স্বাস্থ্যকর শহরের শীর্ষে কোপেনহেগেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপেনহেগেন শহরের দৃশ্য।
কোপেনহেগেন শহরের দৃশ্য।

বিশ্বের শীর্ষ ১০ স্বাস্থ্যকর শহরের শীর্ষে অবস্থান করছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। অন্য শীর্ষ স্বাস্থ্যকর শহরগুলো হলো যথাক্রমে জাপানের ওকিনাওয়া, মোনাকোর মনটিকার্লো, কানাডার ভ্যানকুভার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সুইডেনের ইউনশপিং, কিউবার হাভানা, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের নাপা শহর। সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দ্য অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তত্ত্বাবধানে এই গবেষণা করা হয়। গবেষণার ফল সিএনএনের গ্লোবাল হেলথ সিটিজ প্রতিবেদনে প্রচারিত হয়। গোটা বিশ্বের নাগরিকদের কাছে সংস্থাটি জানতে চেয়েছিল তাদের শহর সম্পর্কে। এই তথ্যগুলো হলো; স্বাস্থ্যকর জীবনযাপন, শহরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, বায়ুদূষণ রোধে ভূমিকা, গণপরিবহনসহ পার্ক ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা ইত্যাদি। ভালো স্বাস্থ্য ও একটা স্বাস্থ্যকর কমিউনিটি খুঁজে বের করার উদ্দেশ্যে এই গবেষণা করা হয়।

সুখী মানুষের শহর কোপেনহেগেন
নদীর এ পাড় কহে ছাড়িয়া নিশ্বাস/ ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস! সুখী মানুষের দেশ ও সুখী শহর খুঁজতে গিয়ে যত গবেষণা হয়, তার প্রায় সব ক্ষেত্রেই ডেনমার্ক এবং কোপেনহেগেন কীভাবে যেন একটা স্থান করে নেয়। কিন্তু বাস্তবে ডেনিশরা সুখী জাতি কি না, সেটা অন্তত আমার কাছে প্রশ্নসাপেক্ষ। যা হোক, ওইসিডির গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে, কোপেনহেগেনের মাত্র ২ শতাংশ মানুষ সপ্তাহে ৪০ ঘণ্টার অধিক কাজ করছে। সপ্তাহের বাকি সময় তাঁরা সময় দিচ্ছে পরিবার ও সন্তান, খেলাধুলা, স্বাস্থ্য সুরক্ষা বা কমিউনিটি বিনির্মাণে।

মানচিত্রে নির্দেশিত দশ স্বাস্থ্যকর শহর।
মানচিত্রে নির্দেশিত দশ স্বাস্থ্যকর শহর।

কোপেনহেগেনে বাস করা প্রায় ১০ লাখ ২০ হাজার মানুষের বেশির ভাগই উচ্চশিক্ষিত। দক্ষ প্রফেশনাল ও বয়সে অপেক্ষাকৃত তরুণ। তারা অফিস ও বন্ধুবান্ধবের মধ্যে সময় কাটানোর জন্য একটা ভারসাম্য রক্ষা করে চলে, যেটি তাদের মানসিক অবসাদ (স্ট্রেস) নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সিএনএনের গ্লোবাল হেলথ সিটিজ প্রতিবেদনে জানিয়েছে।
এই শহরকে নিয়ে সিএনএনের ড্যানিয়েলের করা ওই প্রতিবেদনে আরও জানা যায়, কোপেনহেগেনে হালকা (রিলাক্স) পরিবেশের মধ্যে হাঁটার দূরত্বে রেস্তোরাঁ, গ্রোসারি ও টাটকা ফলমূলের দোকান এবং নগরের সব খেলাধুলার স্থান সবগুলোই হাতের নাগালে, যা অন্য কোথাও পাওয়া বেশ দুরূহ। অন্যদিকে শরীরের সুস্থতা ও নিজেকে স্লিম রাখতে সাইকেলে করে অফিসে যাওয়া কোপেনহগেনে বাস করা নারী-পুরুষের জন্য একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এদিকে কোপেনহেগেনে সবুজ যান তথা সাইকেল চালাতে উৎসাহিত করতে ২৪৯ মাইল দীর্ঘ সহজ ও নিরাপদ সাইকেল লেন তৈরি করা ছাড়াও ২০১৫ সালের মধ্যে কোপেনহেগেনের সব নাগরিকের জন্য ১৫ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে একটি পার্ক অথবা সৈকত-সুবিধার পরিকল্পনা দ্রুতগতিতে এগিয়ে চলছে। জানা গেছে, নতুন বানানো অধিকাংশ পার্ককে বলা হচ্ছে পকেট পার্ক। প্রতিটি নাগরিকের জন্য ছোট্ট সবুজ খোলা জায়গায় পরিণত করা হচ্ছে। এটা সব নাগরিককে সুস্থ রাখা ছাড়াও যান ও মানুষজট হ্রাস এবং নির্মল বায়ু প্রদানে সাহায্য করবে।

