স্বাস্থ্যকেন্দ্রই এখন রোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* এক্স-রে ও অস্ত্রোপচার হয় না। চিকিৎসকদের শীর্ষ দুটি পদও খালি। নষ্ট হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। * স্বাস্থ্যকেন্দ্রটিতে আনোয়ারা ছাড়াও পাশের উপজেলা চন্দনাইশ ও বাঁশখালীর অনেকে চিকিৎসা নেন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে ও অস্ত্রোপচার হয় না। চিকিৎসকদের শীর্ষ দুটি পদও খালি। নষ্ট হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। আর পানির সমস্যা তো রয়েছেই। এতসব সমস্যা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রই এখন রোগী হয়ে আছে।

স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, এই স্বাস্থ্যকেন্দ্রটিতে আনোয়ারা ছাড়াও পাশের উপজেলা চন্দনাইশ ও বাঁশখালীর অনেকে চিকিৎসা নেয়। প্রতিদিন চিকিৎসাসেবা নেয় প্রায় ১০০ জন রোগী।
১৫ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের অস্ত্রোপচার ও এক্স-রে কক্ষে তালা লাগানো। বহির্বিভাগে কমপক্ষে ৬০ জন রোগী চিকিৎসার নেওয়ার অপেক্ষায়। কেউ কেউ চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বের হচ্ছে। ওই দিন অন্তর্বিভাগে ভর্তি আছে ৩১ জন।
কথা হয় পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা রোগী বৈরাগের গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা আবদুর নুরের (২৭) সঙ্গে। তিনি জ্বর ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুদিন আগে। তিনি বলেন, এক্স-রেসহ ডাক্তারের দেওয়া সব পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়েছে। হাসপাতালে এক্স-রে থাকলে রোগীদের জন্য সুবিধা হতো।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্থাপিত হয় অস্ত্রোপচার কক্ষ। কিন্তু গত ১০ বছরে একটি অস্ত্রোপচারও হয়নি। এ ছাড়া ২০১৫ সালের মার্চ থেকে এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে গেলে এটি আর মেরামত হয়নি। গত ১৬ ডিসেম্বর থেকে বিকল হয়ে গেছে অ্যাম্বুলেন্সটি। এদিকে চার মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তার (আরএমও) পদটি শূন্য আছে। ওই পদে বিভিন্ন সময়ে কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক দায়িত্ব পালন করে আসছেন। তা ছাড়া ২০১৬ সালের ২৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূন্য হলে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে মো. হুমায়ূন কবিরকে নিয়োগ দেওয়া হয়। তবে ২০ দিন ধরে তিনিও ছুটিতে থাকায় ওই পদে দায়িত্ব পালন করছেন পৃথ্বীরাজ কর। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ৩৩ জন চিকিৎসকের মধ্যে জুনিয়র কনসালট্যান্টের তিনটি পদ শূন্য রয়েছে। প্রেষণে আছেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), স্বাস্থ্য কর্মকর্তা (ইএমও) ও দুজন সহকারী সার্জন। এর বাইরে মাতৃত্বকালীন ছুটিতে একজন, প্রশিক্ষণে একজন ও আরেকজন ইস্তফার আবেদন করেছেন। দ্বিতীয় শ্রেণির ২২টির মধ্যে চারটি, তৃতীয় শ্রেণির ৮৪ জনের মধ্যে ২২টি ও চতুর্থ শ্রেণির ২৩টির মধ্যে ৬টি পদ শূন্য।
জানতে চাইলে ভারপ্রাপ্ত আরএমও মোহাম্মদ মিজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স, এক্স-রে যন্ত্র, অপারেশন থিয়েটার এখন অকার্যকর। পাশাপাশি পানির সমস্যাও আছে। এসব সমস্যা সম্পর্কে সিভিল সার্জন কার্যালয় অবগত আছে।
একই কথা বলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পৃথ্বীরাজ করও।