স্বীকৃতি পেয়ে উদ্দীপ্ত শাহেদ আজগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামকে একসময় বাংলাদেশের ক্রিকেট জাগরণের পুণ্যভূমি বলা হতো। সেই সময়টাতে বাংলাদেশ দল বলতেই চট্টগ্রাম। জাতীয় দলে থাকত চট্টগ্রামের ছয়-সাত জন প্রতিনিধি। আশির দশকের মাঝামাঝি এবং নব্বইয়ের দশকের মধ্যভাগ পর্যন্ত চট্টগ্রামের এই আধিপত্য ছিল। ক্রিকেটে চট্টগ্রামের এই সাফল্যেরপেছনে ছিল মূলত দুটি টুর্নামেন্ট। স্টার সামার ও স্টার যুব ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের যাঁরা রূপকার তাঁদের মধ্যে সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া শাহেদ আজগর চৌধুরী অন্যতম। সঙ্গে ছিলেন তাঁর অনুজ প্রয়াত রাশেদ আজগর চৌধুরী। গত জানুয়ারি মাসে শাহেদ আজগর চৌধুরী এক আলাপচারিতায় দুঃখ করে বলছিলেন, ‘সারা জীবন আমি নিজেকে ক্রীড়াঙ্গনের পেছনে উৎসর্গ করেছি। কিন্তু কী পেলাম? প্রথমে খেলোয়াড়, পরে সংগঠক।’ এর পরের মাসে ফেব্রুয়ারিতে তিনি মনোনীত হলেন জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য। ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন রাষ্ট্রীয় এই সম্মান। সংগঠক হিসেবে এই সম্মান প্রাপ্তিতে দারুণ খুশি তিনি, ‘এটা অনেক বড় একটা সম্মান। এটা কাজের অনুপ্রেরণা বাড়াবে। চট্টগ্রাম তথা দেশের ক্রিকেট উন্নয়নের জন্য আমাদের পরিবারের একটা ভূমিকা ছিল। আজ তার স্বীকৃতি পেলাম।’ আজগর চৌধুরী পরিবারের হাত ধরে চট্টগ্রামে স্টার সামার ক্রিকেট যাত্রা শুরু করেছিল। ওই টুর্নামেন্টে ঢাকা ছাড়াও কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবও অংশ নিত। আকরাম খান, মিনহাজুল আবেদিন, নুরুল আবেদিন, রুবেল, শহীদ, মাসুমরা এই টুর্নামেন্টেরই সৃষ্টি। এ ছাড়া একই সময়ে তাঁদের সংগঠন স্টার ক্লাবের উদ্যোগে শুরু হয় স্টার যুব ক্রিকেট টুর্নামেন্ট। এই দুটি জমজমাট টুর্নামেন্টই চট্টগ্রামে ক্রিকেট জাগরণের সৃষ্টি করেছিল। তার আগে কেবল চট্টগ্রামে সানডে ক্রিকেট হতো। তাতে অংশ নিত চিটাগং ক্লাবসহ কয়েকটি ক্লাব। তাই ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই চিন্তা করেছিলেন বলে জানালেন শাহেদ আজগর।শাহেদ আজগর চৌধুরী স্কুল ও কলেজ-জীবনে অ্যাথলেট হিসেবে পরিচিত ছিলেন। খেলতেন ভলিবলও। পরে নিজেকে সংগঠকের ভূমিকায় নিয়ে এলেন। শাহেদ আজগর দীর্ঘ দিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এখনো তিনি সিজেকেএসের সহসভাপতি। তিনি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় এম এ আজিজ স্টেডিয়াম দ্বিতল হয়। এই পুরস্কার অর্জনের পর শাহেদ আজগরের ক্রীড়াঙ্গনের প্রতি অনুপ্রেরণা আরও বেড়ে গেল যেন। তিনি এখন বড় পরিসরে কিছু করতে চান। তিনি বলেন, ‘বয়স হয়ে গেছে। কিন্তু এখনো ইচ্ছে আছে। যদি সুযোগ পাই তাহলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আরও উজ্জ্বল করতে কাজ করব।’