স্মার্টফোনই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনকে সমস্যা সমাধানের সঙ্গী হিসেবে বেছে নেন অনেক তরুণ। ছবি: অধুনা
স্মার্টফোনকে সমস্যা সমাধানের সঙ্গী হিসেবে বেছে নেন অনেক তরুণ। ছবি: অধুনা

ছোটবেলা থেকে বইয়ের পোকা আবির বসাক। রবীন্দ্রনাথের গল্পের বই হাতে কত বেলা যে পার করেছেন তার ইয়ত্তা নেই। এখন পড়ছেন মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েনের ছোটগল্প। তবে কাগজের বইয়ে নয়, নিজের স্মার্টফোনে। বিশ্বখ্যাত লেখকের গল্প নিয়ে রয়েছে নানা রকম অ্যাপ্লিকেশন। সে রকমই একটা অ্যাপে মার্ক টোয়েনের গল্প পড়ছিলেন তিনি। শুধু পড়াই নয়, তিনি তাঁর লেখালেখির কাজটাও সারেন হাতের স্মার্টফোনে। আবির বসাক বলেন, ‘লেখালেখির জন্য সব সময় তো ডায়েরি বা খাতা সঙ্গে রাখা যায় না। আমি সে কাজটুকুও সারি স্মার্টফোনে।’ টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আবিরের মতো হালের তরুণেরা রোজকার নানা কাজে নির্ভর করেন স্মার্টফোনের ওপর।

তরুণদের এ নির্ভরতা শুধু অবসরে গান শোনা, ইউটিউবে ভিডিও দেখা বা পিডিএফ ভার্সনে গল্পের বই পড়ার জন্যই নয়। তাঁরা যেমন নতুন জায়গায় গন্তব্য খুঁজে পেতে ‘গুগল ম্যাপস’ ব্যবহার করেন, তেমনি গেম খেলা, ছবি তোলা, ছবি সম্পাদনা, বিভিন্ন অনলাইন কোর্সসহ রান্নার রেসিপিও শেখেন এসব অ্যাপ ব্যবহার করে। আর এসব কাজে প্রধান হাতিয়ার তাঁর হাতে থাকা স্মার্টফোনটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত ইসলাম যেমন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু স্মার্টফোনে সেরে নেন। তিনি বলেন, ‘ক্লাস পরীক্ষায় সব সময় ল্যাপটপ সঙ্গে নেওয়া হয় না, তখন পড়ার জন্য স্মার্টফোনে স্লাইড সঙ্গে করে নিয়ে যাই। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত সেগুলোয় চোখ বুলিয়ে নিই।’

এমন আরও হাজারো কাজেই তরুণের চোখ স্মার্টফোনে আটকে থাকে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রী প্রমিতা ভৌমিক, নটর ডেম কলেজের আফলাতুন কায়সার এবং তরুণ পেশাজীবী দীন ইসলামের কথাই ধরুন। তাঁরা নতুন শব্দের অর্থ জানতে চট করে নিজের মুঠোফোনেই চোখ বুলিয়ে নেন। কারণ হাজারো শব্দের অর্থ জানা যায় এমন অভিধান এখন থাকে হাতের মুঠোয়। শুধু শব্দ জানার জন্যই নয়, তাঁরা নিয়মিত খবর পড়ার জন্য ব্যবহার করেন দৈনিক পত্রিকার অ্যাপ। আর ফুরসত পেলেই চোখ বুলিয়ে নেন পত্রিকার হালনাগাদ খবরে। আরেক তরুণ পেশাজীবী আবদুল্লাহ আল মেজবাহ অফিসের টুকিটাকি কাজের জন্য ভরসা করেন স্মার্টফোনে।

অনেকে আবার নিজের কাজের মূল্যায়ন করতেও ব্যবহার করেন স্মার্টফোন। যেমন বরিশালের প্রমা চন্দ এবং ঢাকার আনিকা তাসনিম। তাঁরা দুজনই গান করেন। মহড়ার সময় নিজেই গান রেকর্ড করেন তা আবার শ্রোতা হয়ে তিনি শোনেন। প্রমা বলেন, ‘এতে আমার গানের মান ভালো হয়। গাওয়ার সময় সমস্যাগুলো নিজেই খুঁজে পাই, পরে তা সারিয়ে নিই।’

এই তরুণদের সঙ্গে কথা বলে জানা গেল, স্মার্টফোন মানে শুধুই ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে দিনরাত বুঁদ হয়ে থাকা নয়; বরং এই তরুণেরা দরকারি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের নিত্যকার কাজগুলো সারেন অনায়াসে।