
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে চিকিৎসক হবেন। সেবা করবেন অসহায় মানুষের। সেই স্বপ্নের অনেকটাই আজ সত্যি করেছেন সায়মা আলম। নামের আগে বসেছে চিকিৎসক উপাধি। শুধু কি তা–ই! ৩৫তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগের মেধা তালিকায় দেশের সব পরীক্ষার্থীকে পেছনে ফেলে হয়েছেন প্রথম।
সম্প্রতি কথা হয় তরুণ এই চিকিৎসকের সঙ্গে। গেজেট প্রকাশিত হওয়ার পর ২ মে সায়মা যোগ দিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় থাকা জঙ্গলখাইন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় কাটত সায়মার। সর্বশেষ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম মেডিকেল কলেজে এমএস রেসিডেন্সি কোর্সে পড়াশোনা করছিলেন তিনি। সেখান থেকে ছুটি নিয়েই বর্তমানে যোগ দিয়েছেন কর্মস্থলে।
২০০৫ সালে নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও ২০০৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন সায়মা। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। কিন্তু পরিবারের সিদ্ধান্তে সেখান থেকে এসে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে।
মেডিকেল কলেজের পড়াশোনা ভালো লেগে গিয়েছিল তাঁর। ভর্তির পর থেকে নিজের আগ্রহ নিয়েই পড়তেন। যার ফল হিসেবে কলেজের প্রথম পেশাগত পরীক্ষায় (প্রফ) প্রথম হন তিনি। এর পুরস্কার হিসেবে লন্ডনের জন রেডক্লিফ হাসপাতালে জেনারেল মেডিসিন বিষয়ে আট সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণেরও সুযোগ পান। ২০১২ সালে তিনি এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
চিকিৎসাবিজ্ঞানে স্নাতক শেষ করে সায়মা প্রথমবারেই বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) থেকে এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হয়ে যান এমএস রেসিডেন্সি কোর্সে। এর মধ্যেই ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে স্বাস্থ্য বিভাগে প্রথম হন তিনি।
স্বপ্নের পথে সায়মা এগিয়েছেন অনেক দূর। আর এই পথচলার মূল সারথি ছিলেন সায়মার চিকিৎসক বাবা মনছুরুল আলম, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। সায়মার মতে, বাবার সঠিক দিকনির্দেশনা ছাড়া কিছুই করতে পারতেন না তিনি। পথচলার মূল সারথি বাবা হলেও মা শাহানুর নাহার চৌধুরীর অবদানও কম নয় বলে জানালেন।
দুই বোন এক ভাইয়ের মধ্যে সয়মা সবার বড়। তাঁর স্বামী আহসানুল হক চৌধুরীও পেশায় চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে তিনি কর্মরত।
গল্প ও উপন্যাসের বই পড়ে অবসর কাটে এই মেধাবী চিকিৎসকের। তাঁর মতে, ভালো চিকিৎসক হতে হলে তত্ত্বীয় ও ব্যবহারিক দুই ধরনের জ্ঞানই লাগবে। তবেই দক্ষতা বৃদ্ধি পাবে চিকিৎসকের। সে কারণেই এখনো আরও অনেক দূর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন সায়মা। নিতে চান চিকিৎসাবিজ্ঞানের সব বড় ডিগ্রি। ভবিষ্যতে দেশের বাইরের বিভিন্ন জায়গায় ডিগ্রি নেওয়ার জন্য গেলেও দেশেই থিতু হতে চান তিনি।
সায়মার ইচ্ছে, ভবিষ্যতে নারীদের বন্ধ্যাত্ব নিয়ে কাজ করবেন। হবেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সায়মা বলেন, ‘কোনো এক অজানা কারণে দেশে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসকদের একটা দূরত্ব রয়েছে। তাই রোগীরা ছুটে যান দেশের বাইরে। অথচ আমাদের দেশের চিকিৎসকদের সব যোগ্যতাই রয়েছে। বিদেশের চিকিৎসকেরা আমাদের দেশের চিকিৎসকদের চেয়ে বেশি যোগ্যতাসম্পন্ন নয়।’
পরিস্থিতি আগে যা ছিল তার চেয়ে এখন অনেক ভালো। এ দেশে চিকিৎসাবিজ্ঞান বিকশিত হচ্ছে। সায়মা স্বপ্ন দেখেন, এই দেশ চিকিৎসাবিজ্ঞানে একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে।