স্বাস্থ্যসেবা পাচ্ছে না উখিয়ার ১২ গ্রামের মানুষ
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় ১২টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। উপকূলের এই জনপদে শুধু মনখালী গ্রামে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র আছে। কিন্তু তা-ও মানুষের কোনো কাজে আসছে না। ওই কেন্দ্রে প্রায় সময় চিকিৎসক থাকেন না বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার অদূরে অবস্থিত উপকূলীয় মনখালী, চেপটখালী, ছেনছড়ি, মাদার বনিয়া, ছোয়াংখালী, বাইলাখালী, আইলাখালী, মোহাম্মদ শফিরবিল, ছেপটখালী, রূপপতি, পাটুয়ার টেকসহ ১২টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এর মধ্যে বেশির ভাগ জেলে। এদের পরিবারের কারও অসুখবিসুখ হলে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উখিয়া সদরে নেওয়া সম্ভব হয় না। ফলে লোকজনকে বাধ্য হয়ে স্থানীয় ওঝা, বৈদ্য ও কবিরাজের ঝাড়ফুঁক, তাবিজ, পানি পড়ার ওপর নির্ভর হতে হয়। উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় পরিষদের সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জানান, সমুদ্র উপকূলের এই ১২ গ্রামের মানুষ নানাভাবে অবহেলিত এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এসব গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখার স্বার্থে এলাকায় একটি ১০ শয্যার হাসপাতাল ও তিনটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি। স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহমদ চৌধুরী জানান, চিকিৎসকের অনুপস্থিতিতে মনখালীতে স্থাপিত ক্লিনিকটি মাসের বেশির ভাগ সময় বন্ধ থাকে। ফলে এটি জনগণের কোনো কাজে আসছে না। দুর্গম উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে এই ক্লিনিকে সার্বক্ষণিক একজন চিকিৎসক ও কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়োগ দরকার। ক্লিনিকের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনিল বড়ুয়া জানান, অফিসের কাজে মাঝে মধ্যে উখিয়া সদরে যেতে হয়। তখন হাসপাতালটি অচল হয়ে পড়ে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, ক্লিনিকে শূন্যপদে লোক নিয়োগের চেষ্টা চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রতি মাসে প্রায় ৩৫ হাজার টাকার বিভিন্ন প্রকারের ওষুধ সরবরাহ দেওয়া হয়। এসব লোকজনের কল্যাণে ব্যবহার করা হচ্ছে।