স্বামীর হত্যাকারীদের সমুচিত জবাব দিতে চান তসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে তিনি জনপ্রিয় ছিলেন বলে। ঘাতকেরা তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও তিনি এখনো জনপ্রিয়। এটা প্রমাণ করতেই এবার নির্বাচনে দাঁড়িয়েছি।’সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নিহত চেয়ারম্যান নুরুল আবছারের স্ত্রী তসলিমা আকতার ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৯ মার্চ এলাকায় গণসংযোগের সময় প্রথম আলোকে তিনি এ কথা বলেন।গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে নিজ বাড়িতে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার নিহত হন। তাঁর মৃত্যুর ফলে পদটি শূন্য হয়ে যাওয়ায় এই পদে উপনির্বাচন হচ্ছে। ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এই দিন প্রার্থীদের প্রতীকও বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে তসলিমা আকতার ছাড়াও চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্বামীর হত্যাকারীদের সমুচিত জবাব দিতে তসলিমা আকতার নির্বাচন করছেন—এমনটাই মনে করছেন এলাকার ভোটাররা। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তিনি। স্বামীর অসম্পূর্ণ কাজ সমাপ্ত করারও প্রতিশ্রুতি দিচ্ছেন। ২৯ মার্চ রাতে সমর্থক পরিবেষ্টিত হয়ে প্রচারকাজ চালাতে দেখা গেছে তাঁকে। এ সময় তসলিমা আকতার প্রথম আলোকে বলেন, ‘আমি খুনিদের বুঝিয়ে দিতে চাই, আমার স্বামী নুরুল আবছারকে হত্যা করা হলেও তাঁর জনপ্রিয়তাকে হত্যা করা সম্ভব হয়নি।’সরেজমিনে নলুয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মরফলা বাজার, রুস্তমপাড়া মোড়, মোক্তারকূল মোড় ও তালতলা এলাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টরে নিহত নুরুল আবছারের বিভিন্ন কৃতকর্মের ভিডিওচিত্র দেখানো হচ্ছে। শত শত এলাকাবাসী এ ভিডিওচিত্র আগ্রহ নিয়ে দেখছে। অনেকে আবেগ সংবরণ করতে পারেনি। এলাকার আবু বক্কর, নুর হোসেন, মাসুদ রানা চোখ মুছতে মুছতে বলেন, ‘নলুয়ার অভিভাবক ছিলেন নুরুল আবছার। তিনি নেই, এটা ভাবতে কষ্ট হয়।’