স্বৈরতন্ত্র সব সময় ফিরে আসার চেষ্টা করে
মালদ্বীপের সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান। উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে মালদ্বীপের কঠিন সংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দ্য আইল্যান্ড প্রেসিডেন্ট-এর প্রচার। এ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে গণতন্ত্র ও পরিবেশবাদী কর্মী নাশিদের ওপর অতীত স্বৈরশাসকের নির্যাতন আর ২০০৮ সালে দেশের প্রথম সুষ্ঠু নির্বাচনে তাঁর ঐতিহাসিক জয়ের বিষয়টিও। গত ফেব্রুয়ারিতে সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুম সমর্থিত পুলিশ ও সামরিক বাহিনী বন্দুকের নলের মুখে নাশিদকে পদত্যাগে বাধ্য করে। যুক্তরাষ্ট্র সফরকালে এসব বিষয় নিয়ে টাইম সাময়িকীর সঙ্গে কথা বলেছেন নাশিদ। তারই নির্বাচিত অংশ।টাইম: ফেব্রুয়ারিতে আপনি পদত্যাগে বাধ্য হন। অনেকে এটিকে বলছেন, সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের অনুগত সেনা ও পুলিশ কর্মকর্তাদের অভ্যুত্থান। আপনার বিরুদ্ধে ওই আন্দোলনে কি জনগণের কোনো সমর্থন ছিল না?নাশিদ: তাহলে ফুলের তোড়া কোথায়? তাদের পেছনে সাধারণ মানুষ কই? আপনি আমাকে একজন মানুষ দেখান, যে কি না তাদের পক্ষে রাস্তায় নেমেছিল আর ওই ঘটনায় খুশি। অন্যদিকে আমাদের পক্ষে রাজপথে নামা মানুষের সংখ্যা দেখুন। ওই অভ্যুত্থানে জনগণের কোনো সমর্থন ছিল না। এটি ক্ষুদ্র একদল লোকের কাজ, যারা এর ষড়যন্ত্র করেছে। আর বেশ দক্ষতার সঙ্গে কাজটি করা হয়েছে। দক্ষতার মাত্রা এমনই ছিল যে আগেভাগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা পর্যন্ত বলেছে তারা। বলা হয়েছিল, ‘শিগগিরই মালদ্বীপে পরিবর্তন আসতে পারে।’ টাইম: সামরিক বাহিনী আপনাকে কোণঠাসা করে ফেলে। তাঁরা সহিংসতার হুমকি দিয়েছিল। আপনি কি ভয় পেয়েছিলেন?নাশিদ: আমি খুব ভয় পেয়েছিলাম। জীবনের আশঙ্কা করছিলাম। এর আগেও (গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসেবে) দুবার নির্যাতনের শিকার হয়েছিলাম। এবার ছিল তৃতীয় দফা। টাইম: মালদ্বীপের নতুন শাসকেরা তো একটু সংযত এখন। আর দেশে থাকলে তুলনামূলকভাবে আপনার চলাফেরার স্বাধীনতাও থাকছে।নাশিদ: আমি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছি। কিন্তু চারপাশ থেকে অনেক মানুষ আমাকে সমর্থন দেওয়ায় আমার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।টাইম: ২০০৮ সালের প্রথম সুষ্ঠু নির্বাচনে আপনার জয়ের পর অনেক আশাবাদ তৈরি হয়েছিল। এরপর কী হলো?নাশিদ: একজন স্বৈরশাসকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার হাত থেকে নয়। স্বৈরতন্ত্রের যে নেটওয়ার্ক, জটিলতা ও কাঠামো আপনাকে তা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কিন্তু এ কাজটি মোটেও সহজ নয়। আমাদের মিসর, তিউনিসিয়া ও লিবিয়ার কথা মনে রাখতে হবে। সেখানে এখন সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তারা সম্ভবত আগের চেয়ে ভালো নেতা পাবে। কিন্তু স্বৈরতন্ত্র ঠিকই সব সময় ফিরে আসার চেষ্টা করবে।টাইম: আপনি তখন বিশেষভাবে বলেছিলেন, আগের শাসকের অবশেষ নিশ্চিহ্ন করতে চান না। নাশিদ: আমরা খুঁজে খুঁজে দমন অভিযান চালাতে চাইনি। সামরিক বাহিনী ও পুলিশে শুদ্ধি অভিযান চালাতে চাইনি আমি। টাইম: কাজটি করতে না পারায় কোনো অনুতাপ আছে?