স্বাস্থ্য অধিদপ্তর নেবে ৬০৩ জন
স্বাস্থ্য অধিদপ্তর তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য ৪০টি পদে দেশের নয়টি জেলা থেকে ৬০৩ জন লোক নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, নরসিংদী রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে। উল্লিখিত জেলাগুলোয় ৩২২ জন। আবেদন করতে হবে আগামী ১২ মের মধ্যে।
এসব পদে আবেদন করতে হলে পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত পাস। দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ০১/০৪ /২০১৫ তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা পোষ্য কোটা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দার সনদ প্রদানকারী নামযুক্ত সিলমোহরসহ, প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ও অন্যান্য সনদের ফটোকপি এবং পরীক্ষা ফি বাবদ তৃতীয় শ্রেণি পদের প্রার্থীদের ১০০ টাকা ও চতুর্থ শ্রেণির পদের প্রার্থীদের ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে কোড নম্বর ১-২৭১১-০০০০-২০৩১ তে জমা প্রদান করে চালানের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট সিভিল সার্ভিস কার্যালয়ে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সঠিক আবেদনকারীদের ঠিকানায় লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র পাঠানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবেদনপত্র যাচাই-বাছাই করার পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হবে।