স্বাস্থ্যকেন্দ্রে পানি পাচ্ছে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা। ১৪ মে সকালে হাসপাতালের ভেতরের অকেজো নলকূপটি মেরামত করার পর পানিসংকট দূর হয়।রোগীরা জানায়, হাসপাতালের নলকূপটি নষ্ট থাকায় রোগীরা বিশুদ্ধ পানির সংকটে পড়ে। ফলে হাসপাতালের বাইরের দোকান থেকে খাবার পানি আনতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় রোগীর স্বজনদের। এভাবে একনাগাড়ে ছয় মাস অচল থাকলেও কর্তৃপক্ষ নলকূপটি মেরামত করেনি। ১৩ মে প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘পানির জন্য রোগীদের হাহাকার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রশাসন ১৪ মে সকালে নলকূপটি মেরামত করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘পানির স্তর নিচে নেমে যাওয়ার কথা বলায় নলকূপটি এত দিন মেরামত করা হয়নি। আর এখন শুধু ওপরের অংশটি বদল করে নতুনভাবে স্থাপন করার পর নলকূপটি সচল হয়েছে।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘হাসপাতালে পানিসংকটের কথা জানা ছিল না। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর নলকূপটি মেরামতের উদ্যোগ নিই।’