স্বয়ংক্রিয় রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগের কথা। আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় চীনের একটি দল চ্যাম্পিয়ন হয়। সেখানে গিয়েছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ী দলের স্বয়ংক্রিয় রোবটের একটি কাজ তাঁদের মনে গেঁথে যায়। রোবটটি নির্দিষ্ট লাইনে হেঁটে গিয়ে ঘনক আকৃতির একটি বস্তুকে উঠিয়ে নিয়ে তা নির্দিষ্ট স্থানে নিখুঁতভাবে রাখতে সক্ষম হয়। সেটাকেই অনুপ্রেরণা হিসেবে নিলেন তাঁরা। মেধা ও শ্রম দিয়ে ২০০৮ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সেই দলটি তৈরি করে স্বয়ংক্রিয় রোবট, যেটি নির্দিষ্ট লাইন ধরে চলে, ধরতে পারে নির্দিষ্ট আকৃতির বস্তু। এই কৃত্রিম বুদ্ধিমানবের নির্মাতারা ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. ইমরান করিম, সৈয়দ আবু নাহিয়ান, শাওন সূত্রধর এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদ ও মিথুন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রোবট গবেষণায় এটি ছিল প্রথম সাফল্য।যন্ত্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশল বিভাগে ইন্ডাস্ট্রিয়াল রোবটিক আর্ম নিয়ে গবেষণা (ডিজাইন, ফেব্রিকেশন, ইমপ্রিমেন্টেশান ও কার্যকারিতা বিষয়ে) শুরু হয় বছর পাঁচেক আগে। ইতিমধ্যে কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল রোবটিক আর্মও তৈরি করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটের অগ্রযাত্রা ছিল এই প্রথম।এরপর চুয়েটের আরও কিছু তরুণ মেধাবী শিক্ষার্থী রোবটের উন্নততর গবেষণার মাধ্যমে আরও পরিবর্তন ও সাফল্য আনে। তাঁরা হলেন—মিথুন, মিল্কী, রাজু, হিমাদ্রি, জামিল, সুমন, মাসুদ ও জিসান। প্রথম রোবটটি শুধু লাইন ফলোয়ার মানে লাইন ধরে চলার কাজ করতে পারলেও পরবর্তীকালে তাঁদের হাত ধরে রোবটটি বস্তু উঠানো ও নামানোর কাজ করতে সক্ষম হয়। যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক তাজুল ইসলামের তত্ত্বাবধানে গবেষক দলটি টানা দুই মাস খেটে প্রথম রোবটের ভিত্তি দাঁড় করান। এরপর তাঁরা রোবটের হাত তৈরির কাজে হাত দেন। রোবটের নকশা করার জন্য তাঁরা বেছে নেন প্রকৌশল অঙ্কনের সফটওয়্যার অটোক্যাড। কাজ করতে গিয়ে দলটি বড় যে সমস্যার মুখোমুখি হয় তা হলো প্রয়োজনীয় উপকরণের অভাব। দলটির সদস্যরা জানান, রোবটের জন্য ব্যবহূত স্টেপার মোটরসহ অন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে।দলটি রোবট তৈরির কাজকে নকশা, ভিত্তি ও হাত—এ তিনটি ভাগে ভাগ করে। ভিত্তি কাঠামো তৈরির জন্য ব্যবহার করা হয় প্লাইউড, স্টেইলনেস স্টিল ও নাইনল। রোবটের হাত হালকা করতে ব্যবহূত হয় অ্যালুমিনিয়ামের পাত। এভাবে বিশ্বদ্যািলয়ের ওয়েল্ডিংশপ, মেশিনশপ ও উডশপে ঝাড়া দুই মাসের কঠোর পরিশ্রমের পর দাঁড়িয়ে যায় রোবটের কাঠামো। রোবটের নিয়ন্ত্রণ মূলত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে, যার প্রোগ্রাম লেখা হয় সি ল্যাঙ্গুয়েজে। রোবটটি ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি পর্যন্ত এবং এর হাত ৬০০ মিলিমিটার ওপর থেকে ২০০ মিলিগ্রাম ঘনক ও বল তুলতে পারে। বৈদ্যুতিক শক্তি সরবরাহ হিসেবে ব্যবহার করা হয় দুইটি ছয় ভোল্টের ডিসি ব্যাটারি। এই তরুণ নির্মাতাদের লক্ষ্য অইট রিবোকন সহ অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। এ উদ্দেশ্যে রোবটের দক্ষতা ও গতি বাড়ানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাঁরা। নির্মাতারা বলেন, রোবটিক বিজ্ঞান শাখায় বহির্বিশ্বে বাংলাদেশ এখনো একটি অনুজ্জ্বল প্রদীপের মতো। অইট রিবোকন এমন একটি প্লাটফর্ম যেখানে অংশগ্রহণ করলে বিশ্বে দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। আর এর জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা।