স্বামীর প্রতারণা নিয়ে স্ত্রী যা জানতে চান

নানা দেশে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধে অনেক পার্থক্য থাকলেও আধুনিক সমাজে দাম্পত্য সম্পর্ক সম্ভবত বিশ্বজুড়ে অনেকটাই এক। আর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে বিশ্বস্ত না থাকার ইতিহাস হয়তো এই সম্পর্কেরই সমবয়সী। ফলে স্বামীর প্রতারণা নিয়ে স্ত্রী যেসব প্রশ্নের উত্তর জানতে চান সেসবও দেশে দেশে অনেকটাই এক। দাম্পত্য সম্পর্কের নানা প্রতারণার ঘটনায় ১৫ বছর ধরে পেশাদার গোয়েন্দাগিরির অভিজ্ঞতা আছে যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা জুলিয়া হার্টলে মুরের। প্রতারক স্বামীকে নিয়ে স্ত্রীর প্রশ্ন এবং সেসব বিষয়ে করণীয় সম্পর্কে সম্প্রতি হাফিংটন পোস্ট-এ স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করেছেন এই গোয়েন্দা।
তাকে এতটাই চাইলে সে আমার সঙ্গে থাকছে কেন?
কারণ সে ওই নারীকে যেমন চায় তেমনি আপনাকেও চায়। ওই নারীর জন্য সত্যি সত্যি উথাল-পাথাল প্রেম থাকলে তিনি হয়তো আপনাকে ছেড়ে চলে যেতেন, যেমনটা অনেকেই করেন। যাঁরা তা করেন না, বুঝতে হবে তাঁরা আসলে যতটা না প্রেমিক, তার চেয়ে বেশি লোভী।
সে পরকীয়া করছে, এ সন্দেহ থেকে তার ওপর নজরদারি করা কি অন্যায়?
অবশ্যই নয়। নিজেকে রক্ষার বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে কখনোই অপরাধ বোধে ভুগবেন না। আপনার স্বামী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার যৌন-স্বাস্থ্যও অনিরাপদ হয়ে পড়তে পারে। ফলে আপনার স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং আবেগ-অনুভূতি নিয়ে তিনি খেলছেন কি না, স্ত্রী হিসেবে তা জানার অধিকার অবশ্যই আপনার আছে।
সে কেন আমার সঙ্গে এমন করছে?
অনেক পুরুষই এমন করে থাকে, কেননা তারা জানে যে, নারীরা তাদের ক্ষমা করে দেয়। অনেক ক্ষেত্রেই বারংবার প্রতারণা করা পুরুষের স্ত্রীও বড়জোর চিত্কার চ্যাঁচামেচি বা ঝগড়াঝাঁটি করলেও শেষমেষ কোনো পদক্ষেপ নেন না। কোনো পদক্ষেপ নিতে না পারলে মানসিক অস্থিরতার এই জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।
সে এত মিথ্যা কথা বলে! আমি তার কথা কীভাবে বিশ্বাস করব?
কাউকে নতুন করে বিশ্বাস করাটা খুবই কঠিন, কখনো হয়তো অসম্ভবও। এই অভিজ্ঞতা এতটাই ব্যক্তিক যে কেবল আপনিই বুঝতে পারবেন সে যা বলছে আর যা করছে তাতে আপনি স্বস্তি পাচ্ছেন কি না। এটা কাটিয়ে উঠতে সত্যিই অনেক সময় লেগে যেতে পারে। অনেক পুরুষই মনে করেন, একবার ক্ষমা চেয়ে ফেলেছেন মানে বিষয়টা চুকে গেছে। কিন্তু আপনার আচরণ দিয়েই তাঁকে বোঝাতে হবে যে আপনার ক্ষমার অর্থটা আসলে কী। তাঁকে যেমন সংশোধনের সুযোগ দিতে হবে, তেমনি তাঁকে এটাও বুঝতে দিতে হবে যে, বিষয়টা একইভাবে বারবার ঘটবে না।
আমি জানি তার একটা সম্পর্ক আছে, কিন্তু তা কি যৌনতার?
