স্মৃতি থেকে ‘জাগরণের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ের গণসংগীত ও দেশের গান সংগ্রহ করার নেশা ছিল আমার ভাই উদীচীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াহিদ খানের। গানের কথা সংগ্রহের পাশাপাশি টেপরেকর্ডারে সেসব গানের সুরও ধারণ করে রাখতেন তিনি। ১৯৯২ সালে তাঁর অকাল মৃত্যুর পর থেমে যায় সে প্রক্রিয়া। গত শতকের শেষ দিকে আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে গণসংগীত সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করি। শৈশবে ঢাকা ও খুলনায় থাকার সময় যে কথা ও সুরে গান করেছি, রাজশাহীতে দেখি তা গাওয়া হচ্ছে অন্যভাবে। সেই থেকে গানগুলো সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণের সিদ্ধান্ত নিই। ভাইয়ের পুরোনো ডায়েরি ও টেপ থেকে পেয়ে যাই অনেক গান। পাশাপাশি কাজের ফাঁকে দেশে-বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। এভাবেও সংগ্রহ হয় অনেক গান। শুরুতে আমার স্ত্রী ফারাহ্ দীনাকে সঙ্গে নিয়ে বাছাই করি তিন শতাধিক গান। সেখান থেকে ১০১টি গান নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা হয়। এর মধ্যে বেশির ভাগ গানের কোনো ক্যাসেট কিংবা সিডিও তখন ছিল না। আর গানগুলো জানেন মাত্র কয়েকজন ব্যক্তি। সেসব গানকে অগ্রাধিকার দেওয়া হয়। শুরুতেই ছিল শিল্পী নির্বাচন ও প্রশিক্ষণের প্রশ্ন। তখন এই কাজের সঙ্গে যুক্ত হলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম। দীর্ঘদিন তিনি এসব গানের সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি সানন্দে প্রশিক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নেন।গানগুলোর সংগীত পরিচালনার জন্য খোঁজা হচ্ছিল এমন কাউকে, গণসংগীতের সঙ্গে যাঁর যোগাযোগ ঘনিষ্ঠ। অবশেষে এনামুল হক ওমর ভাইয়ের সহযোগিতায় যোগাযোগ হয় কলকাতার সংগীত পরিচালক অমিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি উৎসাহের সঙ্গে রাজি হলেন। কলকাতা থেকে ফিরে এসে ২০০৮ সালের মে মাসে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানটি দিয়ে শুরু হলো মহড়া। উদীয়মান শিল্পীরা হলেন জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের সহযোদ্ধা। নিউ বেইলি রোডে আমাদের বাসায় চলল মহড়া। লক্ষ্য ১৬ ডিসেম্বর সংকলনটি প্রকাশকরা। জুলাই মাসে কলকাতার জেএমডি স্টুডিওতে প্রথম রেকর্ড করা হয় ৩০টি গান। সব কটিই সমবেত কণ্ঠে গাওয়া। এরপর নভেম্বর মাসে আরও ৩০টি গান। কিন্তু দেশের জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যায় সংকলন প্রকাশের সময়। এবার একক কণ্ঠের গানে যুক্ত করা হয় সুপরিচিত বেশ কয়েকজন শিল্পীকে। কিছু গান মূল শিল্পীকে দিয়েও গাওয়ানো হয়। দুটি গানের সংগীত পরিচালনা করেছেন মইনুল ইসলাম খান। আর একটি গানের আলাউদ্দিন আলী। সংকলনটিতে রয়েছে রবীন্দ্রনাথের গানও। সেসব গানে প্রশিক্ষণ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং মিতা হক। এ প্রক্রিয়ায় আর্থিকভাবে সহযোগিতা করে স্টেপ মিডিয়া লিমিটেড। একসময় সংকলনটির প্রকাশ ও প্রচারের প্রশ্ন সামনে চলে আসে। তখন এর সঙ্গে যুক্ত হয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।সিদ্ধান্ত হয়, ২০০৯ সালের ১২ ডিসেম্বরে প্রকাশ করা হবে সংকলনটি। সেভাবেই চলে চূড়ান্ত প্রস্তুতি। কাজটি শতভাগ সফল করার জন্য এই প্রক্রিয়ার সঙ্গে সহযোগী হিসেবে অংশ নেয় প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। আর এভাবেই শেষ হয় জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রথম সংকলন জাগরণের গান শীর্ষক ৭১টি গণসংগীতের সিডি অ্যালবাম প্রকাশনার এবং ধারাবাহিকভাবে শুরু হয় জাগরণের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশাল কর্মযজ্ঞ। আর এই ধারাবাহিকতায় আমরা জাগরণের গানের দ্বিতীয় অ্যালবামটি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জাগরণ ও বাংলা বশীকর এ প্রচেষ্টা প্রজন্ম থেকে প্রজন্মে দেশাত্মবোধ ও অধিকার আদায়ে সাহসী করে তুলবে।প্রথম ও দ্বিতীয় সংকলনে বাংলালিংকের সহযোগিতা না থাকলে তা আলোর মুখ দেখত না। দিনবদলের অনুপ্রেরণা থেকে যেভাবে তারা এগিয়ে এসেছে এবং সম্পৃক্ত থেকেছে, তার কোনো তুলনা নেই। ব্যাপক প্রচার ও প্রচারণার মাধ্যমে বাংলালিংক দেশের মানুষকে জাগরণের গানের আলোয় উদ্দীপ্ত করতে সমর্থ হয়েছে। তারুণ্যের প্রাণে আরেকবার জেগে উঠুক বিজয়ের চেতনা—স্লোগানকে সামনে রেখেই চলছে আমাদের অবিরাম পথ চলা।প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিওর সহযোগিতা জাগরণের এই উদ্যোগকে করেছে সাফল্যমণ্ডিত।