স্বাস্থ্যসম্মত ওয়ার্ডের অসুস্থ হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনায় ভরা জামালখান খাল l প্রথম আলো
আবর্জনায় ভরা জামালখান খাল l প্রথম আলো

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরে হেলদি সিটি বা স্বাস্থ্যসম্মত নগর প্রকল্পের কাজ শুরু করে। ওই সময় জামালখানকে হেলদি ওয়ার্ড ঘোষণা করা হয়
মাধ্যমিক পর্যায়ে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। চট্টগ্রামের জামালখান এলাকার বিদ্যালয়টি শিক্ষায় নগরের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে প্রতিবছরই। শিক্ষায় বিদ্যালয়ের অবস্থান উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। কিন্তু এর বাইরের পরিবেশ একেবারেই উল্টো।
বিদ্যালয়ের দেয়ালে দৃষ্টিকটুভাবে সাঁটানো হয়েছে অসংখ্য পোস্টার। বিদ্যালয়ের বিপরীত পাশের ফুটপাতের অবস্থা আরও ভয়াবহ। ফুটপাতে থাকা ডাস্টবিন উপচে পড়ছে ময়লা-আবর্জনা। প্রস্রাবের উৎকট গন্ধে নাকে রুমাল চাপা দিতে হয়। সব মিলিয়ে বিষিয়ে উঠেছে আশপাশের পরিবেশ। হাঁটার কোনো উপায় নেই। কোনোভাবে পথটুকু পাড়ি দিতে পারলে যেন বাঁচেন পথচারীরা। অথচ এই ফুটপাতের পাশ ঘেঁষে রয়েছে এ জি চার্চ বিদ্যালয়, চট্টগ্রাম প্রেসক্লাব ও ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সময়ের স্বাস্থ্যসম্মত (হেলদি) ওয়ার্ড হিসেবে খ্যাত জামালখানের বর্তমান অবস্থা এমনই। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের আসকারদীিঘর বাজার, শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কের এস আলম টাওয়ারের সামনে, চিটাগং আইডিয়াল স্কুলের বিপরীত পাশে, গ্রিনলেজ ব্যাংক আবাসিক কলোনির সামনের সড়কে ছড়িয়ে–ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা।

বর্জ্য-ব্যবস্থাপনার এই বেহাল দশায় এখন আর জামালখানের হেলদি ওয়ার্ডের ঐতিহ্য নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরে হেলদি সিটি বা স্বাস্থ্যসম্মত নগর প্রকল্পের কাজ শুরু করে। ওই সময় জামালখানকে হেলদি সিটি ঘোষণা করা হয়।
ওয়ার্ডের আসকারিদিঘর পাড়ের বাসিন্দা মঈনুল ইসলাম জানান, একসময় ওয়ার্ডে দুই দফা ঝাড়ু দেওয়া হতো। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হতো। একেবারে পরিচ্ছন্ন ওয়ার্ড ছিল জামালখান। কিন্তু বর্তমানে সে ঐতিহ্য আর নেই।
তৎকালীন সময়ে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সিটি করপোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের বলেন, স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার জন্য ওই সময় প্রতিটি ওয়ার্ডে কমিশনারদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সভা হতো।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী স্বাস্থ্যসম্মত ওয়ার্ডের ঐতিহ্য ধরে রাখতে না পারার জন্য জনবল সংকটকে দায়ী করেছেন। তিনি বলেন, নালা-নর্দমা ও সেতু নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, পুরোনো ভবন সংস্কারসহ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে সিটি করপোরেশন। তবে জনসংখ্যার তুলনায় সেবকের সংখ্যা বাড়েনি। একসময় ওয়ার্ডে ঝাড়ু দেওয়ার জন্য ৫৫ জন সেবক ছিলেন। বর্তমানে আছেন ৪১ জন। আর লোকজন আরেকটু সচেতন হলে এলাকার চেহারা আরও ভালো হতো।
সিটি করপোরেশনের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, গত চার অর্থবছরে ওয়ার্ডের সড়ক সংস্কার, পিচঢালাই, ফুটপাত, নালা-নর্দমা ও সেতু নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, পুরোনো ভবন সংস্কারসহ ৬৪টি প্রকল্পে ৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয় করা হয়।
এদিকে মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরেও ওয়ার্ডের পানিপ্রবাহের প্রধান মাধ্যম জামালখান খালের অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। খালের জামালখান, শরীফ কলোনি অংশে পলিথিন, ময়লা-আবর্জনা ও বর্জ্য পড়ে প্রায় ভরাট হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে পরিষ্কার করা না হলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। ওয়ার্ডের রফিক কমিশনারের গলির সড়কটিতে পিচঢালাই করা হয়নি। শতদল ক্লাবের সামনের সড়ক এবড়োখেবড়ো হয়ে পড়ে আছে।