‘এই, বাইর হ। আমি যামু। কতক্ষণ হইছে ঢুকছস।’ চিৎকার করে মুন্নী। ‘আরে ঘুমাই পরছসনি। তাড়াতাড়ি বাইর হ।’ আবার বলে মুন্নী। ‘তোর পর কিন্তুক আমার সিরিয়াল, কেউ যেন না ঢোকে।’ বলে সোনিয়া। এটা বুদ্ধিজীবী বেড়িবাঁধ বস্তির একটি শৌচাগারের সামনের চিত্র।বস্তিতে যৌথ শৌচাগার ব্যবহার করা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শৌচাগারের সামনে থাকে লম্বা লাইন। শৌচাগারে কেউ একটু বেশি সময় নিলেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি। অনেক সময় এর পরিসমাপ্তি ঘটে ঝগড়া বা হাতাহাতিতে। বুদ্ধিজীবী বেড়িবাঁধ বস্তি ছাড়াও রায়েরবাজারের সুলতানগঞ্জ বস্তি, শরিফের বস্তি, কড়াইল রাজ্জাকের বস্তি, আগারগাঁও কুমিল্লা বস্তি ও গেন্ডারিয়া বস্তি ঘুরে একই অবস্থা দেখা গেছে। বস্তিতে মানুষের প্রয়োজনের তুলনায় শৌচাগারের সংখ্যা খুবই কম। বুদ্ধিজীবী বেড়িবাঁধ বস্তিতে ৩৫০টি পরিবারের বসবাস। প্রতিটি পরিবারের সদস্যসংখ্যা কম হলেও পাঁচ। অথচ মোট শৌচাগারের সংখ্যা নয়। শৌচাগার বলতে বাঁশের বেড়া দিয়ে সামনে কাপড় বা চটের পর্দা ঝুলিয়ে দরজার কাজ সারা হয়। তবে কোথাও কোথাও টিনের বেড়া আছে। এ ছাড়া অনেক বস্তিতে খোলা শৌচাগারও দেখা যায়।এ রকম খোলা ও অস্বাস্থ্যকার শৌচাগার থেকে রোগজীবাণু দ্রুত পানি ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বস্তির মানুষ পানি ফুটিয়ে পান করে না। তারা সাপ্লাইয়ের পানি পান করে। স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাবে শিশু ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, নিউমোনিয়া, হেপাটাইটিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়।এ বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, বস্তির শিশুরা মূলত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসে। এ ছাড়া এরা প্রসবকালীন ও প্রসব-পরবর্তী অনেক সমস্যায় ভুগে থাকে।বস্তিতে ঘরের বাইরে খোলা জায়গায় শৌচাগার হওয়ায় কিশোরীরা দিনে শৌচাগারে কম যায়, প্রাকৃতিক কাজগুলো দীর্ঘ সময় আটকে রাখে। স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, এতে মূত্রনালিতে সংক্রমণসহ কিডনিতে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া বস্তিতে নোংরা পানি ব্যবহূত হওয়ায় জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণে নানা ধরনের মূত্র ও যৌনরোগের সৃষ্টি হয়।এ ছাড়া বস্তিতে নোংরা ও খোলা পরিবেশে যৌথ রান্নাঘরে মাটির চুলায় রান্নাবান্নার কাজ করা হয়। কড়াইলে রাজ্জাকের বস্তিতে ২৫টি ঘরের জন্য চারটি চুলা। বস্তিবাসীরা মূলত সময় ভাগ করে নিয়ে কোনোমতে ভাত, সঙ্গে যেকোনো একটি তরকারি রান্না করে। এখানে একবার রান্না করে তিনবার খাওয়া হয়; তাতে খাবারের পুষ্টিমান কমে যায় বা ব্যাকটেরিয়ার সংক্রমণের সুযোগ থাকে। এ ছাড়া এদের খাবারেও প্রয়োজনীয় পুষ্টি থাকে না। আবার কিছু বস্তিতে গ্যাসের ব্যবস্থা থাকলেও তা নির্দিষ্ট সময়ের জন্য। রায়েরবাজার সুলতানগঞ্জ বস্তির ভাড়াটে হাসি বেগম বলেন, ‘রাইত ১২টা থিকা সকাল আটটা পর্যন্ত গ্যাস থাহে। বাচ্চার সুজিও তহন রান্ধি। সারা দিন ওই ঠান্ডা সুজিই খাওয়াই।’