নাশিদ: পর্যাপ্ত সময় ছিল না। আমাদের শিক্ষা হলো, আমরা গাইয়ুমকে মোকাবিলা করতে পারিনি। একজন স্বৈরশাসককে মোকাবিলা করার উপায় নিয়ে আমার রোমান্টিক ধারণা ভুল ছিল। কিছু ভুলও হয়েছে। একজন বিচারককে আমার গ্রেপ্তারের কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের বুঝতে কষ্ট হয়েছে (মামুন আবদুল গাইয়ুমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মালদ্বীপের অপরাধ আদালতের প্রধান বিচারক আবদুুল্লাহ মোহাম্মদ। তাঁর গ্রেপ্তার নিয়ে রাজপথে প্রতিবাদ বিক্ষোভ হয়, যার জেরে নাশিদবিরোধী অভ্যুত্থান ঘটে)। অথচ স্রেফ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ডেথ সার্টিফিকেট ছিল না বলে তিনি একজন খুনিকে মুক্তির আদেশ দেন। লোকটি মুক্তি পেয়ে আবার খুন করে। এর আগের সপ্তাহেই নিপীড়নের শিকার এক শিশুকে তিনি বলেন, কীভাবে নিপীড়ন চালানো হয়েছে, তা আদালতে অভিনয় করে দেখাতে। দেশবাসী খুবই বিরক্ত হয় এতে। আমরা খুব দ্রুত সংস্কার করছিলাম। বিশেষ করে কট্টরপন্থী ইসলামকে হটিয়ে উদারপন্থী ইসলামের পথে দ্রুত এগোচ্ছিলাম। কিন্তু একটি ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করে। টাইম: এই ধর্মীয় বিরোধিতা কতটা বিস্তৃত ছিল?নাশিদ: সামরিক বাহিনীতে ধর্মীয় উগ্রবাদী রয়েছে। আমি মনে করেছিলাম এ ধরনের উগ্রপন্থীদের কেন্দ্রীয় কোনো নেতা নেই। তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। কিন্তু ইসলামি মৌলবাদীদের একটি মূল গ্রুপ গণমাধ্যমের সহায়তায় অভ্যুত্থানে উসকানি দিয়েছে। তারা প্রচার করে গেছে, আমি কতটা ইসলামবিরোধী। স্বীকার করি, আমি সবচেয়ে ধার্মিকদের দলে নই। কিন্তু দৃঢ়ভাবে আস্তিক। টাইম: গাইয়ুমের পরিবার ও বন্ধুরা নতুন সরকারে প্রবেশ করেছে। তাঁর পরিকল্পনা কী?নাশিদ: তিনি (মামুন আবদুল গাইয়ুম) ক্ষমতার ওপর তাঁর প্রভাব আরও বাড়ানোর পরিকল্পনা ফাঁদছেন। আমি নিশ্চিত, তিনি নির্বাচন পিছিয়ে দেবেন। এমনকি ২০১৩ সালের নির্ধারিত নির্বাচনও এড়াতে চাইবেন। টাইম: গাইয়ুম কি প্রেসিডেন্ট পদে ফেরার চেষ্টা করবেন?নাশিদ: আমার তা-ই মনে হয়। যখন তিনি মনে করবেন পরিস্থিতি তাঁর হাতে আছে। তাঁর পক্ষে ময়দান যথেষ্ট তৈরি হয়ে আছে। টাইম: আপনি এখনই নতুন নির্বাচন চাচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী? নাশিদ: আমি খুব, খুবই আশাবাদী যে জনগণ আমাদের পক্ষে রায় দেবে। তবে নির্বাচনে কে জিতবে, তা মুখ্য নয়। নির্বাচন নিয়মমতো হতে হবে, সেটাই কথা। জনগণের দ্বারা সরকার গঠিত হবে, এটাই আসল বিষয়। টাইম: অন্য কিছু দেশের মতো ভারত ও যুক্তরাষ্ট্র মনে হচ্ছে এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়েছে। এ ব্যাপারে কি আপনি হতাশ?নাশিদ: তাদের আচরণে আমি বিরাট ধাক্কা খেয়েছি। কষ্ট পেয়েছি। আন্তর্জাতিকতাবাদ ও উদারপন্থাকে উৎসাহিত করতে, ভারতীয় বিনিয়োগ আনতে এবং ভারতবিরোধী মনোভাব দূর করতে আমরা অনেক কিছু করেছি। তার পরও এ রকম ঘটল।টাইম: তারা আপনাকে কী বলেছে?নাশিদ: জাতীয় সরকার গঠন করতে বলেছে। কিন্তু আমার কথা হলো, আমরা কেন স্বৈরতন্ত্রের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব? টাইম: অভ্যুত্থান ঠেকাতে আপনি কি বিদেশি হস্তক্ষেপকে স্বাগত জানাতেন?নাশিদ: সামরিক বাহিনীর প্রায় ৬০ জনের একটি দল আমাকে অস্ত্রাগার খুলে দেওয়ার কথা বলেছিল। কিন্তু আমি বলেছিলাম, গুলি চালিয়ে আমি বাঁচতে চাই না।টাইম: জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে আপনার লড়াই নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে। দর্শক এ থেকে কী বার্তা পাবেন বলে আপনার প্রত্যাশা?নাশিদ: এ প্রামাণ্যচিত্রটি সমস্যার ব্যাপারে একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। শুধু মালদ্বীপ নয়, বিশ্বের এক-তৃতীয়াংশ লোক এই হুমকির মুখে রয়েছে। অনুবাদ: মাহবুব আলম