স্মার্ট জুতায় ঠিক-ঠিকানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিহীনদের পথ চলার উপযোগী পণ্য বের করতে গিয়ে এই স্মার্ট জুতার ভাবনা মাথায় আসে দুসরি টেকনোলজিসের গবেষকদের।
দৃষ্টিহীনদের পথ চলার উপযোগী পণ্য বের করতে গিয়ে এই স্মার্ট জুতার ভাবনা মাথায় আসে দুসরি টেকনোলজিসের গবেষকদের।

সিটি কলেজকে হাতের ডানে রেখে এলিফ্যান্ট রোডে যাবেন। কিন্তু সায়েন্স ল্যাবের মোড় পেরিয়ে আপনি হাঁটা দিলেন নিউমার্কেটের দিকে। তখনই কেঁপে উঠবে আপনার পায়ের জুতা। জানান দেবে আপনি ভুল পথে যাচ্ছেন। না এটি কোনো কল্পকাহিনি কিংবা হলিউডের সিনেমার চিত্রনাট্য নয়।

পায়ের জুতাই জানাবে আপনি ঠিক পথে হাঁটছেন নাকি ভুল পথে পা বাড়াচ্ছেন! সব ভালোয় ভালোয় চললে আগামী সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে এমন ‘স্মার্ট জুতা’। আর জুতা জোড়া পায়ে পরতে হলে ১০০ ডলারের বেশি খরচ করতে হতে পারে বলে জানিয়েছে স্মার্ট জুতা তৈরিকারী প্রতিষ্ঠান দুসরি টেকনোলজিস। ভারতীয় এই প্রতিষ্ঠানটি জানায় এর মধ্যেই দুনিয়ার প্রথম স্মার্ট জুতা ‘লে চল’ বাজারে ছাড়ার প্রস্তুতির কাজ শেষ করেছে তারা।

জুতাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে জুতার যোগাযোগ তৈরি হবে। মানে জুতা ব্যবহারকারী কোথায় যাবেন গুগলম্যাপে সেই জায়গা নির্দিষ্ট করে দিলেই ব্লুটুথের মাধ্যমে জুতায় থাকা ডিভাইসে সিগন্যাল পৌঁছে যাবে। যদি ডান দিকে যেতে হয় তাহলে ডান পায়ের জুতা কেঁপে উঠবে আর বাঁ দিকে যেতে হলে বাঁ পায়ের জুতা। আর ভুল পথে পা বাড়ালে দুই পায়ের জুতাই এমনভাবে কেঁপে উঠবে যে জুতা পরিধানকারী দাঁড়িয়ে যেতে বাধ্য হবেন!

পুরো প্রক্রিয়াটিই ঘটবে ‘ইলেকট্রো ওয়ে ফাইন্ডিং’ টেকনোলজির মাধ্যমে। এর মধ্যে যুক্ত থাকবে বিশেষ ধরনের ফিটনেস অ্যাপ। যা কতটুকু ঘোরাঘুরি করা হয়েছে এবং কী পরিমাণ ক্যালরি খরচ হয়েছে তাও জানাবে। আর এসব তথ্য চাইলে অনলাইনে লে চল কমিউনিটির সঙ্গে শেয়ারও করা যেতে পারে। সে ব্যবস্থাও থাকবে!

শুরুতে দৃষ্টিহীনদের পথ চলার উপযোগী পণ্য বের করতে কাজ করেছিল কোম্পানিটি। ওই প্রকল্পটি শুরুর পরই সংশ্লিষ্ট ব্যক্তিদের মাথায় স্মার্ট জুতার এই ভাবনা আসে।