স্বেচ্ছাসেবায় স্বপ্ন সাজাই

আশিকা খাতুন তখন জামালপুরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। কম্পিউটার শেখার একটা কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। বাড়িতে যখন বললেন, ‘আমার একটা কম্পিউটার প্রয়োজন’, উত্তর এল, ‘এখন আর কম্পিউটার কিনে কী লাভ? একেবারে শ্বশুরবাড়িতে গিয়েই নাহয় কম্পিউটার চালিয়ো।’ উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে থেকেই আশিকা টের পাচ্ছিলেন, বাড়িতে তাঁর বিয়ে নিয়ে চাপা গুঞ্জন চলছে।
জামালপুরের মেয়েটি তারপর অনেক সংগ্রাম করেছেন। উচ্চশিক্ষা নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বলেই একসময় তাঁকে অফিসের পিয়ন হিসেবেও কাজ করতে হয়েছে। অতীতের সেসব সংগ্রামের গল্প থাক। আমরা বরং তাঁর বর্তমানটা দেখি। আশিকা এখন ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষা বিষয়ে স্নাতক করছেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে। কখনো তীব্র শীতে ছুটে গেছেন উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ করতে, কখনো কারওয়ান বাজার বস্তিতে দরিদ্র মানুষের মধ্যে সেমাই বিতরণ করতেও দেখা গেছে তাঁকে।
আশিকার মতো এমন অনেকে স্বেচ্ছাসেবায় নিয়োজিত আছেন। নিজের জীবনের বাধাবিপত্তি থেকেই অনেকে শিখেছেন অন্যের পাশে দাঁড়ানোর আনন্দটা কত বড়! তেমনই কয়েকজনের সঙ্গে কথা হলো গত মঙ্গলবার। টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী শাহরিন সুলতানা, জান্নাতুন নাইম, আরিফুল ইসলাম, গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হাসান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের আবদুল আজিজ, ঢাকা কলেজের ইজাজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. শাহজালাল—প্রত্যেকেরই নিজস্ব কিছু গল্প আছে।
পারভেজ হাসান থাকেন মোহাম্মদপুরে। এলাকার বন্ধুদের বেশির ভাগই যখন মাদকাসক্ত হয়ে পড়ছিল, পারভেজ ভাবলেন, একটা কিছু তো করা দরকার। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের বাসায়ই একটা পাঠাগার চালু করেছেন তিনি। নাম দিয়েছেন তারুণ্যের পাঠাগার। পারভেজ বলছিলেন, ‘এখন আমাদের পাঠাগারে দেড় হাজারের বেশি বই আছে। শুরুতে প্রায় ৭০ জন সদস্য ছিল। এখন অবশ্য নিয়মিত বই নেন, এমন সদস্যের সংখ্যা খুব বেশি নয়। কীভাবে পাঠাগারের সদস্য বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা ভাবছি।’ এই পাঠাগারের সঙ্গে কাজ করছেন আবদুল আজিজও। জানালেন, বন্ধুবান্ধব, পরিচিতজনদের কাছ থেকে তাঁরা বই সংগ্রহ করেছেন।
আজিমপুরের ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন জান্নাতুন নাইম। তাঁর ছাত্রছাত্রীদের অনেকেই আসে পাশের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা থেকে। বলছিলেন, ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতে তাঁর খুব ভালো লাগে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করে, এমন কয়েকটি সুবিধাবঞ্চিত শিশুকে লেখাপড়া করাচ্ছেন তিনি। জান্নাতুন নাইমের মতো শাহরিন সুলতানাও শিক্ষার আলো ছড়াতে চান। বলছিলেন, ‘দুই সপ্তাহ হলো একটা বাচ্চাকে পড়াচ্ছি। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর ওর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ইচ্ছা আছে, আবার ওকে স্কুলে ভর্তি করে দেব।’
এমনিভাবে পথশিশুদের একটি স্কুলের সঙ্গে জড়িত আছেন মো. শাহজালাল, নিজ এলাকায় ‘ইভ টিজিং’ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে কাজ করছেন ঢাকা কলেজের ইজাজুর রহমান। প্রত্যেকেই বললেন, এসব কাজ তাঁদের আনন্দ দেয়। অন্যের স্বপ্নপূরণে সহায়তা করার মাধ্যমেই নিজের স্বপ্ন পূরণের সাহস পান এই তরুণেরা।