স্বামীকে লুকিয়ে রেখে গৃহকর্ত্রীর বিরুদ্ধে অপহরণ মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার কারণে বছর তিনেক আগে দারোয়ানের চাকরি হারাতে হয় মোস্তফা কামাল ওরফে লুত্ফর রহমান ওরফে মোল্লাকে (৫৫)। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগ, মোল্লাকে অপহরণ করা হয়েছে। তাই নগরের খুলশি থানায় ২০০৭ সালের ১৪ নভেম্বর গৃহকর্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন মোল্লার স্ত্রী খুরশিদা বেগম। অভিযোগ উঠেছে, মোল্লা তিন বছর লুকিয়ে ছিলেন। অপহরণের গল্প বানিয়ে মোল্লার স্ত্রী তিনজনকে তিন বছর ধরে কষ্ট দিয়েছেন। পুলিশ সম্প্রতি মোল্লাকে গ্রেপ্তার করে। আর কথিত অপহরণ মামলারও সমাপ্তি ঘটে। এজাহারে গৃহকর্ত্রী নুরজাহানের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ আনেন মোল্লার স্ত্রী, যা দেখে ফেলায় মোল্লাকে গৃহকর্ত্রী গুম করেন বলে দাবি করা হয়। এ ব্যাপারে গৃহকর্ত্রীসহ তিন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বাদী। এরপর র্যাব ও পুলিশের অভিযানে নানাভাবে হয়রানির শিকার হন গৃহকর্ত্রী ও তাঁর আত্মীয়রা। মোল্লা খুলশির ২ নম্বর সড়কের প্রবাসী আবু মুছার বাড়িতে দারোয়ানের চাকরি করছিলেন। কর্তব্যে অবহেলা ও অসদাচরণের কারণে ২০০৭ সালের শেষের দিকে তাঁকে বিদায় করে দেন গৃহকর্ত্রী নুরজাহান। এরপরই নুরজাহানের বিরুদ্ধে মোল্লাকে গুম করার অভিযোগ এনে মামলা করেন খুরশিদা। মোল্লার মেয়ে শাহীনাও নানা সময়ে র্যাব ও পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর বাবাকে উদ্ধারের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু মোল্লার পরিবারের সদস্যদের আচরণ সন্দেহজনক ছিল বলে পুলিশ জানায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার গান্ধবপুর গুচ্ছগ্রামের বাড়ি থেকে মোল্লাকে গ্রেপ্তার করেন নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মাহবুবুল হক। মাহবুবুল হক এ প্রসঙ্গে বলেন, ‘মাস দুয়েক আগে আমি এই মামলার তদন্তের দায়িত্ব পাই। মামলার নথি যাচাইয়ের পর অপহরণের ব্যাপারে আমার সন্দেহ হয়। কারণ মোল্লার যা অবস্থান তাতে তাকে অপহরণের যুক্তিসংগত কারণ ছিল বলে আমার মনে হয়নি। তাই রহস্য উদঘাটনের জন্য আমি চাঁদপুরের পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিই। পরে আমি হাজিগঞ্জের গ্রাম্য চৌকিদারের সহযোগিতায় মোল্লাকে উদ্ধার করি। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে মোল্লার দাবি, ‘স্যার, আমাকে আট দিন আটকে রেখে নোয়াখালীতে ছেড়ে দেওয়া হয়।’ নোয়াখালীর কোন জায়গায় ছেড়ে দেওয়া হয়, তা জানতে চায় গোয়েন্দা পুলিশ কর্মকর্তা। কিন্তু মোল্লা এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি। শুধু বলেছেন, ‘স্যার, মুক্ত হওয়ার পর পায়ে হেঁটে নোয়াখালী থেকে হাজিগঞ্জ চলে যাই।’ এদিকে মোল্লার মেয়ে শাহীনা আকতার মামলার ব্যাপারে পুলিশকে বলেছেন, এই মামলায় তাঁর কোনো হাত নেই। তাঁর মা খুরশিদা বেগম নিজের ইচ্ছায় মামলা করেছেন। যদিও শাহীনা তাঁর বাবাকে উদ্ধারের জন্য অভিযানের আগে বার বার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন। জানা গেছে, অপহরণ ঘটনায় গৃহকর্ত্রী নুরজাহান ও তাঁর আত্মীয়দের র্যাব ও পুলিশ নানা সময়ে হয়রানি করেছে। নাম প্রকাশ না করে নুরজাহানের এক আত্মীয় জানান, ‘র্যাব কার্যালয়ের হাজতখানায় আটকে থাকার কথা মনে পড়লে গা শিউরে ওঠে। আগের তদন্ত কর্মকর্তারা সচেতন হলে তিন বছর আগেই আসল ঘটনা উদঘাটন করা যেত বলে তিনি মন্তব্য করেন।এদিকে মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় মোল্লার পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা হবে বলে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মাহবুবুল হক জানিয়েছেন।