আনোয়ারা চিকিৎসাসেবা ব্যাহত। মানা হচ্ছে না সিভিল সার্জনের নির্দেশ
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবনে রাতে থাকেন না চিকিৎসকেরা
আবাসিক চিকিৎসা কর্মকর্তার স্বাস্থ্যকেন্দ্রে রাত্রিযাপনের বিধি থাকলেও আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের কোনো নজির নেই। শুধু তিনি নন, একইভাবে আবাসিক ভবনে থাকেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও। বলতে গেলে থাকার কেউ নেই আবাসিক ভবনগুলোতে। এদিকে, চিকিৎসকদের রাতে অবস্থান করার জন্য সিভিল সার্জন নির্দেশ দিলেও কাজ হয়নি।সূত্র জানায়, আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা গেলেও এখনো স্বাস্থ্যকেন্দ্রে রাতে কোনো চিকিৎসক অবস্থান করেন না। আবাসিক ভবন পড়ে থাকলেও সেখানে থাকার কেউ নেই। ২১ জন চিকিৎসকের মধ্যে রাতে শুধু জরুরি বিভাগের একজন দায়িত্ব পালন করেন। কিন্তু একজনের পক্ষে ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয় না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া অপর চারজন চিকিৎসক—ডা. জিয়াউল আনসার চৌধুরী, ডা. ইফতেখার মাহমুদ, ডা. সাঈদ মো. হাসান ও ডা. মনোজ কুমার বড়ুয়ার নামে ভবন বরাদ্দ আছে কিন্তু তাঁরাও সেখানে থাকেন না। তবে, তাঁরা সরকারি নিয়ম মোতাবেক বাড়ি ভাড়ার ১০ শতাংশ দিচ্ছেন। সূত্র জানায়, চিকিৎসকদের জন্য নির্মিত দুটি ভবনের একটি পরিত্যক্ত হয়ে আছে। আরেকটি ভবনের বাসা চিকিৎসকদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ভবনে বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা থাকেন বলে জানা গেছে। এদিকে, চিকিৎসকদের রাতে আবাসিক ভবনে থাকার জন্য ২৯ মে সিভিল সার্জন আবু তৈয়ব লিখিত নির্দেশ দিয়েছেন। কিন্তু এর পরও হাসপাতালের আবাসিক ভবনে থাকছেন না চিকিৎসকেরা।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক অসুবিধায় আছেন, এ জন্য এখন থাকছেন না। আশা করছি শিগগির তিনি স্বাস্থ্যকেন্দ্রে থাকবেন।’ আপনিও তো থাকেন না—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে এড়িয়ে যান।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আবু তৈয়ব প্রথম আলোকে জানান, ‘চিকিৎসকদের স্বাস্থ্যকেন্দ্রে থাকাটা বাধ্যতামূলক। যদি সরকার বাসা বরাদ্দ দিতে নাও পারে তাহলে স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি কোথাও থাকতে হবে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক স্বাস্থ্য কর্মকর্তাকে কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দিয়েছি। এর পরও যদি না থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’