কোনো না কোনোভাবে তা অবশ্যই যৌনতার হতে পারে। হতে পারে তিনি পর্নোগ্রাফি দেখেন, হতে পারে তিনি অনলাইনে কোনো নারীর সঙ্গে আলাপ করেন কিংবা কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখেন। এগুলো সবই যৌন-আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট হতে পারে। আর যদি তাঁর আকাঙ্ক্ষা সত্যি নির্দোষ হয়, তাহলে তিনি সেগুলো আড়াল বা রাখঢাক করছেন কেন। ‘সম্পর্কটা যৌনতার কি না’ এ প্রশ্ন করার মাধ্যমে আপনি আসলে সঙ্গীর প্রতারণাকে কোনো না কোনোভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কিংবা নিজের আবেগকে প্রশমনের চেষ্টা করছেন।
আমার দোষেই কি এমন হচ্ছে?
যা ঘটছে সে বিষয়ে আপনি কিছুই না জানলে তা কী করে আপনার দোষ হতে পারে। আপনার স্বামী হয়তো আপনার ওপর দোষ চাপিয়ে বলতে পারেন, ‘তুমি আমাকে নিয়ে আরও মনোযোগী হলে, নিজেকে নিয়ে কম ব্যস্ত থাকলে হয়তো এমন ঘটত না।’ কিন্তু প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, তাই উনি যা করেছেন, তার দায় তাঁকেই নিতে হবে।
সে কেন আমাকে সত্যটা বলছে না?
বেশির ভাগ ক্ষেত্রেই সত্য বলে তা মোকাবিলা করার সাহস না থাকার কারণেই স্বামীরা মিথ্যা বলেন। হয়তো তিনি ভাবেন যে অস্বীকার করতে থাকলে একসময় আপনি জানতে চাওয়াই ছেড়ে দেবেন এবং বিষয়টা মিটে যাবে। অনেক সময় অন্য নারীটিকে রক্ষার জন্যও তিনি মিথ্যা বলতে পারেন। কেননা আপনি জেনে গেলে ওই তথ্য কাউকে দিয়ে অন্য নারীটিকে আপনি বিপদে ফেলতে পারেন। আর সর্বোপরি নিজের ব্যক্তিত্ব রক্ষা বা অন্যরা কী ভাববে, তা মোকাবিলা করার সাহস না থাকাতেই তিনি মিথ্যা বলতে পারেন।
আমার কি সন্তানের কথা ভেবে থেকে যাওয়া উচিত?
শিশুরা অনেক সময়ই এমন পারিবারিক জটিলতার বলি হয়। অনেক ক্ষেত্রে বিষয়গুলো খানিকটা বুঝতে পেরে ওরা নিজেদেরকেই এই পরিস্থিতির জন্য দায়ী মনে করতে শুরু করে এবং মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে। ফলে যদি সন্তানের কারণে একত্রে থাকার সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে দুজনে মিলে ঠিক করতে হবে কীভাবে সন্তানকে আক্রান্ত না করে এই সমস্যা সমাধান করা যায়। সন্তানের কাছে সারাক্ষণ ঝগড়া করা বাবা-মায়ের চেয়ে একজন সুখী বাবা কিংবা একজন সুখী মা অনেক ভালো মনে হতে পারে।
আমি চলে যেতে চাইলে সে গুরুত্ব দেয় না কেন?
কারণ আপনি কখনোই তাঁকে ছেড়ে চলে যাননি। মনে রাখবেন, আপনি বারবার একই কাজ করে ভিন্ন ফল আশা করতে পারেন না। বাস্তবিক কোনো পদক্ষেপ ছাড়া কোনো কিছু করার হুমকি কোনো অর্থ বহন করে না। আর সত্যি সত্যি চলে যেতে চাইলে বা বিচ্ছেদ চাইলে সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে আপনাকে। বিচ্ছেদ-পরবর্তী সময়ে নিজের টিকে থাকার সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত না করলে এমন কথা বলাটা কাজের কিছু হবে না।