
‘আমি মেয়েটার নাম জানি না। কোন বিভাগে পড়ে, তা-ও জানা নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের বাসে প্রতিদিন তাকে দেখি। আড়চোখে! পাশে বসার সাহস হয় না। আজ সে নীল রঙের জামা পরেছিল। কী যে সুন্দর লাগছিল!’
ফেসবুকে একটি বিশ্ববিদ্যালয়ের ‘কনফেশন’ পেইজে হঠাৎই দেখা গেল এমন একটা পোস্ট। সঙ্গে সঙ্গে নিচে মন্তব্যের হিড়িক। বিশ্ববিদ্যালয়ের বাস, আর নীল জামা—এই দুই ‘ক্লু’ হাতে নিয়ে বন্ধুরা সব নেমে পড়ল অনুসন্ধানে। কেউ হয়তো এক বান্ধবীকে ট্যাগ করে লিখল, ‘কিরে, তোর কথাই লিখল নাকি?’ কেউ পোস্টদাতাকে সাহস জোগায়, ‘একদিন সামনে দাঁড়িয়ে মনের কথা বলে ফেলেন ভাই। ভয় পেলে চলবে?’ কেউ আবার ‘আমি জানি, পোস্টটা কে লিখেছে!’—এমন মন্তব্য করে রহস্য আরও ঘনীভূত করে তোলে!
ওপরের ঘটনা কাল্পনিক। তবে কাছাকাছি একই রকম গল্প চোখে পড়বে ফেসবুকের বিভিন্ন কনফেশন পেইজে। ‘কনফেশন পেইজ’ এর বাংলা করলে দাঁড়ায় ‘স্বীকারোক্তি পাতা’! যা বলি বলি করে বলা হয় না, এমন কথাগুলো নিজের পরিচয় গোপন রেখে বলে ফেলার সুযোগ থাকে এসব পেইজে। কলেজ-বিশ্ববিদ্যালয়, সংগঠন, এমনকি কিছু অফিসেরও আছে কনফেশন পেইজ। সুপ্ত ভালোলাগা, ভালোবাসা, রাগ, অভিমান—অনেক কথাই উঠে আসে স্বীকারোক্তির ছুঁতোয়। কনফেশন পেইজ সম্পর্কে কারও অভিমত, এটা স্রেফ মজা করার জন্য। কারও কাছে এটি ‘ন্যাকামি’। কখনো কখনো কারও ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে, এমন অভিযোগ এনে কেউ কেউ আবার কনফেশন পেইজের ঘোর বিরোধী। এমনটাই জানা গেল তরুণদের সঙ্গে কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উম্মে সালমা যেমন বললেন, ‘প্রথমদিকে খুবই বিরক্ত লাগত। ক্যাম্পাসে গেলেই দেখি বন্ধুবান্ধবেরা এই নিয়ে গল্প করে। কার নামে কে কী লিখল—এসব নিয়ে গবেষণা চলে। একদিন অবসরে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের কনফেশন পেইজের কতগুলো পোস্ট পড়লাম। মজাই লাগল। কয়েকটা পোস্ট রীতিমতো গল্পের মতো, কারও কারও লেখনী আবার খুবই নিম্নমানের।’
এ ধরনের পেইজ সম্পর্কে অধিকাংশ তরুণের মতামতই মিলে গেল ফাহিম রহমানের সঙ্গে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ফাহিম বলছিলেন, ‘কাউকে ব্যক্তিগতভাবে আঘাত না করলে কনফেশন পেইজ—ব্যাপারটা খারাপ না। আমার মতে, কনফেশন লিখতে গিয়ে কারও নাম উল্লেখ করা ঠিক নয়। যাকে বলা হচ্ছে, সে বুঝলেই তো হলো। পেইজের অ্যাডমিনরা যদি একটু সচেতন থাকে, তাহলেই এ ধরনের পেইজ থেকে অপ্রীতিকর কিছু ঘটবে না।’