
টি-শার্টে ব্যবহূত রং অনেক সময় শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। তা ছাড়া টি-শার্টে বুকের ওপর স্ক্রিন প্রিন্ট থাকলে বাইরের বাতাস চলাচল করতে পারে না। ফলে গরমে শরীর ঘেমে যায়। তবুও তরুণদের কাছে স্ক্রিন প্রিন্ট করা টি-শার্ট অনেক জনপ্রিয়। সেটি বিবেচনা করে ফ্যাশন হাউস নিত্য উপহার বাজারে এনেছে স্ক্রিন প্রিন্টের নতুন ধরনের টি-শার্ট। যার পুরোটাই করা হয়েছে আলোকচিত্রীদের তোলা ছবি দিয়ে। কেনার আগে চাইলে দেখে আসতে পারেন এই টি-শার্ট। নতুন এসব টি-শার্ট নিয়ে ঢাকার আজিজ সুপার মার্কেটের গ্যালারি নিত্য উপহারে চলছে এক প্রদর্শনী।
‘গ্রীষ্ম সাময়িকী’ নামে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী এরই মধ্যে জমে উঠেছে। ১২ জন আলোকচিত্রীর তোলা ১৬টি ছবি দিয়ে বানানো হয়েছে এই টি-শার্ট। এর পাশাপাশি নিত্য উপহারের গ্রীষ্মের শাড়ির দেখা পাওয়া যাবে সেখানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
প্রদর্শনীর শুরু হয় কাব্য কামরুলের বৈশাখী পুঁথি পাঠ দিয়ে। ‘গ্রীষ্ম সাময়িকী’ প্রদর্শনী নিয়ে নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘আলোকচিত্র দিয়ে টি-শার্ট করতে চেয়েছি তরুণদের চাহিদা মাথায় রেখে। তা ছাড়া এখানে ব্যবহূত রং ও আলোকচিত্রের স্ক্রিন প্রিন্ট করা হয়েছে ব্যবহারকারীদের স্বাস্থ্যের কথা ভেবে। আজকাল তো সবাই মুঠোফোন, ক্যামেরা, ট্যাব ইত্যাদি দিয়ে ছবি তোলেন। চাইলে নিজের তোলা আলোকচিত্র দিয়ে ক্রেতার চাহিদামতো টি-শার্ট বানিয়ে দেব আমরা।’
মাসব্যাপী চলা এই প্রদর্শনী শেষ হবে আগামী ১০ মে।