স্বার্থলীগ সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

বিশ্ববিদ্যালয়ের অতন্দ্রপ্রহরী
আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষা। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করল রিপন। হঠাৎ মনে হলো, আজ তার বাবারও পরীক্ষা। বাবাকে ঘুম থেকে ডেকে তুলল সে। বাবা হাই তুলতে তুলতে বললেন, ‘বাপজান, তুমি পড়ো, পরীক্ষা দিতে মন চাইতাছে না। এই সেমিস্টার ড্রপ দিমু।’ রিপন তার বাবাকে সাহস দিয়ে বলল, ‘ব্যাপার না বাপজান, আপনি আমার পাশের সিটে বইসেন, দেখে দেখে লেখবেন। কোনো টেনশন নাই, চলেন।’ বাপ-ছেলে পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলো।
কল্পকাহিনি নয়, অনেক দিন ধরেই এমনটা হচ্ছে। জীবন্ত কিংবদন্তি এসব ‘আদুভাই’রা এখনো আছেন। তঁাদের দরকারও আছে! দেশের সুবিশাল আয়তনের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোর দেখাশোনার জন্য একটু বয়সী, অভিজ্ঞ লোক না থাকলে চলবে কী করে!

আঁকা: শিখা
আঁকা: শিখা

দেখাশোনার ওস্তাদ
এই আদুভাইরাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো দেখেশুনে রাখেন। হলের সিটগুলো দেখেন, সরকারি দলের মিছিলে কে গেল না গেল সেটা দেখেন। সাধারণ জনগণ ক্যাম্পাসে ঢুকে কয়টা ঘাস ছিঁড়ল সেটাও খেয়াল করেন। একটু উনিশ-বিশ হলে নিরীহ ছাত্রদের হল থেকে ফেলে দিয়ে সয়েল টেস্ট করে দেখেন। ক্যানটিনগুলোতে বিনা মূল্যে খেয়ে খাবারের স্বাদ চেখে দেখেন। আদার ব্যাপারী নন, তাই তঁারা জাহাজের দেখাশোনাও করেন। নিজেদের শরীর দেখে রাখার জন্য হালকা মারামারিও করেন। আর নিরাপত্তার বিষয়টি দেখার জন্য সঙ্গে রাখেন অস্ত্র। দেখাদেখিতে তঁারা বিরাট ওস্তাদ!

দুটি প্রস্তাব
 বিশ্ববিদ্যালয় এলাকায় তো কেবল শিক্ষার্থীই যায় না, বিকেল থেকে অনেক সাধারণ মানুষও যায় ঘোরাঘুরি করতে। কিন্তু এই সাধারণ মানুষেরা খালি চোখে অসাধারণ আদুভাইদের আলাদা করতে পারে না। তাই আদুভাইদের উচিত বিশেষ ইউনিফর্ম পরে থাকা। তাতে করে সবাই দেখামাত্র সালাম দিয়ে তাদের শরীর-স্বাস্থ্য, দেশ–জাতির খবরাখবর নিতে পারবে।

 চায়ের দোকানদার আর ঝালমুড়িওয়ালাদের কাছ থেকে চাঁদা নিয়ে সংসার চালানো বেশ কষ্টের। তাই বিশ্ববিদ্যালয় এলাকাকে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা যেতে পারে। তার ফলে বিকেলে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা সেখানে প্রবেশাধিকার পাবেন কেবল টিকিট কাটার মাধ্যমে। এতে করে উটকো লোকজনের ভিড় কমবে, আয়–রোজগারও বাড়বে হু হু করে।