স্বামীজির আশ্রমে

জানালা খুলে তাকালেই সবুজ পাহাড়। রাত্রি নামলে শোনা যায় বুনো হাতিদের হুংকার। এরই মাঝে ভারতের রাইওয়ালার অরোভেলী আশ্রম। যেন প্রকৃতির কোলে গড়ে উঠেছে জীবনের পাঠশালা, যেখানে সবাই আসে নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা শিখতে।
আমরাও পুরো এক সপ্তাহ কাটিয়ে এলাম উত্তরখান্ড প্রদেশের সেই আশ্রমে। ভারতের ওদিকটায় গেলে পাহাড়ের দেখা পাওয়া যায়। ছোট-বড় সারি সারি পাহাড় মিলে গড়েছে হিমালয়। হিমালয়ের বুক চিরে বয়ে গেছে স্বচ্ছ জলের ধারা। আমাদের উদ্দেশ্যটা অবশ্য শিক্ষাসফর। আমরা বলতে দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২৩ জন শিক্ষার্থী। এই দলে আমরা তিন বাংলাদেশিও ছিলাম।
উত্তরখান্ড যেতে আমাদের পাড়ি দিতে হয়েছে ভারতের দুটি অঙ্গরাজ্য। মাঝে বিশাল ভূখণ্ডের উত্তর প্রদেশ। ভারতের প্রাচীন নগরগুলোর একটি। গল্প, কাব্য, পুরাণে, সত্যজিতের ফেলুদায় জায়গাগুলোর নাম বহুবার চোখে পড়েছে।
উত্তর প্রদেশের ছোট্ট শহর রুরকী শেষ হলেই পাহাড়ের শুরু। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে চলছিল আমাদের গাড়ি। গঙ্গা নদীটাও পিছু নিয়েছিল আমাদের। হিমালয় থেকে নেমে এসেছে গঙ্গার অসংখ্য ধারা। আর সেগুলো একসঙ্গে মিলে হয়েছে প্রমত্তা গঙ্গা।
অরোভেলী আশ্রমটা যেন প্রকৃতির মাঝে এক নিবিড় অভয়ারণ্য। আশ্রমের প্রধান স্বামীজি। আশ্রমে ঢোকামাত্রই অভিনন্দন জানালেন আমাদের। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন বেশ কিছু নিয়মকানুন। কাউকে বিরক্ত করা যাবে না এখানে, নিজের কাজটা করতে হবে নিজেকেই। খেতে হবে সময়মতো। আর সবকিছু করতে হবে নীরবতার সঙ্গে।
ভোর সাড়ে পাঁচটার মাঝে ঘুম থেকে ওঠার বাধ্যকতা ছিল সেখানে। তারপর দলবল মিলে মেডিটেশন। ধ্যান শেষে ঘণ্টাখানেক ‘ইয়োগা সমগ্র’। গবেষণার কিছু কাজ থাকত প্রতিদিন। সেগুলো ধরার আগেই সকাল আটটায় নাশতার ঘণ্টা বাজত। নাশতা হিসেবে জুটত একটা কলা, এক গ্লাস দুধ আর ছোলা বুট সেদ্ধ। দুপুরের খাবারে হালকা সবজি আর ডাল।
কড়া নিয়মের মধ্যেও বিকেলের দিকটায় নিয়ম করে গঙ্গাস্নান। হিমশীতল সেই জল আর সে জলের মাঝে পাথরের ঘরবসতি।
এর মধ্যে একদিন হুট করে সবাই মিলে ঋষিকেশ ঘুরে এলাম। ইয়োগার জন্মস্থান বলা হয় ঋষিকেশকে। এখানকার পাহাড়গুলো খানিকটা উঁচু। যেন আকাশের সঙ্গে মিতালি করার স্পর্ধা নিয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ের মাঝ দিয়ে স্রোতস্বিনী গঙ্গা। গঙ্গার তেজ এখানে ভালোই।
সেখানেই মেতে উঠি ‘রিভার রাফটিং’য়ে। নৌকার বইঠা টেনে প্রায় ১২ কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়েছিল আমাদের। হঠাৎ হঠাৎ ঢেউ এসে আছড়ে পড়ে, তাই ব্যাপারটা বেশ ভয়েরও। বিশাল বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় দেখা হলো গঙ্গাপারের দুর্দান্ত আলো-আঁধারির খেলা। অসংখ্য পুণ্যার্থী ভিড় করেছিলেন সেখানে।
অনেক পরিশ্রমের পরও বিদায় নেওয়ার দিন দেখা গেল সবার মন খারাপ। যাওয়ার সময় স্বামীজি সবার হাতে ধরিয়ে দিলেন তাঁর উপহার। বাস চলছে। একটু একটু করে দূরে সরে যাচ্ছে পেছনের পাহাড়গুলো। কানে ভাসছিল স্বামীজির উপদেশ, ‘নিয়মমতো চললেই অসাধ্য কিছু নেই’।