ইসলাম (দুজনের ছদ্মনাম) তেমন স্বপ্ন নিয়েই সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সংসার টেকেনি। স্ত্রী শম্পা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। শম্পার অভিযোগ, স্বামী আবিদের আয়-রোজগার নেই। আবিদ সচ্ছল পরিবারের সন্তান হলেও স্ত্রীর আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। নিজের আয়ের পুরোটাই দিয়ে দিতেন স্বামীকে। কিন্তু স্বামী তাঁকে হাতখরচের টাকাও দিতেন না। দুই পক্ষের উপস্থিতিতে সালিসি বৈঠকের সভাপতি ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সম্প্রতি তাঁদের বিচ্ছেদ ঘটান। রায়ের চুম্বক অংশ তুলে ধরা হলো। সালিসি বৈঠকে দ্বিতীয় পক্ষের আবিদুর রহমান বলেন, ‘সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমি আমার সংসার ফিরে পেতে চাই। আমাদের একটি ছেলে আছে।’ জবাবে প্রথম পক্ষের শম্পা ইসলাম বলেন, ‘আমি এত দিন অনেক কষ্ট সহ্য করেছি। আমি আর পারছি না।’ এ সময় শম্পার বৃদ্ধ বাবাও বলেন, ‘আমরাও অনেক চেষ্টা করেছি। এ সম্পর্ক আর জোড়া লাগবে না।’ একটা দীর্ঘশ্বাস তাঁর বুক চিরে বের হয়ে আসে। আবিদের ছোট ভাই বলেন, ‘আমি ছেলের ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসলে বিচ্ছেদের মতো সিদ্বান্ত নেওয়ার কিছু ঘটেনি।’ এর জবাবে শম্পা বলেন, ‘আমি নিজে চাকরি করছি। আমাকে হাত খরচের পয়সা পর্যন্ত দিত না। তাঁদের গাড়ি-বাড়ির কোনো কিছুর কমতি নেই। তবে আমার স্বামী কোনো কাজই করতেন না। উল্টো আমার চাকরির টাকা থেকে ভাগ বসাতেন।’ দ্বিতীয় পক্ষের আবিদ তখন তাঁর শিশু সন্তানের দিকে তাকিয়ে বলেন, ‘ওর দিকে চেয়ে হলেও ফিরে চল।’ শম্পা এর জবাবে সালিসি পরিষদকে উদ্দেশ্য করে বলেন, ‘গত ধার্য তারিখে আমি মনস্থির করেছিলাম তালাক কার্যক্রম ছয় মাস স্থগিত রাখার আবেদন করব। পরে ভেবেছি, তাঁদের মধ্যে আচরণগত কোনো পরিবর্তন আসবে না।’ শিশুটির চাচা বলেন, ‘যদি তালাক হয়েই যায়, তবে আমাদের ছেলেকে প্রতি সপ্তাহে দেখার একটা ব্যবস্থা করলে ভালো হয়।’ শম্পা তখন বলেন, ‘তাহলে আমার বকেয়া মোহরানা পরিশোধেরও ব্যবস্থা করতে হবে।’ শিশুটির চাচা বলেন, ‘আমরা অবশ্যই দেনমোহর পরিশোধ করব। প্রতিমাসে ৩০০ টাকার কিস্তি করে দিলে আমাদের জন্য ভালো হয়।’ এই প্রস্তাবে শম্পা বলেন, ‘স্যার, দেখুন, তাঁদের মানসিকতা। আমার এত টাকা মোহরানা এভাবে পরিশোধ করতে চায়। আমাকে হেনস্থা করার আরেক চেষ্টা। এবার বুঝুন স্যার, আমি কীভাবে এদের সঙ্গে সংসার করব!’ তখন আবিদ যুক্তি প্রদর্শন করে বলেন, ‘স্যার, ওর তালাক নোটিশে আমাকে কর্মবিমুখ বলে উল্লেখ করেছে। আমি কাজ করি না, তাই তার দেনমোহরের টাকাও এভাবেই পরিশোধ করতে হবে।’শম্পা কিছুক্ষণ পর বলেন, ‘আমি ব্যাংকে চাকরি করি। নিজের খরচ নিজেই চালাতে সক্ষম। আমার ছেলে আমার কাছেই থাকবে।’ উভয়পক্ষ সম্মতি দিলে বহু পারিবারিক বিরোধ সালিসি পরিষদে মিটমাট হয়ে যায়। ফলে উভয়পক্ষের মধ্যে তিক্ততা এবং মামলা মোকাদ্দমা এড়ানো যায়। কিন্তু এই তালাক কার্যক্রমের কোনো পক্ষকে সে রকম ইতিবাচক মনোভাবসম্পন্ন মনে হয়নি। কাজেই উভয়পক্ষ প্রয়োজন মনে করলে নিজ নিজ দাবি আদায়ে সংশ্লিষ্ট বিষয়ের এখতিয়ারসম্পন্ন আদালতের শরণাপন্ন হতে পারেন। নথি পর্যালোচনায় দেখা যায়, ইতিমধ্যে বিধিবদ্ধ সময় অতিক্রান্ত হয়েছে। বিধিবদ্ধ ৯০ দিনের মধ্যে সালিসি পরিষদ শুধু আপসের চেষ্টা করতে পারে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে তালাক কার্যকর হয়ে পড়ে। এটাই আইনের বিধান। এ ক্ষেত্রে সালিসি পরিষদের কিছুই করার নেই। সার্বিক বিবেচনায় সালিসি পরিষদের রীতি অনুসারে ‘দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, ১৯৬১’-এর ৭(৩) ধারায় আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হলো।