স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরাদ্দ না পাওয়ায় বেড়িবাঁধ সংস্কার শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আনোয়ারার উপকূলের বাসিন্দারা নিজেদের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারে এগিয়ে এসেছেন। ছবিটি তৈলারদ্বীপ গ্রামের বেড়িবাঁধ থেকে তোলা l প্রথম আলো
বরাদ্দ না পাওয়ায় বেড়িবাঁধ সংস্কার শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আনোয়ারার উপকূলের বাসিন্দারা নিজেদের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারে এগিয়ে এসেছেন। ছবিটি তৈলারদ্বীপ গ্রামের বেড়িবাঁধ থেকে তোলা l প্রথম আলো

সাম্প্রতিক বন্যায় আনোয়ারা উপজেলার প্রায় ২০০ মিটার উপকূলীয় বেড়িবাঁধ ধসে গিয়ে বারখাইন ও জুঁইদণ্ডী ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারে ব্যবস্থা না নেওয়ায় নিজেদের বসতভিটা ও খেতখামার রক্ষায় এগিয়ে এসেছেন বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দারা। ২ আগস্ট জঁুইদণ্ডী ইউনিয়নের গোড়ারপাড় ও ৬ আগস্ট উপজেলার বারাইনের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সাম্প্রতিক বন্যা ও জোয়ারের প্রভাবে উপজেলার জুঁইদণ্ডী, বারখাইন, হাইলধর, পরৈকোড়া ও বরুমচড়া ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে জঁুইদণ্ডী, বারখাইন ও হাইলধরের বিভিন্ন অংশের বাঁধ ভেসে গেছে। এখনো পানি উন্নয়ন বোর্ড এসব এলাকার বাঁধ সংস্কার করার জন্য কোনো বরাদ্দ পায়নি। এ কারণে স্থানীয় বাসিন্দারা উদ্যোগী হয়ে বাঁধ সংস্কার করেছেন।
৬ আগস্ট সকালে বারখাইনের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামে গিয়ে দেখা গেছে, কয়েক শ স্থানীয় বাসিন্দা মাটি কেটে বাঁধের ভেসে যাওয়া অংশ ভরাট করছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।
একইভাবে ২ আগস্ট গোড়ারপাড় নামক এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঁধ সংস্কার করেন। স্থানীয় যুবকদের সঙ্গে বাঁধ সংস্কারকাজে যোগ দেন এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীরা।
গোড়ারপাড়ের ব্যবসায়ী ছৈয়দ নুর (৪৫) বলেন, ‘আমরা এলাকাবাসী নিজেরা টাকা তুলে ২০০ মিটারের বেশি বাঁধ সংস্কার করেছি। এতে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করবে না।’
ভরাচর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২) বলেন, ‘ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে ভরাচর ও জঁুইদণ্ডীর লোকেরা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ সমস্যা থেকে রেহাই পেতে আমরা এলাকাবাসী মিলে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করেছি।’
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা উপজেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, বরাদ্দ পেলেই উপজেলার বাঁধ সংস্কার করা হবে।’