স্বীকৃতি জুটল সুনীলের, চট্টগ্রামেরও
সুনীল কৃষ্ণ দে। স্বাধীনতা-উত্তর প্রথম বাংলাদেশ ফুটবল দলের কৃতী খেলোয়াড় তিনি। খেলাধুলার পেছনে দীর্ঘ সময় ব্যয় করেছেন। স্বীকৃতিও পেয়েছেন কমবেশি। তবে সব ক্রীড়াবিদেরই স্বপ্ন থাকে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার। সদ্য এই পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা চট্টগ্রামের কীর্তিমান খেলোয়াড় সুনীল কৃষ্ণ দে।তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সব ক্রীড়াবিদই এই পুরস্কারটির জন্য মুখিয়ে থাকেন। আমার এত দিনের খেলোয়াড়ি ও কোচিং জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এটি অনন্য। এই পুরস্কার চট্টগ্রামের জন্যও গৌরব বয়ে এনেছে।’কৃতী ফুটবলার হিসেবে ২০০৮ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হন সুনীল কৃষ্ণ দে। গত বৃহস্পতিবার অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার নেন । ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় সোনার পদক, সনদপত্র ও ২০ হাজার টাকার চেক। সুনীল কৃষ্ণ দে স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালে গঠিত প্রথম বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। এই দলে তখন ছিলেন প্রতাপ হাজরা, জাকারিয়া পিন্টুসহ স্বাধীনবাংলা ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়। ছিলেন বর্তমান বাফুফের সভাপতি সালাহউদ্দিনও। ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে সুনীল দে কখনো ফরোয়ার্ড, কখনো লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন। ওই তিনটি বছর তিনি মালেশিয়ায় মারদাকা কাপ, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে জাতীয় দলের হয়ে খেলেন।এরপর পারিবারিক একটি দুর্ঘটনার কারণে তিনি যোগ দিতে পারেননি জাতীয় দলের ক্যাম্পে। তিনি বলেন, ‘১৯৭৫ সালে জাতীয় দলের ক্যাম্পের জন্য আমার ডাক পড়ে। কিন্তু আমার বড় ভাই পূর্ণ চন্দ্র দের আকস্মিক মৃত্যুর কারণে আমাকে আমাদের বাড়ি কক্সবাজার চলে যেতে হয়। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি।’জাতীয় দল ছাড়াও ১৯৬৮ সালে প্রথম চট্টগ্রাম জেলা দলের হয়ে খেলেন সুনীল দে। ওই বছর চট্টগ্রাম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া ওই বছর তিনি ঢাকা লীগের আজাদ স্পোর্টিংয়ের হয়েও খেলেছেন। এরপর খেলার সূত্র ধরে তিনি চট্টগ্রাম ওয়াপদায় চাকরিও পান। পরবর্তীকালে তিনি ওয়াপদা দলের হয়ে চট্টগ্রাম লিগে খেলছেন। এরপর ১৯৭৭-৭৮ সালের দিকে সুনীল খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ের দায়িত্ব নেন। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কোচ থাকাকালে সেনাবাহিনীর দলটি চ্যাম্পিয়নও হয়। এছাড়া বিডিআর, মুক্তি ক্লাব, বাকলিয়া একাদশসহ বিভিন্ন দলের কোচ ছিলেন তিনি। চ্যাম্পিয়ন করেন মুক্তি ক্লাবকেও। ছয় বছর আগে ওয়াপদার সরকারি চাকুরি থেকে অবসর নিলেও মাঠে নিয়মিত হাজির হন এখনো। প্রতিদিন তাঁকে দেখা যাবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। লিগ চলাকালে প্রতিটি খেলা দেখেন। ‘ফুটবলের টানেই মাঠে ছুটে আসি। সময় কাটাবার জায়গা কোথায়? যতদিন পারি এভাবে আসব।’-বলেন সুনীল। এখনকার ফুটবল দেখতে দেখতে একটি দীর্ঘশ্বাসও যেন বের হয়ে আসে সুনীলের বুক চিরে, ‘আমাদের সময় ফুটবলের স্বর্ণযুগ ছিল। আর এখন খেলার মান, দর্শক কিছুই নেই আগের মতো।’