
বিজয়ের মাস। ব্যক্তি থেকে শুরু করে দেশের সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান বিজয়ের উৎসবকে বর্ণিল করার চেষ্টা করে। জাতীয় পতাকা বা দেশের প্রতীকের সঙ্গে মিলিয়ে অনেকেই সংগ্রহ করেন বিজয়ের স্মারক। বাজার ঘুরে চলতি স্মারকের খোঁজখবর দেখা যাক একঝলকে।
জাতীয় পতাকার লাল-সবুজ রং পোশাকেও ধারণ করতে চান অনেকে। ফ্যাশন হাউসগুলো লাল-সবুজের মিশ্রণে সব বয়সীদের জন্য পোশাক, বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট তৈরি করে ফেলেছে এরই মধ্যে। রয়েছে বিজয়ের স্মারকও। চাবির রিং, মগ, কার্ডসহ নানা কিছু পাওয়া যাচ্ছে বাজারে, অলিগলিতে, ফুটপাতে, ভ্যানগাড়িতে। উপহার দেওয়া কিংবা সংগ্রহের জন্য কিনতে পারেন মুক্তিযুদ্ধভিত্তিক বই, সিনেমা বা গানের সিডি।
ফ্যাশন হাউস নিত্য উপহারে পাওয়া যাচ্ছে লাল-সবুজের পতাকাসংবলিত টি-শার্ট, মাথায় বাঁধার ব্যান্ডেনা। শীতের আমেজকে ধরে রাখতে বিজয়ের নকশা ফুটিয়ে তুলেছে খাদি চাদরে। নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘এবার বিজয় দিবসে নতুন ৫টি ডিজাইনের টি-শার্ট নিয়ে এসেছি আমরা। বিজয়ের মাসে পোশাকে লাল-সবুজ রঙের ছোঁয়া রাখার চেষ্টা করি। মুক্তিযুদ্ধভিত্তিক নানা ধরনের উক্তি, কবিতার লাইন, ছবিসংবলিত বিভিন্ন ধরনের বিজয়ের স্মারক বিজয়ের মাসে তৈরি করেছি।’

বিজয় দিবসে বন্ধুরা মিলে মাথায় একই রকম ব্যান্ড পরে থাকে। যাতে লেখা থাকে বিজয়ের বাণী। এ ছাড়া পরা যায় পিন দিয়ে পোশাকে আটকানো ফুল, কোটপিন, একই রকম ব্যাচ, রিস্ট ব্যান্ড, মাথার ক্যাপ, ব্রেসলেট কিংবা চাবির রিং। কিনতে পারেন ক্রিস্টালের স্মৃতিসৌধ, মানচিত্রের পেপারওয়েট ইত্যাদি। এ ছাড়া ডিসেম্বর মাসে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা পাবেন সহজেই।
বসুন্ধরা সিটি শপিং মলে লাল-সবুজ পতাকার সঙ্গে মিলিয়ে পোশাক কিনতে এসেছেন সরকারি চাকরিজীবী শামীম হোসেন ও তাহমিনা আক্তার দম্পতি। দেশি দশের ফ্যাশন হাউস দেশালে কথা হয় তাঁদের সঙ্গে। শামীম হোসেন জানান, প্রতিবছরের মতো বিজয় দিবসে লাল-সবুজের নতুন পাঞ্জাবি ও শাড়ি কিনতে এসেছেন। হৃদয়ের ভালোবাসা প্রকাশ করতে চান পোশাকের মধ্য দিয়ে।
দরদাম
সালোয়ার-কামিজ কেনা যাবে ১২০০-৩৫০০ টাকায়। শাড়ির দাম পড়বে ১১৫০ থেকে ৩০০০ টাকা, পাঞ্জাবি ৫৫০ থেকে ২০০০ টাকায় পাওয়া যাবে। টি-শার্ট ২৫০ থেকে ৬৫০ টাকা, ফতুয়া ৪৫০-১৫৫০ টাকা ও শিশুদের ফতুয়া কেনা যাবে ২৫০-৪৫০ টাকার মধ্যে। যুদ্ধের বিভিন্ন বিষয় ও মানচিত্রের ছবিসংবলিত মগের দাম ২২০ থেকে ৫৫০ টাকা। চাবির রিং, কার্ড, কোটপিনের দাম ২০ থেকে শুরু করে ৪৫০ টাকার মধ্যে। ক্রিস্টালের স্মৃতিসৌধ, পতাকা, মাটি ও ক্রিস্টালের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য, ক্রিস্টাল ও কাচের মানচিত্র, মানচিত্রের পেপারওয়েটের দাম আকৃতিভেদে ১০০ থেকে ৩৫০০ টাকায় মধ্যে। বিজয়ের স্মারক হিসেবে কিনতে পাবেন ওয়ালম্যাট। মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা, মানচিত্র, জাতীয় পতাকা, বীরশ্রেষ্ঠদের চিত্রসংবলিত ওয়ালম্যাটের দাম ৫০০ থেকে ৭০০০ টাকা।

কাঠের তৈরি ঘড়িও হতে পারে আদর্শ উপহার। অনলাইন শপ উডপেকার নতুন নকশার তিনটি ঘড়ি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ‘দেশের মানচিত্র, জয় বাংলা ও বাঘের মুখের ছবি দিয়ে কাঠের ওপর নকশা করে ঘড়ি তৈরি করেছি। বিজয় দিবস উপলক্ষে প্রতিটি ঘড়ি ১০০ টাকা ছাড়ে ২ হাজার ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।’
কোথায় পাবেন
মুক্তিযুদ্ধ জাদুঘর, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে পাওয়া যাবে বিজয় দিবসের স্মারকগুলো। শোপিস পাবেন আর্চিস গ্যালারি, আজিজ সুপার মার্কেট, কার্জন হলের বিপরীতে।