স্মার্টফোনের আনস্মার্ট ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল স্মার্টফোনের অ্যানালগ ব্যবহারের কিছু উপায় খুঁজে বের করেছেন সোহাইল রহমান, এঁকেছেন শিখা

ইস্তিরির বিকল্প

কিছুক্ষণ চালালেই আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায়? চার্জে দিয়ে কথা বললে গরম হয় আরও বেশি? তাহলে আরও গরম হতে দিন। চার্জে লাগিয়ে একটানা গেমস খেলতে থাকুন। মারাত্মক গরম হয়ে যাক সেটা। তারপর ফোনটার উল্টো পিঠ দিয়ে ধুয়ে রাখা কাপড়গুলো ইস্তিরি করে ফেলুন ঝটপট। এ ছাড়া কাঁধে, কোমরে বা হাঁটুতে ব্যথা হলে গরম স্মার্টফোনটি দিয়ে সেঁকও দিতে পারেন।

আত্মরক্ষার হাতিয়ার

গভীর রাত, সুনসান রাস্তা। একা কোথাও যাচ্ছেন আপনি। এমন সময় পথে আপনাকে ছিনতাইকারী ধরল। কিন্তু আপনার কাছে নেই আত্মরক্ষার কোনো হাতিয়ার। ভয় পাবেন না; নিজেকে শান্ত রাখুন। পকেট থেকে বিশাল সাইজের স্মার্টফোনটি বের করুন। এবার ফোনের উল্টো পাশ দিয়ে গায়ের সর্বশক্তি এক করে ছিনতাইকারীর মাথায় প্রচণ্ড আঘাত করুন। আশা করা যায়, এক আঘাতেই ছিনতাইকারী ধরাশায়ী হয়ে যাবে। এ ছাড়া আপনার বিশাল ফোনটার উল্টো পাশ দিয়ে টেবিল টেনিসও খেলতে পারেন চাইলে।

দড়ির বিকল্প

দুনিয়ার সবচেয়ে প্যাঁচালো জিনিস হলো স্মার্টফোনের ইয়ারফোন। ফেলে রাখলে এই জিনিস প্যাঁচাবেই। এর প্যাঁচ খুলতে নষ্ট হয় মূল্যবান সময়। তাই বাসা থেকে বের হওয়ার সময় ইয়ারফোন দিয়ে বই-খাতা বা যেকোনো বহনযোগ্য বস্তু বেঁধে নিন। স্মার্টফোনের চার্জার কেব্‌লও একই কাজে লাগাতে পারেন। এ ছাড়া আপনি গ্রামে থাকলে চার্জার দিয়ে গরু, ছাগল বা হাঁস-মুরগিও বেঁধে রাখতে পারেন। আর মশারি টাঙানোর জন্য দড়ি না পেলে ইয়ারফোনের মতো ভালো বিকল্প তো হতেই পারে না।

জ্যামিতিক উপকরণ

ছবি আঁকার সময়, বিশেষ করে জ্যামিতিক চিত্র আঁকার সময় রুলার লাগেই। কিন্তু খেয়াল করে দেখবেন, প্রয়োজনের সময় রুলারগুলো আত্মগোপন করে। চিন্তা কী? সরলরেখার জটিল সমাধান দেবে আপনার স্মার্টফোন। ঝটপট আপনার ছয় ইঞ্চি দৈর্ঘ্যের স্মার্টফোনটি বের করুন; খাতার ওপর বসিয়ে টেনে ফেলুন চমৎকার একটি সরলরেখা।