স্মারকে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন অনেক জিনিস উপহার হিসেবেও ভালো
বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন অনেক জিনিস উপহার হিসেবেও ভালো

আহমাদ নাইজেরিয়ার নাগরিক। বাংলাদেশে এসেছিল পড়াশোনার উদ্দেশ্যে। বন্ধুত্ব হয় আরিফের সঙ্গে। পড়াশোনা শেষে নিজ দেশে যখন ফেরার পালা, আরিফের তখন ইচ্ছা হলো আহমাদকে কিছু উপহার দেওয়ার। কী হতে পারে সেই উপহার? অনেক ভেবে আরিফের মনে হলো বন্ধু যেন বাংলাদেশকে না ভুলে যায়, এমন উপহারই দেওয়া উচিত।

অনেক খুঁজে আরিফ কিনল ছোট্ট একটা নৌকা। সেই নৌকার পালে বাংলাদেশের পতাকা। বিদেশে পাড়ি জমাল বাংলাদেশের ছোট্ট একটা প্রতীক। বিদেশি বন্ধু কিংবা প্রিয় মানুষকে উপহার দেওয়ার সময় মাঝেমধ্যেই দ্বিধায় পড়ে যাই আমরা। অনেক জিনিসের ভিড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন সব জিনিসের কথা যেন বেমালুম ভুলে যাই। উপহার হিসেবে কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো। দেশের প্রতি ভালোবাসা আগলে রাখারও উপায় হতে পারে এটা। ঘরে এমন একটা প্রতীক ঠাঁই পেলে মনটাও যেন হয়ে ওঠে দেশপ্রেমিক।

রাজধানীর কারুপল্লীর অফিস কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘আমাদের দেশকে তুলে ধরে এমন পণ্য স্মারক বা সুভ্যেনির হিসেবে উপহার দেওয়া যেতে পারে।’

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন স্মারকের মধ্যে আছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মানচিত্র, অপরাজেয় বাংলা ভাস্কর্য, পতাকা, নৌকা, গরুর গাড়ি, ঠেলাগাড়ি, দেশি বেবিট্যাক্সি, ট্রাক ও ভ্যান, বাংলাদেশের মানচিত্র সংবলিত ঘড়ি, ঢেঁকি ইত্যাদি। চাবির রিংয়েও পাওয়া যাবে খোদাই করা বা ছাপা শহীদ মিনার, স্মৃতিসৌধ, পতাকা কিংবা মানচিত্র। এগুলোর কোনোটা কাঠের তৈরি, কোনোটা পিতলের, কোনোটা মহিষের শিং আবার কোনোটা হার্ডবোর্ড দিয়ে তৈরি। কাচের তৈরি পতাকার পেপার ওয়েটও পাওয়া যাবে।

মিলবে যেখানে

কারুপল্লীতে পাওয়া যাবে এমন কিছু পণ্য, যা দেখলেই বোঝা যাবে বাংলাদেশি জিনিস। এমন আরও অনেক পণ্যের পসরা বসে রাজধানীর দোয়েল চত্বরে। এখানেই সবচেয়ে বেশি মিলবে ভিন্ন ভিন্ন বাংলাদেশের প্রতীক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত মাসিক মেলায় প্রায়ই পাওয়া যায় এ ধরনের পণ্য।

হার্ডবোর্ড দিয়ে তৈরি শহীদ মিনার, স্মৃতিসৌধ, নৌকা, মানচিত্র, অপরাজেয় বাংলা পাওয়া যাবে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। বিভিন্ন প্রতীক-সংবলিত চাবির রিংগুলোর দাম মাত্র ২০ টাকা। ছোট-বড় বিভিন্ন কাঠের নৌকার দাম পরবে ৫০ থেকে ১৫০০ টাকা। আবার পিতলের পতাকা কিংবা নৌকার দাম ৬৫০ থেকে ৫০০০ টাকা। কাঠের গরুর গাড়ি ও ঠেলাগাড়ি ৩০০ থেকে ৩৯০ টাকা। ট্রাক, বেবিট্যাক্সি, ভ্যানগাড়ি ও রিকশার দাম ৫০ থেকে ১২০০ টাকারও হয়। দাম নির্ভর করে পণ্যের আকারের ওপর।