স্বাস্থ্য নারীর, সিদ্ধান্ত পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১৫-৪৫ বছর বয়সী যে নারীরা মারা যাচ্ছেন তাঁদের শতকরা ৪৮ শতাংশের মৃত্যুর কারণ ক্যানসার, হৃদ্‌রোগ, উচ্চরক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গবেষণা বলছে, অসংক্রামক রোগ জটিল আকার ধারণ করতে সময় নেয়। আর অসংক্রামক রোগ জটিল আকার ধারণ করার আগ পর্যন্ত নারী নিজেও মুখ খোলে না, পরিবারের সদস্যরাও চিকিৎসার উদ্যোগ নেন না। অন্যদিকে বেশির ভাগ ক্ষেত্রে নারী স্বাস্থ্য বলতে প্রজনন স্বাস্থ্যকে ধরে নেওয়া হয়। ফলে নারীর এই সমস্যা উপেক্ষিত থেকে যায়।
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ব্রিটিশ জার্নাল অব অবস্ট্রেটিক অ্যান্ড গাইনোকোলজিতে প্রকাশিত দুটি প্রতিবেদনে এসব কথাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদন দুটির নাম ‘বিয়ন্ড প্রেগনেন্সি-দি নেগলেকটেড বার্ডেন অব মরটালিটি ইন ইয়ং উইমেন অব রিপ্রোডাকটিভ এজ ইন বাংলাদেশ: এ প্রসপেকটিভ কোহর্ট স্টাডি’ এবং ‘কেয়ার সিকিং প্যাটার্নস ফর ফ্যাটাল নন কমিউনিকেবল ডিজিজ অ্যামাং উইমেন অফ রিপ্রোডাকটিভ এজ ইন রুরাল নর্থওয়েস্ট বাংলাদেশ’। দুটি প্রতিবেদনেই গাইবান্ধার লক্ষাধিক নারীর ওপর জরিপ চালানো হয়। অসংক্রামক রোগে ভুগে অল্প বয়সে মারা গেছেন এমন নারীর স্বজনদের সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, নারীর যে পুরুষের মতো হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি আছে, নারীর উচ্চরক্তচাপ বা ডায়াবেটিস হয় বেশির ভাগ পুরুষ তা গ্রাহ্য করেন না। স্বাস্থ্যের ওপর তামাকের প্রভাব নিয়ে গবেষণার সময় তাঁরা দেখেছেন, পুরুষদের সাড়া পাওয়া গেছে তখনই যখন তাঁদের বোঝানো গেছে গর্ভবতী স্ত্রীর সামনে ধূমপান করলে তাঁরই ঔরসজাত সন্তানটি মৃত জন্ম নিতে পারে। ধূমপানের পরোক্ষ প্রভাবে নারীর শ্বাসকষ্ট, ক্যানসার হতে পারে এ বিষয়টি পুরুষদের নাড়া দেয়নি।
এ দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) র মাতৃস্বাস্থ্য কর্মসূচির প্রধান শামস এল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু সহযোগী যেসব কারণে নারী মারা যাচ্ছে সেগুলোর খুব ভালো ব্যবস্থাপনা নেই। মাতৃমৃত্যুর এক-তৃতীয়াংশের কারণও এসব রোগ।
প্রজননক্ষম নারী ভুগে মরছেন: ‘বিয়ন্ড প্রেগন্যান্সি-দ্য নেগলেকটেড বারডেন অফ মর্টালিটি ইন ইয়ং উইমেন অফ রিপ্রোডাকটিভ এজ ইন বাংলাদেশ’ এর অংশ হিসেবে গবেষকদল বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধার প্রজননক্ষম এক লাখ ৩০ হাজার নারীকে ফলোআপে রাখেন। ২০০১ সালের আগস্ট থেকে ২০০৭ সালের আগস্ট পর্যন্ত তাঁদের মধ্যে ১১০৭ জন মারা যান। তাঁদের মধ্যে ৫৩০ জন মারা যান অসংক্রামক রোগে। অসংক্রামক রোগের মধ্যে সবচেয়ে বেশি নারী মারা যান উচ্চরক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের উচ্চমাত্রার কারণে।
যেসব নারী মারা গেছেন, মৃত্যুর এক মাস পর তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন দ্বিতীয় গবেষণার সঙ্গে জড়িত দলেন সদস্যরা। এখান থেকে জানা যায়, মৃত নারীদের ৭১ শতাংশ অসুস্থ বোধ করার পর প্রথমেই গিয়েছেন গ্রাম্য ডাক্তার, কবিরাজ বা ওঝার কাছে। একদম শেষ পর্যায়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। সবক্ষেত্রেই নারী কখন কোথায় কোন চিকিৎসকের কাছে যাবেন পরিবারের অন্য সদস্যরা সেই সিদ্ধান্ত নিয়েছেন।