বস্তি এলাকায় গোসলের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। প্রতিটি বস্তিতে একটি চাপকল থাকে, সেখানে গোসল, কাপড় কাচা, থালাবাসন ধোয়া—সব কাজই সারা হয়। আবার সব সময় পানি থাকে না। পানি ধরে রাখতে হয়। কিছু বস্তিতে পানির কোনো ব্যবস্থাই থাকে না। তারা বাজার বা অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে পানি সংগ্রহ করে। আগারগাঁও কুমিল্লা বস্তির বাসিন্দাদের আগারগাঁও বাজার থেকে পানি কিনে সব কাজ করতে হয়। এ কারণে তারা খুব প্রয়োজন ছাড়া কোনো কাজে পানি ব্যবহার করে না। এ বস্তির কিশোরী শেফালি বলে, ‘আমরা এক-দুই দিন পর পর গোসল করি। এক গেলাস পানিও হিসেব কইরা খাই।’অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ এবং পুষ্টিহীনতার কারণে এখানকার বেশির ভাগ শিশুই চর্মরোগে ভোগে। মূলত ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। তারা খোসপাঁচড়া, দাদ, ছুলি, ইন্টারট্রিগো, থ্রাশ, ডারমাটোফাইট, নখের সংক্রমণসহ নানা রোগে আক্রান্ত হয় বলে জানান ঢাকা কমিউনিটি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বস্তির প্রায় প্রত্যেক শিশুরই ঠোঁটে ঘা থাকে, যা ভিটামিনের অভাবে হয়।বস্তিবাসীরা মূলত কাছাকাছি ওষুধের দোকান থেকে ওষুধ বিক্রেতা বা হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা নেয়। অর্থনৈতিক কারণে খুব সমস্যা না হলে কোনো হাসপাতালে যায় না। প্রসবকালেও তারা সহজে চিকিৎসাসেবা পায় না।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১২’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শহরের বস্তি এলাকায় শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। শহরে কাছাকাছি হাসপাতাল ও জরুরি সেবাকেন্দ্র থাকলেও দরিদ্র ও বস্তির মানুষ এসব সেবা নিতে পারে না। এ ছাড়া বস্তির শিশুদের অপুষ্টির হারও গ্রামের দরিদ্র পরিবারের শিশুদের চেয়ে বেশি।আর্থসামাজিক অবস্থার কারণে এখানকার অনেক মেয়ে অল্প বয়সে যৌন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হয় এবং অনিরাপদ যৌন সম্পর্ক করে। এ কারণে নানা ধরনের রোগজীবাণু তাদের শরীরে ছড়িয়ে পড়ে।এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক গুলশান আরা প্রথম আলোকে বলেন, অনিরাপদ যৌন সম্পর্কের কারণে মেয়েদের সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, পিআইডিসহ বিভিন্ন যৌনরোগ ও প্রজননতন্ত্রে নানা ধরনের সমস্যা হয়; এমনকি এইডসের মতো মরণব্যাধিতেও তারা আক্রান্ত হচ্ছে। এ ছাড়া এদের গর্ভপাতের হার খুব বেশি, যা কিশোরীদের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, একসময় তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তবে লোক-জানাজানির ভয়ে সহজে চিকিৎসাসেবা নেয় না তারা। অনেকে লুকিয়ে এসে চিকিৎসা নিয়ে থাকে।বর্তমানে মাদকের ব্যাপক বিস্তৃতি ও সহজলভ্যতার কারণে বস্তির কিশোরীরাও এতে আসক্ত হয়ে পড়ছে। এ ছাড়া এখানে কিশোরী ধূমপায়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে, যা তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।