স্বীকৃতি নেই পাহাড়িকা বিদ্যালয়ের আছে দুর্নীতিসহ নানা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব কোনো জায়গা নেই, একটি নড়বড়ে জীর্ণ ভবনে চলছে পাঠদান। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। আবার এই ভবনের মালিকানা নিয়ে আদালতে মামলাও চলছে। এ ছাড়া কোনো স্বীকৃতিও নেই বিদ্যালয়টির। একই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছে বেতন-বৈষম্যও। এসব সমস্যায় চলছে চট্টগ্রামের পাহাড়িকা বিদ্যালয়। জানা গেছে, ১৯৭২ সালে নগরের নন্দনকানন এলাকায় পাহাড়িকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি পুরোপুরি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও ১৯৮৫ সালে এটিকে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ১৯৮৯ সালে মাধ্যমিক বিদ্যালয় করা হয়। পরবর্তীকালে ২০০০ সালের ডিসেম্বরে বিদ্যালয়টির স্বীকৃতি বাতিল করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। নিজস্ব জমি ও পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকা এবং পড়ালেখার মান ক্রমহ্রাসমান হওয়ায় এর স্বীকৃতি বাতিল করা হয় বলে জানা গেছে। এ ছাড়াও বিদ্যালয়টির বর্তমান ভবনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তারপরও এখানে পাঠদান চলছে। এতে করে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ প্রতিনিয়ত পলেস্তারা খসে পড়ে এখানে।এদিকে, স্বীকৃতি বাতিল করলেও এখনো বিদ্যালয়ের শিক্ষকেরা বেতনের সরকারি অংশ পেয়ে যাচ্ছেন। মাধ্যমিকের ১৫ জন শিক্ষকের প্রায় সবাই এমপিওভুক্ত। তবে তাঁরা সময়মতো সরকারি বেসরকারি খাত থেকে বেতন পেলেও প্রাথমিক শাখার পাঁচ শিক্ষককে বেতন দেওয়া হয় কেবল বেসরকারি খাত থেকে। এই পাঁচ শিক্ষকের বেতন দুই-চার হাজার টাকার মধ্যে। অথচ বিদ্যালয়টির প্রাথমিক শাখার আয় সবচেয়ে বেশি। কারণ ওই শাখায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। মাধ্যমিক শাখায় শিক্ষার্থীসংখ্যা ২০০। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ‘প্রাথমিক শাখার শিক্ষার্থীদের বেতন-ভাতা থেকে মাধ্যমিকের শিক্ষকদের বেসরকারি খাতের বেতন ও ভাতা দেওয়া হলেও কোনো সময় প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানো হয় না।’ এ ছাড়াও বিদ্যালয়টি নানামুখী দুর্নীতিতেও জর্জরিত বলে জানা গেছে। এর মধ্যে তহবিল তছরুপ, জমির মালিকানাসংক্রান্ত মামলার অর্থ আত্মসাৎ সর্বোপরি প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২০০৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগ থেকে এই অভিযোগগুলোর তদন্ত করে একটি দল। তাদের প্রতিবেদনে অভিযোগগুলোর বেশির ভাগেরই সত্যতা পাওয়া যায়। অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, ‘আমাদের স্কুলের স্বীকৃতি নিয়মিতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর যেসব দুর্নীতির অভিযোগ তদন্তে এসেছিল সব ব্যাপারে আমরা জবাব দিয়েছি। জরাজীর্ণ কক্ষে এখন আমরা ক্লাস নিই না। আপনাদের এত উৎসাহ কেন এই স্কুল প্রসঙ্গে?’ নিরীক্ষা কর্মকর্তা মো. আরিফুল গফুর ও শিক্ষা পরিদর্শক আহম্মেদ সাজ্জাদ রশিদের সইযুক্ত ও নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়টির ফলাফল ক্রমহ্রাসমান। এর নিজস্ব কোনো জমি নেই। জমিসংক্রান্ত মামলা পরিচালনার সময় অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া প্রধান শিক্ষিকার চাকরিতে বিরতি রয়েছে বলেও পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়। একই সময়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশীদের সইযুক্ত এক পরিদর্শন প্রতিবেদনে কিছু সুপারিশমালা পেশ করা হয়। এর মধ্যে শিক্ষকেরা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়া হবে অন্যতম। এ ছাড়া ছাত্রীদের কাছ থেকে আদায় করা সাড়ে ৪৭ লাখ টাকা ব্যাংকে জমার কোনো রশিদ দেখাতে পারেনি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীকালে প্রমাণিত এসব সত্য ফাইল-চাপা পড়ে যায়।