স্বীকৃতি নেই স্মৃতিই সম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন আবদুল হাকিম। প্রথমে পলাশীর আম্রকাননে মুজিবনগর সরকারের গড়ে তোলা মুক্তিবাহিনীতে। পরে আট নম্বর সেক্টরের সাতক্ষীরা সাব-সেক্টরে সম্মুখসমরে। সেই সাব-সেক্টরের অধিনায়ক কর্নেল (অব) এ টি এম সালাউদ্দিন বীরপ্রতীক উপাধিতে ভূষিত হলেও আবদুল হাকিম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি। দেশের জন্য যুদ্ধ করে স্বীকৃতি না পাওয়ার কষ্ট তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে ৪০ বছর ধরে। আবদুল হাকিমের বয়স এখন ৬৯। স্বীকৃতি না পেলেও মুক্তিযুদ্ধের মহত্তম সেই স্মৃতি এখনো তাঁকে ফিরিয়ে নিয়ে যায় একাত্তরের উত্তাল সেই দিনগুলোতে। আবদুল হাকিমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখিল গ্রামে। তিনি গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে। কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে ইউসুফেরখিল গ্রামে অবসরপ্রাপ্ত কর্পোরাল আবদুল হাকিমের আধাপাকা বসতবাড়ি। ঘরের দেয়ালে দেখা গেল মুক্তিবাহিনীতে যোগদান এবং পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধের নানা ছবি। দুই ছেলে চার মেয়ের জনক এই মুক্তিযোদ্ধা বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। আবদুল হাকিম জানান, পারিবারিক কারণে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে মাধ্যমিকে যাওয়া হয়নি তাঁর। ১৯৬২ সালের ১৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। তিন বছর পর পাক-ভারত যুদ্ধের সৈনিক হিসেবে লাহোরের শিয়ালকোটে যান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবহিনীতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন তিনি (পরিচিতি নম্বর-আর্মি-৬৭৯৫০০০)।একাত্তরের আগুনঝরা দিনগুলোর কথা বলেন আবদুল হাকিম—‘১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল জয়লাভ করে। রাজনৈতিক সমস্যার সৃষ্টি হলে ক্যান্টনমেন্টে থাকা বাঙালি সৈনিকদের নিরস্ত্র করে রাখা হয়। যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় আত্মীয়স্বজনদের সঙ্গেও। এক পর্যায়ে বাঙালিদের একজন দুজন করে গোপন জায়গায় নিয়ে হত্যা শুরু হয়। নিষেধাজ্ঞা অমান্য করে একদিন সকালে আমরা ১০ বাঙালি সৈনিক ক্যান্টনমেন্টের অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করি। পাকিস্তানিরা আমাদের আক্রমণ করে, আমরাও পাল্টা গুলি চালাই। উভয়পক্ষের অনেকে মারা যান সেদিন। ভাগ্যক্রমে আমরা কয়েকজন রক্ষা পাই। গভীর রাতে বুকে হেঁটে প্রায় চার কিলোমিটার অতিক্রম করে ভারত সীমান্তে পৌঁছি। ভোরে জানতে পারি মেহেরপুরেই মুজিবনগর সরকারের অস্থায়ী ঠিকানা। পরে আমাদের সেখানে নেওয়া হলো। প্রবাসী সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী ও জেনারেল ওসমানীর সঙ্গে দেখা হয় মুজিবনগরে। তাঁদের নির্দেশে যুদ্ধে যোগ দিতে আসা সাধারণ মানুষকে একমাস প্রশিক্ষণ দিই আমরা।’ হাকিম জানান, এরপর ক্যাপ্টেন সালাউদ্দিনকে অধিনায়ক করে ১২৫ জনের একটি দলকে আট নম্বর সেক্টরের সাতক্ষীরা সীমান্তের ভোমরা ক্যাম্পে পাঠানো হয়। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর ২২ ফ্রন্টটিয়ার ফোর্স রেজিমেন্টের সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধ বাঁধে। দীর্ঘ ১৫ ঘণ্টার এই যুদ্ধে ৬৩৮ জন পাক হানাদার হতাহত হয়।পরে মুক্তিবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন আবদুল হাকিম। দেশ স্বাধীন হলে সেনাবাহিনীতে ফিরে যান। প্রথমে ল্যান্স-নায়েক পরে নায়েক ও হাবিলদার এবং সর্বশেষ কর্পোরাল পদে পদোন্নতি পান। ১৯৮০ সালে অবসর নেন। ১৯৮৪ সালে তিনি চলে যান সৌদি আরবে। দুই যুগ পর ২০০৯ সালের জুনে গ্রামে ফেরেন।হাকিম জানান, জেনারেল এম এ জি ওসমানী তাঁকে একটি সনদ দিয়েছিলেন। এটার গুরুত্ব বুঝতে পারেননি, হারিয়ে ফেলেন।জীবনসায়াহ্নে এসে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান কি?—এমন প্রশ্নের জবাবে হাকিম জানান, ‘মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখার জন্য অনেকে স্বীকৃতি পেয়েছেন। আমারও এই স্বীকৃতি থাকলে ভালো হতো। নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো। তাই মৃত্যুর আগে স্বীকৃতি চাই।’মুঠোফোনে যোগাযোগ করা হলে ভোমরা সাব-সেক্টরের অধিনায়ক কর্নেল (অব) আবু তাহের মো. সালাউদ্দিন (বীরপ্রতীক) জানান, ‘আবদুল হাকিম আমার সাব-সেক্টরের একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিবাহিনীর গোয়েন্দা বিভাগে কৌশলী ভূমিকা পালন করায় আমরা বেশ কয়েকটি বড় অপারেশনে সফল হয়েছিলাম। উদাসীনতা ও প্রবাস জীবনের কারণে মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।’