স্বার্থপর আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘর-মন-জানালা’য় ‘স্বপ্ন লজ্জাহীন’ নামের লেখাটি আমাকে অনেক ভাবিয়েছে। মনকে অনেকবার ঘুরিয়ে-ফিরিয়ে বাজিয়ে বুঝলাম, আমি পারব না ওই লেখিকার মতো সাহসী সিদ্ধান্ত নিতে। লেখাটা তুমি পড়েছ কি না জানি না। আকাশপথে ৪৫ মিনিট দূরের জনবহুল শহরে এখন তুমি বাস করছ। আমি জানি তুমি বলতে; ব্যাপারটা মন্দ না, এ রকম হলে তো ভালোই হয়। আমি যেখানে বকবক করি সারাক্ষণ, সেখানে তুমি কয়েকটা কথা বলেই কোনো বিষয়কে সহজে শেষ করে দাও সব সময়। এই তোমার স্বভাব। এত কম কথা বলে থাকো কী করে? তবে আর যা-ই বলো, তুমি দেশ-বিদেশ ঘুরে জয়ের মালা পরবে, সবাই তোমাকে ধন্য ধন্য করবে আর আমি থাকব তোমার থেকে দূরে, ইচ্ছা হলেই তোমার কাছে যেতে পারব না, তোমার সাফল্যে আমার কোনো প্রত্যক্ষ অনুপ্রেরণা থাকবে না—এসব আমি সইতে পারব না, সেটা তুমিও জানো। যদি বলো আমি স্বার্থপর, ভালোবেসে তোমাকে পেতে লোভী, তবে আমি তা-ই। আমার ভালোবাসার পরিধিটা তোমাকে ঘিরেই। এক মনে দুজনকে আপন করে নেব কী করে? সত্যি বলতে কি, তোমাকে ছাড়া কাউকে আমার আপন করার জন্য মনে ধরেনি। জীবনটা তো বিধাতার ইশারায় চালিত খেলা। সেই খেলায় আমি জিততে চাই, খেলার মানুষ তোমাকে নিয়ে। জানি, লেখাটা পড়ে তুমি মিটিমিটি হাসবে। তোমার এই হাসিটাই আমার আশ্রয়। যদি তুমি প্রশ্ন করো, আমি এতটাই দুর্বল? না, আমি দুর্বল নই। অত্যন্ত রূঢ়ভাবে যদি কখনো বাস্তবতা সামনে এসে পড়ে, তখন নিজেকে সামলানোর মতো মনের শক্তি আমি অর্জন করে নেব। কিন্তু তোমায় ভুলে যাওয়া অসম্ভব।সেতুঢাকা।