স্বামীকে বাঁচাতে কারাগারে স্ত্রী
ফেনীর ফুলগাজীতে মাদকবিক্রেতা দুই স্বামীকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে তাঁদের স্ত্রীরাই মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। ওই দুজনকেই ফেনী কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ সোনাপুর (গাবতলা) গ্রামের মাদকবিক্রেতা নুরুল আলম ও শাহ আলমকে খুঁজতে যায় থানা পুলিশ। এ দুই মাদকবিক্রেতার বাড়ি পাশাপাশি। পুলিশকে তাঁদের বাড়ির দিকে আসতে দেখে নুরুল আলম ও শাহ আলম পালিয়ে যায়। এ সময় নুরুল আলমের স্ত্রী রোকসানা আক্তার (২৩) ও শাহ আলমের স্ত্রী নাছিমা আক্তার (৩৫) তাঁদের ঘরে থাকা মাদকদ্রব্যগুলো লুকানোর চেষ্টা করেন। কিন্তু হাতেনাতে ধরা পড়েন পুলিশের হাতে। তাঁদের কাছ থেকে পুলিশ ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ৩০ বোতল ভারতীয় রিকেডেক্স সিরাপ ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করে। এ ঘটনায় ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। গত শুক্রবার এই দুই মহিলাকে ফেনী কারাগারে পাঠানো হয়।