পুষ্টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসেবা সম্পর্কে গ্রামের নারীদের ধারণা দিতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ২৭ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক কার্যক্রম। সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এসব বৈঠকে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও চারজন পরিবার কল্যাণ সহকারী নারীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, এই কার্যক্রমের আওতায় ইউনিয়নের ২৭ গ্রামের ৮ হাজার ৩০৩ জন নারীকে নিয়ে মাসে পাঁচবার উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনার দায়িত্বরত কর্মকর্তা ছেরাজ আহমদ বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে লোকবল–সংকটের কারণে এলাকার লোকজনকে সব সময় প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না। সে কারণে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মাঠপর্যায়ে মানুষকে সচেতন করার কাজ করছেন। তাঁরা প্রতিদিন অন্তত এক শ পরিবারকে স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
এই কার্যক্রমের সঙ্গে যুক্ত পরিবার কল্যাণ সহকারীরা জানান, স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব, খাদ্য ও পুষ্টি বিষয়ে সঠিক জ্ঞান, ভিটামিন-এ ও টিকার প্রয়োজনীয়তা (ইপিআই), নিরাপদ পানির ব্যবহার, এইডস ও যক্ষ্মা রোগের লক্ষণ, শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং কৃমির সংক্রমণ সম্পর্কে এসব বৈঠকে আলোচনা করা হয়। এ ছাড়া সাধারণ সর্দি, জ্বর ও ডায়রিয়া প্রতিরোধের উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয় গ্রামের নারীদের। এ ধরনের কার্যক্রমের ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর রোগীর চাপ কমবে বলে তাঁরা জানান।
মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল, মগডেইল, নয়াপাড়া, হংশমিয়াজির পাড়া, তিতা মাঝিরপাড়া, সিকদারপাড়া, রাজঘাট, লাইল্যাঘোনা, মন হাজিরপাড়া, ষাইটপাড়া, বান্ডিসিকদার পাড়া, মাইজপাড়া, সাতঘরপাড়া, ফুলজান মোরা, মিয়াজিপাড়া, বলির পাড়াসহ ২৭টি গ্রামে এসব উঠান বৈঠক চলছে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, মগডেইল করম আলি ফকিরের বাড়ির সামনে নারীদের নিয়ে উঠান বৈঠক করছেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান। বৈঠকে উপস্থিত নারীদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্নর উত্তর দিচ্ছিলেন তিনি।
অছিয়র রহমান বলেন, মাসে পাঁচবার উঠান বৈঠক আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হচ্ছে পরিবারগুলোকে। এ ছাড়া মাসে একবার মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে গর্ভবর্তী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হচ্ছে।