স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে কাজ করছেন মহেশখালী সদরের বাবু দীঘি এলাকার বাসিন্দারা প্রথম আলো
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে কাজ করছেন মহেশখালী সদরের বাবু দীঘি এলাকার বাসিন্দারা প্রথম আলো

ভারী যানবাহন চলাচল ও অতিবৃষ্টিতে ভেঙে যায় মহেশখালীর সদরের বাবু দীঘি সড়ক। ওই অবস্থায় পড়ে থাকে এক বছর। এদিকে সংস্কার না হওয়ায় চলাচলে ভোগান্তি বাড়ে গ্রামবাসীর। সংস্কারের আবেদন নিয়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো কাজ হয়েনি। শেষে নিজেরই এগিয়ে এলেন। অবশেষে স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক।
স্থানীয় লোকজন জানান, এক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত সৃষ্টি হয়। ফলে ওই ভাঙা সড়ক দিয়ে উপজেলা সদর, স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াত করতে শিক্ষার্থী ও গ্রামবাসী ভোগান্তির কবলে পড়ে। আর প্রায় সময় লেগে থাকত ছোটখাটো দুর্ঘটনা। সর্বশেষ গত ২৯ মে সন্ধ্যায় ওই সড়ক দিয়ে হাসপাতালে যাওয়ার পথে রিকশা উল্টে গিয়ে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার বাসিন্দা নুরুল কবির (৪৮) ও তাঁর ছেলে শাহাদত কবির (৮) আহত হয়। এরপর স্থানীয় সাংবাদিকেরা ভাঙা সড়ক সংস্কারের উদ্যোগ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন গ্রামবাসী।
মহেশখালী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশর বলেন, ‘এক বছর আগে উপজেলা সদরসংলগ্ন এই সড়কটির ২০০ মিটার সড়ক ভেঙে গেলেও তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ নেয়নি। বিভিন্ন সময় স্থানীয় প্রশাসন ওই সড়ক সংস্কার করবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এ জন্য আমরা এগিয়ে এসেছি। ইট-বালু দিয়ে গর্ত ভরাট করে দিয়েছি। সড়ক সংস্কারে খরচ হয়েছে ২০ হাজার টাকা। ৩০ ও ৩১ মে দুই দিন কাজ করেন অর্ধশতাধিক মানুষ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, এক মাস আগে মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মতে, ভাঙা সড়কটি সংস্কারের জন্য পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়।
মহেশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইয়েদুল আলম বলেন, আগামী সপ্তাহে ভাঙা সড়ক সংস্কার করার কথা ছিল। কিন্তু এর মধ্যে স্বেচ্ছায় স্থানীয় লোকজন সড়ক সংস্কার করলেও বাকি কাজ পৌরসভার পক্ষে করে দেওয়া হবে।