স্মারকে স্বাধীনতা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার নানা স্মারক পাওয়া যায় এখন। ছবি: নকশা্
স্বাধীনতার নানা স্মারক পাওয়া যায় এখন। ছবি: নকশা্

কবি শামসুর রাহমান তাঁর ‘স্বাধীনতা তুমি’ কবিতার শেষ বাক্যে লিখেছিলেন, ‘স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা’। আর কবির এই কবিতার খাতাটির ওপরে যদি আঁকা থাকে লাল-সবুজের পতাকাখানি? সাধারণ কাগজের তৈরি এই খাতার আবেদন অনেকখানি বেড়ে যাবে।
মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিবছরই এমন কিছু স্মারকের দেখা মেলে। হয়তো তরুণের কবজিতে থাকা একটি রিস্টব্যান্ড কিংবা অফিসের ডেস্কে রাখা একটি লাল-সবুজ রঙের কলমদানি। প্রতিটি স্মারকেই যেন রয়েছে স্বাধীনতার ছোঁয়া।

রিস্টব্যান্ড, ব্যানডানা
শুধু লাল-সবুজ রঙেই নয়, বাংলা বর্ণমালা কিংবা ‘বাংলাদেশ’ লেখা বিভিন্ন রিস্টব্যান্ড পাওয়া যাচ্ছে তরুণদের জন্য। এ ছাড়া বাজারে আছে ব্যানডানা। মহান মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতাভিত্তিক কবিতার দু-একটি বাক্য ফুটে উঠছে এই ব্যানডানার মধ্য দিয়ে। স্বাধীনতা দিবসের স্মারক হিসেবে লাল ও সবুজ রংকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ধরনের রিস্টব্যান্ড ও ব্যানডানা পাওয়া যাচ্ছে। নিউমার্কেটে বিক্রেতা মেহেদী হাসান বলেন, ‘আসলে স্বাধীনতা তো শুধু একটি দিনকে কেন্দ্র করেই নয়, স্বাধীনতা প্রতিটি দিনের জন্যই। তাই শুধু স্বাধীনতা দিবসেই নয়, বরং এই স্মারকগুলো আপনি সব সময়েই ধারণ করতে পারেন।’

.
.

মুঠোফোনের খাপ
মুঠোফোনের খাপটাই যদি হয়ে ওঠে স্বাধীনতার স্মারক? আপনার হাতে ধরা এই মুঠোফোনের কভারটিই বলে দিতে পারে আপনি বাংলাদেশের নাগরিক!
সম্পূর্ণ সবুজের মধ্যে লাল বৃত্ত কিংবা কোনো একটি বাংলা বর্ণ আঁকা। অথবা ছোট্ট একটি মানচিত্র আঁকা এ ধরনের মোবাইল কভার চাইলে আপনি ব্যবহার করতে পারেন স্বাধীনতার স্মারক হিসেবে। ইন্টারেনটভিত্তিক দোকানগুলোতে পাবেন এসব নকশার কভার।

মগ ও কলমদানি
ক্যালিগ্রাফি, কবিতার পঙ্ক্তি লেখা কিংবা অপরাজেয় বাংলার মতো ভাস্কর্যের ছবিসহ মগ ও কলমদানি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউস নিত্য উপহারে। শুধু সবুজ কিংবা লাল রংটিই নয়, সাদাকালো রঙেও রয়েছে এই স্মারকগুলো।
ফ্যাশন হাউস সাদাকালোর নির্বাহী আয়েশা আক্তার বলেন, ‘স্বাধীনতা মানেই এই নয় যে শুধু এখানে লাল ও সবুজ রং দুটো প্রাধান্য পাবে। বিভিন্ন ধরনের স্মারকে যে মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনভিত্তিক যেই লেখা ও ক্যালিগ্রাফি আছে, সেটাই আসলে প্রধান এখানে।’

.
.

অন্যান্য স্মারক
শুধুই একটি দিনের জন্য নয়, মহান এই দিবসটির গুরুত্ব বছরের সব সময়ই স্মরণ করা যেতে পারে। তাই আপনি চাইলে আপনার বসার ঘরের ওয়ালম্যাট, ফটোফ্রেম, কুশন কভার, মাঝারি ফুলদানি, টেবিল ল্যাম্প কিংবা পড়ার টেবিলের ম্যাটটিতেও রাখতে পারেন এর ছোঁয়া। বিভিন্ন আকৃতির এই ওয়ালম্যাটগুলোয় রয়েছে স্বাধীনতার চিত্র। কোনোটিতে দেশীয় সংস্কৃতির নকশা, আবার কোনোটিতে হাতের কাজে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার সংগ্রামের চিত্র।
চাইলে দেয়ালে পতাকাও রাখতে পারেন। এ ছাড়া চাবির রিং, নোটবুক, ব্রেসলেট, মাটির তৈরি শোপিস, কাঠে খোদাই করা কোনো চিত্র, চাদর, কাপড়ের ব্যাগ, পার্স, রুমাল ইত্যাদিতে। একেকটি স্মারক যেন দেশের একেকটি কথা!

স্মারক মিলবে যেখানে
রাজধানীর যাত্রা, নিত্য উপহার, রং, দেশীদশ, সাদাকালোয় মিলবে এ ধরনের রিস্টব্যান্ড, ব্যানডানা, মগ, ফটোফ্রেম, চাবির রিং ও কলমদানি। দাম পড়বে ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও পাওয়া যাবে স্বাধীনতার স্মারক। যদি কাঠে খোদাই করে কোনো চিত্র ফুটিয়ে তুলতে চান, তবে উডপেকারে মিলবে এর খোঁজ। এর দাম পড়বে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ২০০ টাকার মধ্যে।

চাইলে আপনার পছন্দমতো কোনো ক্রেস্ট কিংবা স্মারক বানিয়ে নিতে পারেন কাঁটাবন ও এলিফ্যান্ট রোড থেকে। দাম পড়বে ৭০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া দেশের বিভিন্ন শহরের বাজারে নানা রকম স্মারক পাওয়া যায়।