কোপেনহেগেনকে যখন চিহ্নিত করা হচ্ছে সুখী মানুষের শহর হিসেবে, তখন জেনে নেওয়া যাক শীর্ষে দশে থাকা বাকি শহরের অবস্থা। জাপানের ওকিনাওয়া সর্বোচ্চ বয়স্ক মানুষের শহর। এ শহরের নারীদের গড় বয়স ৮৬ ও পুরুষের ৭৮ বছর। এটা সারা বিশ্বের গড় বয়সের চেয়ে ১০ বছর বেশি। নারীদের ক্ষেত্রে তা বেশি ১৩ বছর।
মোনাকোর মনটিকার্লো অনাগত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। মাত্র পনেরো হাজার জনসংখ্যার এ শহরের শিশুমৃত্যুর হার বিশ্বের সর্বনিম্ন। মোনাকোতে এক হাজার শিশুতে মৃত্যুর হার মাত্র ১ দশমিক ৮১!
কানাডার ভ্যানকুভার নির্মল ও বিশুদ্ধ বায়ুর শহর।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বসবাসযোগ্য শহর। মেলবোর্ন খেতাব পেয়েছে ফিট অ্যান্ড ফ্রেন্ডলি সিটি হিসেবে।
নিউইয়র্ক অ্যান্টি স্মোকিং সিটি। ধূমপান নিরুৎসাহিতকরণে নিউইয়র্ক সিটি বিশ্বের অন্য যেকোনো শহর থেকে যোজন যোজন এগিয়ে। এ শহরে এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১০.৫০ ডলার। ২০০২ সাল থেকে অফিস ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ।
সুইডেনের ইউনশপিং (Jonkoping) বয়স্কদের দেখভাল করার শহর। এ শহরটি লিটল জেরুজালেম বলে খ্যাত।
কিউভার হাভানা প্রিভেনটিভ মেডিসিন নামে খ্যাত। আমেরিকানরা প্রতি জন গড়ে স্বাস্থ্যের জন্য খরচ করে প্রায় ৯ হাজার ডলার। সেখানে কিউবায় ব্যয় মাত্র ৪০০ ডলার। এ শহরে স্বাস্থ্য বিষয়ে প্রধান শিক্ষা রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই শ্রেয়।
সিঙ্গাপুর হেলথ কেয়ার সিস্টেম হিসেবে খ্যাত। বলা হয়, সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবার খরচ উন্নত বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ সিঙ্গাপুরের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিতে আসে।
ক্যালিফোর্নিয়ার নাপা শহর স্বাস্থ্যকর স্বভাবের শহর। এ বিষয়ে উৎসাহ প্রদান বিশেষত স্বেচ্ছাসেবামূলক কাজে এ শহর অন্য যেকোনো শহর থেকে এগিয়ে।

মোহাম্মদ ফয়সাল
কোপেনহেগেন, ডেনমার্ক