ইব্রাহিম আলী কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের চাষ করেন। বছরখানেক আগে তাঁর শরীরে ধরা পড়ে কর্কট রোগ। চিকিৎসার খরচ জোগাতেই দুশ্চিন্তায় পড়ে যান তিনি, ফলবাগান টিকিয়ে রাখাও দুরূহ হয়ে পড়ে। সেই সময়ে ফলবাগানের হাল ধরেন তাঁর স্ত্রী হালিমা বেগম। এ বছর বাগানে ভালো ফলন হয়েছে। বিক্রিও হচ্ছে ভালো দামে। তাঁদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শুকনাছড়া এলাকায়। বাগানও সেখানেই।
শুকনাছড়া এলাকাটি বন বিভাগের জুড়ী রেঞ্জের লাঠিটিলা বিটের আওতায়। সেখানে দীর্ঘ দিন ধরে বেশ কিছু পরিবারের বসবাস। তাদের পরিচয় ‘ফরেস্ট ভিলেজার’। এসব পরিবারের সদস্যরা বনের গাছপালা দেখভাল করেন। এর পাশাপাশি ফাঁকা স্থানে বিভিন্ন ধরনের ফলের চাষ করেন।
গত ৩০ অক্টোবর গিয়ে দেখা গেল, ছোট ছোট টিলার ঢালে ইব্রাহিম আলী ও হালিমার ফলবাগান। বাগানে কমলা, মাল্টা, জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির লেবুগাছ রয়েছে। গাছে গাছে ঝুলছে ফল। অসুস্থ ইব্রাহিম শুয়ে আছেন বিছানায়। হালিমা বাগান পরিচর্যায় ব্যস্ত।
হালিমা ও ইব্রাহিমের তিন মেয়ে ও দুই ছেলে। দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে ঢাকায় থাকেন। আর ছোট ছেলে স্থানীয় একটি কলেজে স্নাতক পড়ছেন। হালিমা জানান, ফল চাষ করেই তাঁদের সংসার চলে। ফল বিক্রি করে কিছু টাকা জমানো হয়েছিল। ওই টাকা দিয়ে ইব্রাহিমের চিকিৎসার খরচ মেটানো হয়েছে। তখন পরিচর্যার অভাবে বাগানটা নষ্ট হয়ে যাচ্ছিল। এরপর হালিমা নিজেই বাগানের দেখাশোনা শুরু করেন।
বাগানে শুধু কমলারই গাছ রয়েছে প্রায় ৬০০টি। হালিমা বলেন, ‘ফাঁকে ফাঁকে জাম্বুরা ও বিভিন্ন প্রজাতির লেবুর গাছও লাগিয়েছি। চার বছর আগে ১০০টি মাল্টার গাছ লাগাই।’ বাগানে গত বছর সব গাছে ফল ধরে। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার মাল্টা বিক্রি হয়েছে। কমলা বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ টাকার। এ ছাড়া বেশ কিছু জাম্বুরা ও লেবু বিক্রি করেছেন।
ইব্রাহিম আলী যখন সুস্থ ছিলেন তখন তাঁর কাজে স্ত্রী হালিমা বেগম সহযোগিতা করতেন। হালিমাও ফল চাষের কলাকৌশল শিখে নেন। হালিমা বলেন, এতে কাজে সুবিধা হচ্ছে। তবে প্রচুর শ্রম দিতে হয়।