স্বীকৃতির জন্য ১৫ বছরের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবী রানী বৈরাগী ও তাঁর ছেলে মানিক কুমার বৈরাগী
ছবি: প্রথম আলো

ডিএনএ পরীক্ষা, আদালতের রায়—সবই পক্ষে। এরপরও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের পল্লবী রানী বৈরাগী (৩৪) ও তাঁর ছেলে মানিক কুমার বৈরাগীকে (১৫) স্বীকৃতির জন্য লড়াই করে যেতে হচ্ছে। স্বামী মানস কুমার বৈরাগীর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেন পল্লবী রানী বৈরাগী। আদালত বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পল্লবী রানী বৈরাগীকে মাসে ১ হাজার ৫০০ টাকা ও তাঁর ছেলে মানিক কুমার বৈরাগীকে ১ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন মানস কুমার বৈরাগী। স্বীকৃতি ও ভরণপোষণের জন্য ১৫ বছর ধরে মামলা চালিয়ে যাচ্ছেন পল্লবী রানী বৈরাগী।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের হীরালাল বৈরাগীর ছেলে মানস কুমার বৈরাগীর (৩৫) সঙ্গে প্রতিবেশী মৃত প্রমথ রঞ্জন হালদারের মেয়ে পল্লবী রানী বৈরাগীর প্রেমের সম্পর্ক ছিল। ২০০৪ সালের ২৪ নভেম্বর তাঁদের বিয়ে হয়। পল্লবী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মানস তাঁকে ঘর থেকে বের করে দেন। এরপর পল্লবী সালিস করে স্বামীর ঘরে ফেরার চেষ্টা করেন। সেখানে ব্যর্থ হয়ে ২০০৫ সালের ৫ মে পল্লবী রানী বৈরাগী পিরোজপুর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মানস কুমার বৈরাগীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন।

২০০৫ সালের ২৭ অক্টোবর পল্লবী রানীর ছেলে মানিকের জন্ম হয়। ২০১১ সালে পল্লবী রানী ভান্ডারিয়া সহকারী জজ আদালতে নিজের ও ছেলের ভরণপোষণ চেয়ে মামলা করেন। ওই মামলায় রায়ে আদালত মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানস কুমারকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে পল্লবী রানীকে মাসে ১ হাজার ৫০০ টাকা ও তাঁর ছেলে মানিক কুমার বৈরাগীকে ১ হাজার টাকা করে দেওয়ার আদেশ দেন। মানস কুমার ওই রায়ের বিরুদ্ধে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে লিভ টু আপিল করেন।
২০১৬ সালের ১৮ এপ্রিল ডিএনএ পরীক্ষায় মানিক কুমার বৈরাগীর সঙ্গে মানস কুমার বৈরাগী ও পল্লবী রানীর পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মানস কুমার ওই ডিএনএ প্রতিবেদন বাতিল করে নতুন করে ডিএনএ পরীক্ষা চেয়ে জজ আদালতে আবেদন করেন। আদালত মানসের আবেদন খারিজ করে দেন। এরপর মানস কুমার ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট মানসের আবেদন খারিজ করে দেন। এরপর মানস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। ২০১৯ সালের ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মুহম্মদ ইমান আলী, বিচারপতি মীর্জা হোসাইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকের সমন্বয় গঠিত বেঞ্চ মানস কুমারের আবেদন খারিজ করে দেন এবং তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
মানস কুমার বৈরাগী পিরোজপুর জেলা ও দায়রা আদালতের আইনজীবী। ২০১৯ সালের ২৭ মে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লবী রানী বৈরাগী ছেলেকে নিয়ে স্বীকৃতির দাবি–সংবলিত একটি ব্যানার টানিয়ে অবস্থান নেন। কিন্তু কোনো ফল পাননি।

এ ব্যাপারে মানস কুমার বৈরাগী বলেন, ‘পল্লবী রানীর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি। পল্লবী সুশেন চক্রবর্তী নামের যে ব্যক্তিকে বিয়ের পুরোহিত বলে দাবি করছেন, সেই পুরোহিত আদালতে অ্যাফিডেভিট করেছেন যে তিনি ওই বিয়ে পড়াননি। পল্লবীর মামা শৈলেন ব্যাপারীর সঙ্গে আমার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের একাধিক মামলা রয়েছে। আমাকে হয়রানি করার জন্য পল্লবীকে দিয়ে এ মামলা করানো হয়েছে। আমাকে ১১টি মামলায় আসামি করা হয়েছে। মানিক আমার সন্তান নয়।’
জজ কোর্ট ডিএনএ টেস্টকে বৈধ বলে মানিক বৈরাগীকে মানসের ছেলের স্বীকৃতি দেন বলে উল্লেখ করেন পল্লবী রানী বৈরাগীর আইনজীবী ফারুক আহমেদ সরদার। তিনি বলেন, ‘মানস মামলার বিচার বিলম্বিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
পল্লবী রানী বৈরাগী বলেন, ‘আমার ছেলের ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানস কুমার বৈরাগী তার বাবা। মানস কুমার আইনজীবী হওয়ায় আমার তিন ভাই, দুই মামা ও মামার ছেলেদের বিভিন্ন সময় মামলার আসামি করেছে। আমার আত্মীয়স্বজনের নামে এ পর্যন্ত অন্তত ১০টি মামলা হয়েছে। সব মামলার পেছনে মানস রয়েছে।’
পল্লবী রানী বৈরাগী বাড়িতে গেলে কথা হয় স্থানীয় লোকজনের সঙ্গে। স্থানীয় লোকজন জানান, মানিকের জন্মের পর থেকে তাঁর মা পল্লবী ছেলের স্বীকৃতির জন্য লড়াই করতে গিয়ে সর্বস্বান্ত। মামলার খরচ, ছেলের পড়াশোনার খরচ ও পরিবারের খরচ চালাতে পল্লবী হাঁস–মুরগি পালন করেন। এ ছাড়া ভাই ও আত্মীয়স্বজনের সাহায্যে কোনো রকমের চলছেন।
মানিক কুমার বৈরাগী স্থানীয় শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বোস বলেন, ‘মানস কুমার বৈরাগী অসহায়। তাই তার পড়াশোনায় আমি সাধ্যমতো সহযোগিতা করছি।’
পল্লবী রানী বৈরাগী ও তাঁর সন্তান মানিক কুমার বৈরাগীর এখন চাওয়া একটাই—স্বীকৃতি।