স্বেচ্ছাশ্রমে তৈরি হলো সড়কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা সদরের সঙ্গে দূরত্ব কমাতে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর লম্বরীপাড়াসহ তিন ইউনিয়নের মানুষ একটি বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছিল। প্রায় ২০ হাজার মানুষের প্রাণের দাবি হয়ে ওঠে এটি। অবশেষে এলাকার মানুষের আহ্বানে সাড়া দিয়ে বিকল্প সড়কটি নির্মাণের উদ্যোগ নেন সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার। সড়কের জন্য জমি ছাড় দেওয়া এবং স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণে এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজেও প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেন। গত ১৫ থেকে ১৯ জানুয়ারি টানা পাঁচ দিন এলাকার শতাধিক লোক স্বেচ্ছাশ্রম দিয়ে সড়কটির নির্মাণকাজে সহযোগিতা দেন। এক কিলোমিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রস্থ এই সড়কটির নাম হয়েছে রামু-লম্বরীপাড়া সড়ক। স্থানীয় লোকজন জানান, লম্বরীপাড়া থেকে তেচ্ছিপুল হয়ে উপজেলা সদরের দূরত্ব ছিল সাড়ে তিন কিলোমিটার। বর্ষায় বাঁকখালী নদীর পানি বেড়ে গেলে প্রতিবছর এই সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ফতেখাঁরকুলের লম্বরীপাড়া, মালিপাড়া, খোন্দকারপাড়া, আসকরপাড়া, সিকদারপাড়া, রাজারকুলের নাপিতপাড়া, পশ্চিম সিকদারপাড়া, হালদারকুল এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়াসহ ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান প্রায় বন্ধ হয়ে যেত। সড়কটি তৈরি করায় এখন মানুষের ভোগান্তি দূর হবে এবং দেড় কিলোমিটার দূরত্ব কমবে। সাইমুম সরওয়ার বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সড়কটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এতে টাকার বিষয়টি মুখ্য ছিল না। কেউ জমি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ কাজের তদারকি করে সহযোগিতা করছেন। এভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা না পেলে হয়তো সড়কটি হতো না। জানা যায়, প্রথম দিকে অনেকে সড়কের জন্য জমি ছাড়তে রাজি ছিলেন না। সাইমুম সরওয়ার জমির মালিকদের বুঝিয়ে তাঁদের জমি দিতে রাজি করান। তিনি নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন। সড়ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাকিম মিয়া ও অর্থসম্পাদক নুরুল আমিন জানান, সড়কটি বাস্তবায়ন হওয়ায় এলাকার মানুষ খুব খুশি। সড়কটি তৈরিতে প্রায় ১০ লাখ টাকা দরকার হতো। কিন্তু গ্রামবাসী শ্রম দেওয়ায় কাজটি করা সহজ হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মো. আলম বলেন, ‘এটি একটি অনন্য দৃষ্টান্ত। এভাবে যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে এলে দেশ ও জাতি অনেক দূর এগিয়ে যাবে।