স্বীকৃতি দূরের, ভাতও জোটে না বীরাঙ্গনা হ্লাম্রামং মারমার

বাড়িতে ছিলেন না তখন, এক প্রতিবেশী বললেন লাকড়ি জোগাড় করতে গেছেন। তবে মাথায় বোঝা নিয়ে ফিরলেন কিছুক্ষণের মধ্যেই। সকাল দশটা বাজলেও তখনো পেটে কিছু পড়েনি। তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে একাই থাকেন অশীতিপর বৃদ্ধা হ্লাম্রামং মারমা। এখন কোনো বেলা খাবার জোটে, কোনো বেলা জোটে না।
স্বাধীনতার ৪৫ বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতি জোটেনি খাগড়াছড়ির মহালছড়ির বীরাঙ্গনা হ্লাম্রামং মারমা (৮১)। একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে লাঞ্ছিত-নির্যাতিত হয়েছেন। সেই দুঃসহ স্মৃতির কথা বলতে চাননি দীর্ঘ বহু বছর। তবে শেষজীবনে এসে সরকারি সাহায্যের প্রত্যাশায় বাধ্য হয়ে মুখ খুলেছেন। হ্লাম্রামং মারমা বলেন, ‘একাত্তরের কথা বহুদিন কাউকে বলিনি। তবে এখন আর পারছি না। লোকে ভাত দিলে খাই। না দিলে খাই না। এখন মনে হচ্ছে কেউ বিষ দিলেও খাব।’
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে বাবুপাড়া। বাবুপাড়ায় মূল সড়ক থেকে আরও আধা কিলোমিটার গেলে হ্লাম্রামং মারমার বাড়ি। টিনের ছাউনি দেওয়া বাঁশ ও ইটের তৈরি এক কামরার ছোট ছাপরাঘরের দরজা খোলাই ছিল। ভেতরে কোনো কোনো আসবাব নেই। ঘরের একপাশে চুলা অন্য পাশে একটি কম্বল পুঁটলি করে রাখা। ৯ ডিসেম্বর সকাল ১০টায় হ্লাম্রামং মারমার বাড়িতে পৌঁছান এমন দৃশ্য দেখা গেল।
কেমন আছেন জানতে চাইলে হ্লাম্রামং বললেন, ‘ভালো নেই। আগের মতো কাজ করতে পারি না। স্বামী মারা গেছেন তিন বছর আগে। তিন সন্তানের মধ্যে ছোট মেয়েটিও মারা গেছে। দুই ছেলেমেয়ে দিনমজুর। তারা নিজেইরা চলতে পারে না। আমাকে কীভাবে সাহায্য করবে? নিয়মিত খেতে পাই না। তবু ভিক্ষা করি না। ভিক্ষা করতে খারাপ লাগে।’
একাত্তরের এর সেই দুঃসহ দিনগুলোর কথা জানতে চাইলে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘কী লাভ সেসব বলে? স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার ছিল আমার। একাত্তরের জ্যৈষ্ঠ মাসের (তারিখ মনে নেই) এক সন্ধ্যার দিকে পাকিস্তানি সেনারা আমাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। রাতভর আমার ওপর পাশবিক নির্যাতন চালায়। স্বামী প্রথমে গ্রহণ না করলেও পরে মেনে নিয়েছিলেন।’
ঘরের আঙিনায় বসে হ্লাম্রামং বলেন, স্বামী সাথোয়াই মারমা তিন বছর আগে মারা যান। তখন থেকে একাই থাকেন এই বাড়িতে। বাড়িটি তাঁর নিজের নয়, তাঁর এক ভাই এখানে থাকতে দিয়েছেন। এক কামরার ঘরে কম্বল বিছিয়ে ঘুমান হ্লাম্রামং। প্রতি মাসে বয়স্ক ভাতা পান ৫০০ টাকা। এই টাকাই তাঁর বেঁচে থাকার সম্বল।
মহালছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী বলেন, ‘প্রতিবার জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন আলোচনা সভায় হ্লাম্রামং মারমাকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছি। বেশ কিছুদিন আগে প্রাক্তন জেলা প্রশাসক মো. মাসুদ করিম একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে যাচাই-বাছাই করে সত্যতাও পেয়েছেন। হ্লাম্রামং মারমার নাম বীরাঙ্গনার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি নামও পাঠিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তিনি। আমাদের জন্য এর চেয়ে লজ্জা আর কী হতে পারে।’
চোহলাপ্রু চৌধুরী আরও বলেন, ‘২৭ এপ্রিল পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আফতাবুর কাদের শহীদ হওয়ার পর মহালছড়ি নিয়ন্ত্রণ চলে যায় শত্রু পক্ষের হাতে। শুরু হয় পাকিস্তানি সেনাদের অত্যাচার। তারা প্রথমেই মহালছড়ি বাজারে আগুন দেয়। এরপর থলিপাড়া ও মুবাছড়ির বেশ কয়েকটি বাড়িতেও আগুন দেয়। বেশ কয়েকজন নারী তাঁদের হাতে নির্যাতিত হলেও অনেকে বিষয়টি গোপন রেখেছিলেন। হ্লাম্রামং মারমার ঘটনা মুক্তিযুদ্ধের সময়ই জেনেছি। কিন্তু তিনি ঘটনাটি এত দিন প্রকাশ না করায় আমরাও চুপ করে ছিলাম।’
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইচ উদ্দিন বলেন, ‘মহালছড়ির বীরাঙ্গনার বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি। দুই বছর আগে বিষয়টি আমি শুনেছি। আমার কাছে কেউ কখনো আবেদন করেননি। আবেদন করলে বিষয়টি দেখা যেত। তবে বিষয়টি খতিয়ে দেখব।’
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘বীরাঙ্গনা বিষয়টির স্বীকৃতি আমরা দিই না, এটি মুক্তিযোদ্ধা সংসদ দিয়ে থাকে। মুক্তিযোদ্ধা সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে আমরা সহযোগিতা করব।’