স্বামী-স্ত্রী ও দেবর-ভাবির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীতে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নারী প্রার্থী। একজন স্বামীর সঙ্গে, অন্যজন দেবরের সঙ্গে লড়বেন। দুজন দুই ইউনিয়নের প্রার্থী হলেও একদিকে মিল রয়েছে তাঁদের। দুজনের স্বামীই উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষের সভাপতি।এ দুজন নারী প্রার্থী হলেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খুরশিদা বেগম ও আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শামীম আরা সিদ্দিকা। দুটি ইউনিয়নেই নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থীরা। প্রশাসনের বিশেষ নজরদারিতে থাকবে ইউনিয়ন দুটি। খুরশিদা বেগম শ্রীপুর-খরণদ্বীপ ইউপি নির্বাচনে স্বামীর সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর স্বামী আজিজুল হক উপজেলা বিএনপির একাংশের (সাকা চৌধুরী) সভাপতি। তিনি ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। স্বামীর সঙ্গে গতবারও (২০০৩ সালে) তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিন ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন বলে জানা গেছে। এবার দ্বিতীয়বারের মতো স্বামীর সঙ্গে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামীর প্রতীক দোয়াত-কলম। এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক বলেন, এটা গণতান্ত্রিক ও স্বাধীন দেশ। স্ত্রীর স্বাধীনতা রয়েছে। তিনি নিজের ইচ্ছায় প্রার্থী হয়েছেন। গেলবারও আমার সঙ্গে লড়েছেন। আরেক নারী প্রার্থী আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শামীম আরা সিদ্দিকা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন দেবরের সঙ্গে। দেবর হামিদুল হকের প্রতীক গরুর গাড়ি। স্বামী নজরুল ইসলাম ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। নজরুল ইসলাম উপজেলা বিএনপির একাংশের (মোর্শেদ খান অনুসারী) সভাপতি ছিলেন। তবে তিনি ২০১০ সালের ৮ নভেম্বর ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ ছিল, এলাকায় নির্বাচনসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে তাঁকে অপহরণ করা হয়েছে। এ অভিযোগে গেল বছরের ১৪ নভেম্বর ঢাকার জয়দেবপুর থানায় মামলা (নম্বর ৬৬) দায়ের করেছেন নজরুল ইসলামের ছোট ভাই হামিদুল হক ওরফে মন্নান। হামিদুল হক বলেন, তাঁর ভাই ১৩ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। এলাকায় চুরি, ডাকাতি নির্মূল করেছেন। বিচার-সালিস নিয়ে জনগণকে ভোগান্তি পোহাতে হয়নি। এলাকাবাসী শান্তিতে দিনযাপন করেছেন। এলাকাবাসীর অনুরোধ ছিল, পরিবার থেকে প্রার্থী হওয়ার। শামীম আরা সিদ্দিকা বলেন, প্রার্থী হয়েছি এলাকাবাসীর চাপে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের স্বার্থে জুলুমবাজদের বিরুদ্ধে অতীতের মতো জনগণ এবারও তাঁদের সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।