স্বয়ংক্রিয় গাড়ি পার্কিং ও রোবটিক আর্ম নিয়ে প্রকল্প প্রদর্শনী
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় গাড়ি পার্কিং, ভয়েসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত রোবটিক আর্ম, ট্রেন দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় ময়লা সংগ্রাহকসহ বিভিন্ন বিষয়ের ওপর এক প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ওপর ১৬টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। এ ছাড়া ১৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হয় এতে। গবেষণাপত্রগুলোর মধ্যে ৪৩টি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১১৬টি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আনা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নতুন বিষয় নিয়ে কাজ করছে। বিশেষ করে, প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন কারিগরি বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ছে। আশা করি, তারা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সফলতা দেখাতে পারবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য এম এইচ খান, চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, ওয়াশিংটনের পার্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ লতিফ, জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনডে, ড. মো. তাজুল ইসলাম, অধ্যাপক সদরুল ইসলাম এবং আয়োজন কমিটির সচিব সজল চন্দ্র বণিক প্রমুখ।অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার ছিল চুয়েটনিউজ২৪ডটকম (www.cuetnews24.com)|