স্মৃতি আর স্বপ্নের বন্ধুসভা
২০০১ সাল। সময়টা এমনই হবে হয়তো—বেশ কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর ওপারের মানুষগুলো পানিবন্দী হয়ে আছে। ঘরে খাবার নেই, বাড়ির ছেলেরা কাজে যেতে পারছে না, চাষের জমি পানির নিচে। মাত্র বন্ধুসভার বন্ধু হয়েছি। মিটিংয়ে সিদ্ধান্ত হলো আমরা সবাই ত্রাণ সংগ্রহ করে যাব ওই অসহায় পড়িবারগুলোকে যতটা সম্ভব সহায়তা করার জন্য। নিজের বাসা, বন্ধুদের বাসা, পরিচিত সবার কাছ থেকে শুরু হলো ত্রাণ সংগ্রহের কাজ। চাল, টাকা, কাপড়চোপড় যে যেভাবে পারল সাহায্য করল। কেমন একটা উৎসব-উৎসব ভাব কাজ করছিল। কলেজপড়ুয়া আমার তখনো ধারণা নেই কোথায় যাচ্ছি, কী দেখব, কেমন লাগবে? এল সেই দিন, যেদিন আমরা ত্রাণ দিতে যাব। তিনটা বড় নৌকায় করে আমরা প্রায় ১৫-২০ জন বন্ধু রওনা দিলাম নদীর ওপারে ত্রাণ নিয়ে। গিয়ে দেখি অসহায় মানুষগুলো বসে আছে একমুঠো চাল নেওয়ার জন্য। বাচ্চাগুলো কাদায় গড়াগড়ি খাচ্ছে। হাঁটু পরিমাণ পানি-কাদা ঠেলে বাড়িগুলোতে চাল-ডাল, কাপড় দিয়ে এলাম। আর প্রতিজ্ঞা করলাম যত দিন বাঁচব বন্ধুসভা ছাড়ব না। কী যে অদ্ভুত শান্তি এই মানুষের পাশে দাঁড়ানোয়। সেই তখন থেকে বন্ধুসভা আমার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল। কখনো নিজেদের জন্য, কখনো অন্যদের জন্য, সর্বোপরি দেশের জন্য ছোট ছোট কাজ চলতে থাকল। চোখে স্বপ্ন, এই ছোট কাজগুলোই তো বদলে দেবে একসময় গোটা বাংলাদেশের চেহারা। বন্ধুসভার রাজবাড়ি কমিটির হয়ে তখন আমার কাজ করা।
২০০৫ সাল, ঢাকা বন্ধুসভার সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ শুরু করলাম। ইউনিভার্সিটি-পড়ুয়া আমি তখন মহা আনন্দে ঢাকা ও ঢাকার বাইরের বন্ধুদের নিয়ে কাজ করছি। জীবনের তাগিদে মাঝে বেশ কয়েক বছরের ছন্দপতনে জীবন থেকে অনেক কিছু গেছে-এসেছে। যে অল্প কটা বিষয় তার আগের জায়গায় থেকে গেছে, তার মধ্যে অন্যতম বন্ধুসভা। প্রাণের তাগিদে আবার বন্ধুসভার কাছে ফিরে আসা। এবার সুযোগ হলো জাতীয় কমিটিতে কাজ করার। শিক্ষা-বিষয়ক সম্পাদক হিসেবে কাজ শুরু করলাম। এত দিন পরে ফিরে এসেছি, কিন্তু ছোট-বড়, নতুন-পুরোনো কোনো বন্ধুর কোনো আন্তরিকতার এতটুকু কমতি দেখিনি। বন্ধুতার টানে এতটুকু ঘাটতি পাইনি। সেই একই ভালোবাসার টান, স্নেহ আবার আপন করে নিল আমাকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার এই রাস্তায় যেতে হবে অনেক দূরে। করতে হবে অনেক কাজ। আর সেটা করতে চাই বন্ধুসভার হাত ধরে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে এখানে বন্ধুদের সঙ্গে কাজ করলে।