স্বাস্থ্যসেবার ওয়েবসাইট
বাড়িতে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ল। হয়তো জানেন না হাসপাতালের ঠিকানা ও ফোন নম্বর। অ্যাম্বুলেন্স ডাকবেন কীভাবে? আবার শরীরের পরীক্ষা-নিরীক্ষার জন্য যাওয়া প্রয়োজন ডায়াগনসিস সেন্টারে। একটু খোঁজখবর নিয়ে যেতে চান। হাতের কাছেই যদি পেয়ে যান এমন সেবা। এসবই জানা যাবে ইন্টারনেটে হেলথপ্রায়োর ২১ ওয়েবসাইটে (www.healthprior21.com)। প্রতিদিন কোন ধরনের খাবার খাবেন, টুথব্রাশ সঠিকভাবে ব্যবহারের নিয়ম ও দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যবিষয়ক তথ্যে ঢুঁ মারলেই জানা যাবে এখানে। এই ওয়েবসাইটটি প্রাথমিকভাবে শুরু হয় গত বছরের সেপ্টেম্বর থেকে। সাইটটির ব্যবস্থাপনা পরিচালক ফারহানা এ রহমান বলেন, ‘স্বাস্থ্যবিষয়ক সচেতনতার অভাবে আমাদের দেশে অনেক মানুষ মৃত্যুর মুখোমুখি হয়। মানুষের দোরগোড়ায় যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, তাই এই প্রচেষ্টা। সাইটটির চেয়ারম্যান চিকিৎসক রুবাইউল মোরশেদ অনেক সহযোগিতা করেছেন এই ওয়েবসাইটটি গড়ে তোলার জন্য। সঙ্গে আছে দেশ-বিদেশের নামকরা সব চিকিৎসক। ’এই ওয়েবসাইটের ই-লাইব্রেরি থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ও চিকিৎসকেরা বিনা মূল্যে দেশ-বিদেশের চিকিৎসাশাস্ত্রের বই নামিয়ে নিতে পারবেন। পাশাপাশি এখানকার ই-ডাক্তারের সঙ্গেও রোগ নিয়ে আলোচনা করতে পারবেন। শুধু তা-ই নয়, এমন অনেক গোপন অসুখ আছে কিংবা মানসিক কোনো সমস্যা, যা আপনি চিকিৎসকের সামনে বলতে লজ্জা পাচ্ছেন। এর সমাধানও আছে এখানে। রোগের ধরন ও লক্ষণ লিখে ই-মেইল করে দিন। চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন ফিরতি ই-মেইলে।হেলথপ্রায়োর ২১-এর ই-পেশেন্ট শাখায় খাদ্য ও পুষ্টি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। ওজন কমানোর উপায়, বিভিন্ন ফলের গুণাগুণসহ খাদ্য ও পুষ্টির নানা দিক নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং তাঁদের লেখা এখানে পাবেন। রোগসংক্রান্ত তথ্য শাখায় জানা যাবে বিভিন্ন রোগ সম্পর্কে এবং তা প্রতিকারের উপায়। ওষুধ ছাড়া কীভাবে মাথাব্যথা কমাবেন, ভালো ঘুমের উপায় ও মানসিক চাপ কমানোর উপায় জানতে হলে দেখে নিন লাইফস্টাইল শাখাটি। যেকোনো মুহূর্তে দরকার হলো অ্যাম্বুলেন্স। এয়ার ও সাধারণ অ্যাম্বুলেন্স পেতে যোগাযোগ করতে হবে জরুরি সেবা শাখায়। এই শাখায় আরও আছে ২৪ ঘণ্টার ফার্মেসি সেবা। এ ছাড়া ই-স্টোরে রয়েছে অটিস্টিক শিশুদের লেখাপড়া শেখার সরঞ্জামাদি, ডায়াবেটিসের রোগীদের ব্যবহারিক জিনিসপত্র, হুইলচেয়ার, উচ্চ রক্তচাপ মাপার যন্ত্রসহ নানা ধরনের যন্ত্র রয়েছে, যা বিভিন্ন রোগীর প্রয়োজন হয়। আবার অসুস্থ কাউকে দেখতে যাবেন, তাঁর জন্য উপহার কিনতে চান। সেই ব্যবস্থাও আছে ই-স্টোরে। এ ছাড়া বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে রোগ নিয়ে আলোচনা করতে পারেন। একবার চিকিৎসক দেখানোর পরেও আপনার মনে খুঁতখুঁত করতে থাকল। তখন দ্বিতীয় কারও মতামতের জন্য এখানের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন। ই-অ্যাপয়েন্টমেন্ট সেবার আওতায় নামকরা সব চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বিকাশ ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন। ঢাকার বাইরে বাড়িতে গিয়ে জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে, তার জন্য বাড়তি টাকা দিতে হবে।