স্মার্টফোন জীবাণুমুক্ত করুন সাবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন পরিষ্কার করতে বাজারে পাওয়া যায় ছো্ট্ট প্যাডের প্যাকেট।
ছবি: অধুনা

স্পর্শকাতর পর্দার স্মার্টফোন স্পর্শ করা নিয়েও অনেক গবেষণা হয়েছে। এই যেমন, গড়ে একজন মানুষ দিনে দুই হাজারের বেশি বার স্মার্টফোন স্পর্শ করেন। আরেক জরিপে বলা হয়েছে, প্রতি ১০ মিনিটে অন্তত একবার স্মার্টফোনে হাত দেন মার্কিন নাগরিকেরা। দিনে প্রায় ৯৬ বার। সুতরাং আপনার স্মার্টফোনে প্রচুর জীবাণু আস্তানা গাড়লে অবাক হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞরা তো বলেন, কমোডে যত জীবাণু থাকে, স্মার্টফোনে থাকে তার ১০ গুণ।

করোনার এ সময়ে বিষয়টা চিন্তার তো বটেই, বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে যখন বিস্তর আলোচনা চলছে। সংগত কারণেই স্মার্টফোন নিয়মিত জীবাণুমুক্ত করা জরুরি। বাইরে থেকে আসার পর তো অবশ্যই। সমস্যা হলো স্মার্টফোনে সরাসরি সাবান–পানি কিংবা জীবাণুনাশক স্প্রে করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে।

অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, সরাসরি জীবাণুনাশক স্প্রে করলে আইফোনের পর্দার ওলিওফোবিক কোটিং নষ্ট হয়ে যেতে পারে। এই আবরণের কারণেই স্মার্টফোনের পর্দায় আঙুলের তেলতেলে ছাপ পড়ে না। স্যামসাংও জানিয়েছে, পর্দায় তীব্র ক্ষারযুক্ত কেমিক্যাল ব্যবহার না করতে।

আরেকটি কথা ইদানীং মাঝেমধ্যেই শোনা যাচ্ছে। অনেকে বাইরে থেকে আসার পর হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান–পানি দিয়ে স্মার্টফোন পরিষ্কার করে থাকেন। এতে স্পিকারসহ ফোনের যে অংশগুলোতে সরাসরি তরল প্রবেশ করতে পারে, সেগুলোর ক্ষতি হচ্ছে। হয়তো কথা আস্তে শোনা যাচ্ছে কিংবা স্পর্শকাতর পর্দা ঠিকমতো কাজ করছে না। এ ধরনের ঝামেলা এড়াতে করণীয় দুটি।

প্রথমটি হলো যতটা সম্ভব জীবাণুর সংস্পর্শ বাঁচিয়ে চলা। সেটা ব্যবহারকারীর জন্য যেমন প্রযোজ্য, তাঁর স্মার্টফোনের বেলাতেও মেনে চলা জরুরি। প্রয়োজনে জিপার ব্যাগে স্মার্টফোন নিয়ে চলতে পারেন। একান্ত প্রয়োজন না হলে বাইরে থাকার সময় স্মার্টফোন বের করা উচিত হবে না। আবার অনুশীলনের সময় ব্যবহারের জন্য স্মার্টফোনের পানিরোধী স্বচ্ছ মোড়ক পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় করণীয় হলো বাইরে থেকে ঘরে ফেরার পর জীবাণুনাশক ওয়াইপ বা অ্যালকোহল প্যাড ব্যবহার করে স্মার্টফোন পরিষ্কার করা। অ্যালকোহল প্যাড হাতের কাছে না পেলে নরম কাপড়ে জীবাণুনাশক স্প্রে করে সেটা ভালো করে চিপে পানি থাকলে ঝরিয়ে স্মার্টফোন মুছে নিতে পারেন।

এ জন্য যা করণীয়—

  • স্মার্টফোন বন্ধ করে মোড়ক থেকে বের করে নিন।

  • খুদে ধুলোকণা পরিষ্কারের জন্য শুকনা মাইক্রোফাইবার কাপড় দিয়ে প্রথমে স্মার্টফোন পরিষ্কার করুন।

  • এবার অ্যালকোহল প্যাড কিংবা কাপড়ে জীবাণুনাশক স্প্রে করে সেটা দিয়ে আলতো করে পুরো স্মার্টফোন মুছে ফেলুন। অ্যালকোহল প্যাড যদি বেশি ভেজা মনে হয়, তবে সেটাও চেপে পানি ঝরিয়ে নিতে হবে।

  • বাতাসে মিনিট পাঁচেকের জন্য রেখে দিন।

  • এরপর আবারও শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।

  • স্মার্টফোনে মোড়ক ব্যবহার করলে একই পদ্ধতিতে সেটিও পরিষ্কার করতে হবে।

সূত্র: সিএনবিসি, অ্যাপল ডটকম