৩৮ বছর বয়সে ক্যানসারে মারা গেছেন এমন এক নারীর স্বজন গবেষক দলকে জানান, মৃত ওই নারীর তিন মাস ধরে তলপেট ফুলেছিল। প্রথমে তাঁরা এক গ্রাম্য ডাক্তারের কাছে যান, তিনি ওই নারীকে একটি স্যালাইন দেন। পরে পেটে একটি চাকার মতো বস্তু দেখা যাওয়ায় তাঁরা ক্লিনিকে নেন। আল্ট্রাসনোগ্রামের পর চিকিৎসক জানান, তাঁর রক্তের ক্যানসার হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর ক্যানসারের চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা পয়সা জোগাড় করতে না পারায় ওই নারীকে বাড়িতে নিয়ে আসা হয়। মারা যাওয়ার আগে হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা চলে তাঁর।
বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে ২০১০-এর তথ্য বলছে, প্রজননক্ষম নারীদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ ক্যানসার (২১%)। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার এপিডেমিওলোজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ক্যানসার চিকিৎসায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালে নারীরা আসছেন রোগ জটিল হওয়ার পর।
একই তথ্য পাওয়া গেছে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেও। পরিচালক আবু আজম বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর প্রথম ছয় ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে এলে রোগীদের একটি ওষুধ দেওয়া হয়, যা ক্ষতির মাত্রা কমিয়ে আনে। দেখা যাচ্ছে পুরুষেরা ছয় ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারলেও, বেশির ভাগ নারী পৌঁছাচ্ছেন দেরি করে। বাংলাদেশে নারীরা খুব বেশি অসুস্থ না হলে কিছু বলেন না এবং নারী রোগে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালে আসা পর্যন্ত পুরো সময়টাই বাড়ির লোকজনের ওপর নির্ভর করে থাকেন।
শুধু যে হাসপাতালে আসার সিদ্ধান্তের জন্যই নারী পরমুখাপেক্ষী তা নয়, নারী তাঁর নিয়মিত ওষুধের জন্যও বাড়ির পুরুষ সদস্যের ওপর নির্ভর করেন। জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক নারী জানান, কয়েক বছর আগে তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হয়। স্বামী বেঁচে থাকার সময় নিয়মিত ওষুধ খেয়েছেন। এখন ছেলের সংসারে আছেন, ছেলে মনে করে ওষুধ আনলে খান, নইলে খান না। ময়মনসিংহের নান্দাইল থেকে আসা এক নারী বলেন, বুকে ব্যথা হওয়ায় গত কয়েক বছর তিনি অ্যান্টাসিড খেয়েছেন। এবার কিছুতেই ব্যথা ভালো না হওয়ায় হাসপাতালে এসেছেন। চিকিৎসকেরা হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন। স্বামী অসুস্থ হলে কী করেন জানতে চাইলে তিনি বলেন, জোর করে স্বামীকে হাসপাতালে পাঠান। সংসারের চাপে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন না। জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৩ বছর বয়সী এক নারীর স্বজন জানান, তিন-চার বছর ধরে তাঁর বোন অসুস্থ, প্রথম প্রথম ওষুধ খেলেও স্বামীর ওপর অভিমান করে বছরখানেক ধরে ওষুধ খাচ্ছেন না। হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি বোনকে কুমিল্লা থেকে ঢাকায় এনেছেন।