স্মরণ ও শপথে একুশ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবির পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা টিকিয়ে রাখার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম নগর ও জেলা এবং ফেনী, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও কক্সবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

কক্সবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা l প্রথম আলো
কক্সবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা l প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শোকর্যালি, শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষাশহীদ দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শোকর্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু চত্বরে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছে এই ভূখণ্ডে। যার পরিণতিতে এসেছে একাত্তরের মুক্তিযুদ্ধ।
আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, সিনেট ও সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট মোহাম্মদ বশির আহম্মদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।
সাদার্ন বিশ্ববিদ্যালয়: প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, অধ্যাপক আ ন ম আব্দুল মোক্তাদীর, রেজিস্ট্রার ইসরাত জাহান প্রমুখ।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: প্রভাতফেরি ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, কোষাধ্যক্ষ সামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মানজুমা মোরশেদ প্রমুখ।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. নূরল আনোয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে সকাল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মা ও শিশু হাসপাতাল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিম। বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস এম মোরশেদ হোসাইন, পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার বড়ুয়া ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নুরুল হক।
সকাল নয়টায় জাতীয় পতাকা এবং কলেজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ভাষাশহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, নাচ, গান, ভাষা আন্দোলনবিষয়ক নাটক এবং আলোচনা সভা।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাতফেরি
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাতফেরি

সানোয়ারা উচ্চবিদ্যালয়: দিবসটি উপলক্ষে সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনছুর চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র, অভিভাবকসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ভোরের প্রথম প্রহরে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেন। এরপর চিত্রাঙ্কন, শুদ্ধ বানান, সুন্দর হস্তাক্ষর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপাসগোলা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়: নগরের কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একুশের কর্মসূচি শুরু হয় সকাল সাতটায়। শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এরপর শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য দেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান। সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাপা মোতালেব কলেজ: মোহরায় অবস্থিত ছাফা মোতালেব কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল করিম আলমদার। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রীতিকণা দাশ, ফেরদৌসী আক্তার, কোহিনুর বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।
আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়: নগরের আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, অভিভাবক সদস্য মো. আলমগীর, প্রধান শিক্ষক মাইমুনর রশিদ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা িদবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা িদবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

ফেনী: একুশের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও পুলিশ সুপার মো. রেজাউল হক।
এ ছাড়া জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বাসদ, ছাত্রলীগ-যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, আইনজীবী সমিতি, প্রথম আলো বন্ধুসভা, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতি, ফেনী পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
কক্সবাজার: একুশের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। সঙ্গে ছিলেন কক্সবাজারের দুই সাংসদ সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ রফিক। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, স্বাস্থ্য বিভাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, প্রথম আলো বন্ধুসভা, ঝিনুক মালা খেলাঘর আসরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে ফুল দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা
শহীদ মিনারে ফুল দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা

কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান একুশ পালিত হয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলের রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরিতে অংশ নেয়। বিদ্যালয় মাঠে বাঁশ ও রঙিন কাগজ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায় খুদে শিক্ষার্থীরা। উখিয়ার পাশাপাশি টেকনাফ, রামু, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার বিভিন্ন দুর্গম উপকূলেও ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মহান একুশ পালিত হয়েছে।
টেকনাফ সমুদ্র উপকূলের বাহারছড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
রাঙামাটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে ভাষাশহীদেদের শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘এসো রক্তে জেতা বর্ণমালা, সুন্দর করে লিখি’ স্লোগানে পাহাড়ের স্কুলপড়ুয়াদের পত্রিকা স্কুলবেলা ও শিল্প–সাহিত্যের সংগঠন গ্লোবাল ভিলেজের উদ্যোগে বর্ণলেখন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। টানা অষ্টমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে শহীদ মিনার চত্বরে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী মোট ৫৭ জনকে ক্রেস্ট ও সনদ তুলে দেন আয়োজকেরা। স্কুলবেলা ও গ্লোবাল ভিলেজের এই আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল রাঙামাটির সামাজিক সংগঠন ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলবেলার সম্পাদক ফজলে এলাহী, নির্বাহী সম্পাদক হেফাজত উল বারী, সহযোগী সম্পাদক মিশু দেসহ সম্পাদকীয় পর্ষদের সদস্য ও স্কুলবেলা বন্ধু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

দীঘিনালায় মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল
দীঘিনালায় মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুফিদুল আলম। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কাচালং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, জনসংহতি সমিতির (সন্তু লারমা) বাঘাইছড়ি শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা ও কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা। এদিকে জনসংহতি সমিতি (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের বিশ্রামাগারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেধ চাকমা।
দীঘিনালা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সভাপতি রাজ্যময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা। অন্যােন্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ। বক্তারা অবিলম্বে মাতৃভাষায় শিক্ষা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

রাঙামাটি শহীদ মিনার চত্বরে স্কুলবেলা আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিরা
রাঙামাটি শহীদ মিনার চত্বরে স্কুলবেলা আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিরা

সাতকানিয়া: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাংলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে সাতকানিয়া উপজেলা প্রশাসন। এতে সাতকানিয়া পৌরসভা এলাকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

ফেনী বন্ধুসভার সদস্যদের শ্রদ্ধাঞ্জলি
ফেনী বন্ধুসভার সদস্যদের শ্রদ্ধাঞ্জলি

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীন, উপজেলা জ্যেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলার ‘শিলখালী নবতরুণ সংঘের’ উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরি এবং পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ ছাড়া ওই দিন রাতে কাছারীমোড়া ইসলামিক কমপ্লেক্সে ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।