স্বাস্থ্যকর অভ্যাস শেখাতে প্রচারণায় খুদে শিক্ষার্থীরা

ওরা দল বেঁধে বাড়ি বাড়ি যায়। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, হাত ধোয়ার প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে সচেতন করে গ্রামবাসীকে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের খুদে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এমন প্রচারণায় নেমেছে।
তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওরা। গ্রামে মাসে দুবার স্বাস্থ্যসচেতনতামূলক উঠানবৈঠকের আয়োজন করে তারা। শিক্ষার্থীদের দিয়ে গ্রামবাসীকে সচেতন করার এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউনিসেফ, জাবারাং কল্যাণ সমিতি ও কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ নামের তিনটি উন্নয়ন সংস্থা।
৫ জানুয়ারি তারাবুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামবাসী যতিশ চাকমার উঠানে ১৫ জন শিক্ষার্থী বৈঠকের আয়োজন করেছে। গ্রামের সব বয়সের বাসিন্দা বৈঠকে উপস্থিত হয়েছেন। খোলা পায়খানা থেকে কী কী রোগ–জীবাণু ছড়ায় এক শিক্ষার্থী সেটা বোঝাচ্ছিল গ্রামবাসীকে। উঠানবৈঠকে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইনজয় চাকমা, রেখি চাকমা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ঊর্মি চাকমা, পলাশী চাকমা, অভিজ্ঞ চাকমা, সুমিতা চাকমা ও সোহাগ চাকমার সঙ্গে কথা হয়। তারা জানায়, বিদ্যালয়ে সপ্তাহে একবার স্বাস্থ্যসচেতনতার ওপর পাঠদান করা হয় তাদের। এরপর তারা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে সেসব প্রচার করে।
ইউনিসেফ পাড়াকেন্দ্র ও জাবারাং কল্যাণ সমিতির এক জরিপে দেখা যায়, উত্তর তারাবুনিয়া গ্রামে ৫৭টি পরিবার রয়েছে। তার মধ্যে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে মাত্র ১৯টি পরিবারের। একই ইউনিয়নের উত্তর ও দক্ষিণ হাচিনসনপুর এলাকার চিত্রও এমন।
জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তা বিনোদন ত্রিপুরা বলেন, ‘নেদারল্যান্ডস সরকার ও ইউনিসেফের যৌথ অর্থায়নে কনসার্ন ইউনিভার্সেলের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দিয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীদের মাধ্যমে গ্রামের মানুষকে স্বাস্থ্যসচেতন করা।’