স্বামী-স্ত্রীর মধ্যে জিনগত সাজুয্য!

স্বামী আর স্ত্রীর মধ্যে একজনের পছন্দ ভুতুড়ে ছবি, একজনের রোমান্টিক কমেডি। একজন ব্যালে নৃত্যের চেয়ে মার্শাল আর্ট দেখতেই বেশি পছন্দ করেন। একজনের ধ্রুপদি সংগীত পছন্দ হলেও অপরজন ভালোবাসেন পপ মিউজিক। তা হলে স্বামী-স্ত্রীর মধ্যে মিলটা কোথায়? বিজ্ঞানীরা বলছেন, দৃশ্যত এমন অনেক অমিল থাকলেও স্বামী-স্ত্রীর মধ্যে জিন বা বংশগতিগত সাজুয্য থাকার সম্ভাবনা অনেক বেশি। আর নিজেদের অজান্তেই নারী-পুরুষেরা জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই বেছে নেন, যাঁদের মধ্যে এমন জিনগত সাজুয্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য ও অবসর-সংক্রান্ত একটি গবেষণা থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বংশগতিগত সাজুয্য থাকার এই বিস্ময়কর তথ্য বেরিয়ে এসেছে। গবেষকেরা ৮২৫ জোড়া বিবাহিত দম্পতির ‘জেনেটিক ব্লুপ্রিন্ট’ বা জিন-নকশা পর্যালোচনা করে এ সিদ্ধান্তে এসেছেন। এতে দেখা গেছে, অন্যান্য নারী-পুরুষের তুলনায় বর-বউ হিসেবে জুটি বাঁধা নারী-পুরুষের মধ্যে বিস্ময়কর রকমের জিনগত সাজুয্য রয়েছে।
যুক্তরাষ্ট্রে একই ধরনের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নারী-পুরুষকে বিয়ে করার বহুল-প্রতিষ্ঠিত প্রথার সঙ্গে এই জিনগত মিল থাকা পাত্র-পাত্রীদের মধ্যে বিয়ের বিষয়টিকে তুলনা করেছেন গবেষকেরা। এই গবেষণার জন্য বেছে নেওয়া এক হাজার ৬৫০ জন পাত্র-পাত্রীর কেউই হিস্পানিক বংশধারার নন। অংশগ্রহণকারীরা শ্বেতাঙ্গ এবং ১৯৩০ থেকে ১৯৫০-এর দশকে জন্মগ্রহণকারী।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিহেভিয়েরাল সায়েন্সের গবেষক বেনজামিন ডোমিঙ্গো বলেন, ‘আমরা এমনিতেই খানিকটা জানি যে মানুষ একই ধরনের জিনগত বৈশিষ্ট্যের অধিকারী স্বামী বা স্ত্রী বেছে নিতে চান, কেননা সাধারণভাবেই মানুষ একই জাতি বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যেই প্রেম ও বিয়েতে অভ্যস্ত। এই গবেষণায় আমরা কেবল এই সাধারণ ধারণা থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপক চেষ্টা করেছি।’
‘সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম’ হিসেবে পরিচিত ব্যক্তির একক ডিএনএ ব্লকের মধ্যে তুলনা করে স্বামী-স্ত্রীর মধ্যে জিনগত সাজুয্যের এই ধারণায় পৌঁছান বিজ্ঞানীরা। তাঁরা অংশগ্রহণকারী নারী-পুরুষদের এমন প্রায় ১৭ লাখ ডিএনএ ব্লকের মধ্যে তুলনা করেন। স্বামী বা স্ত্রীর ডিএনএ ব্লকের সঙ্গে দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করে গবেষণায় অংশগ্রহণকারী অন্যান্য নারী বা পুরুষের ডিএনএ ব্লকের তুলনা করেন বিজ্ঞানীরা।
গবেষকেরা বলছেন, বিভিন্ন সংস্কৃতিতেই মানুষজন সাধারণত জাতি-ধর্ম-বর্ণ, আর্থিক ও সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি বিবেচনা করে পাত্র-পাত্রী বাছাই করে থাকেন। এখন এই তালিকায় জিনগত সাজুয্যের বিষয়টিও যুক্ত হতে পারে। তবে, লক্ষ করার মতো বিষয় হলো নিজের অজান্তেই অনেক ক্ষেত্রে এটা হয়ে আসছে।
গবেষক বেনজামিন ডোমিঙ্গো মন্তব্য করেন, মানুষ লম্বা মেয়ের জন্য লম্বা ছেলে বা একই ধরনের শারীরিক গঠনের পাত্র-পাত্রী বাছাই করে থাকেন। কিন্তু এটা নিশ্চিত করে বলা যাবে না যে উচ্চতা বা জিনগত বৈশিষ্ট্য—কোনোটা এই বাছাইয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি আরও বলেন, বিভিন্ন জাতি ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর দম্পতিদের অংশগ্রহণে এমন গবেষণা চালাতে পারলে হয়তো আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসতে পারে।